ফিরে আসব স্থায়ীভাবে: আকরাম খান
যুক্তরাজ্যে নাচের জগতে আকরাম খান ড্যান্স কোম্পানি একটি অন্য রকম স্থান অধিকার করে আছে। আকরাম খান জন্মেছেন যুক্তরাজ্যে বসবাসরত একটি বাংলাদেশি পরিবারে, ছোটবেলায়ই শিখেছেন অতিপ্রাচীন ধ্রুপদী নৃত্য। ২০০০ সালে নিজস্ব কোম্পানি খোলার আগেই নব্বইয়ের দশকে তিনি বিখ্যাত হয়ে ওঠেন। ২০০৭ সালে সেরা কোরিওগ্রাফির জন্য সম্মানসূচক অস্ট্রেলিয়ার হেল্পম্যান পুরস্কার পান। নৃত্যশিল্পে বিশেষ অবদানের জন্য তিনি ভূষিত হয়েছেন এমবিই সম্মানে। ডক্টরেট অব আর্টস গ্রহণ করেছেন রোহ্যাম্পটন ও ডি মন্টফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। ২৮ নভেম্বর ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে কাউন্সিল আয়োজিত রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে চার মাসব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন আকরাম খান। সেখানেই কথা হয় তাঁর সঙ্গে। আপনি কি বাংলাদেশে নাচ করেছেন?আকরাম: আমি ছোটবেলা থেকেই লন্ডনে বড় হয়েছি। সেখানেই মায়ের কাছে আমার নাচ শেখা। তিন বছর বয়স থেকে লোকনৃত্য, কৃষকনৃত্য, রবীন্দ্রনৃত্য শিখেছি। সাত বছর বয়সে আমি কত্থক নাচ করি। কিন্তু বাংলাদেশে ওভাবে আমার নাচ করা হয়নি। ২০০০ ও ২০০৪ সালে আমি বাংলাদেশে নাচের অনুষ্ঠান করি। যুক্তরাজ্যে বাংলাদেশের সংস্কৃতিচর্চা কেমন চলছে?আকরাম: অনেক কাজ হচ্ছে সেখানে। তবে আমি আসলে ওভাবে জড়িত নই। আমি কখনো আঞ্চলিক দৃষ্টিকোণ থেকে আমার কর্মকাণ্ড পরিচালিত করি না। আমার চিন্তা বিশ্বব্যাপী। আমি পুরো বিশ্ব নিয়েই ভাবি। সবখানেই ছড়িয়ে দিতে চাই আমার সৃষ্টি। তবে আমার মা এবং তাঁদের প্রজন্ম ব্রিটেনে বাংলাদেশের সংস্কৃতি নিয়ে বেশ কাজ করছেন। বাংলাদেশের নাচ, গান, কবিতা ও চিত্রকর্ম পুরো ব্রিটেনেই বেশ নাম করছে। আর এটা ঘটেছে কিন্তু চর্চা হচ্ছে বলেই।পাশ্চাত্য ও আমাদের সংস্কৃতির মধ্যে মিলন কেমন ঘটছে?আকরাম: দুই সংস্কৃতির মধ্যে কিন্তু বেশ মিল আছে। সব দেশেই সব সংস্কৃতিতে লোকনাচ আছে—বিয়ের নাচ আছে, উৎসবের নাচও আছে। এগুলো একেক জায়গায় একেক রকম। স্থান-কালভেদে প্রকাশের মধ্যেও কিছুটা বৈচিত্র্য থাকে। ভাষাটা ভিন্ন কিন্তু প্রকাশটা শেকড়কেন্দ্রিক, মাটিকেন্দ্রিক। আমাদের দেশে বাংলাদেশকে যদি আমি বলি ফুলের দেশ, তবে পশ্চিমাদের বলতে হবে গাছের দেশ। সেদিক থেকে ফুলের মধ্যে যে বৃত্তাকার বিষয় আছে, এখানকার নাচেও রয়েছে তার প্রভাব। অন্যদিকে পশ্চিমারা গাছের মতো, খুঁটির মতো নাচে। দুই ধরনের নাচ যুক্ত করেও অনেক নাচের জন্ম হয়েছে। সব দিকেই দুই সংস্কৃতির মধ্যে মিল আছে, মিলনও ঘটেছে। বাংলাদেশে এবার কী উদ্দেশ্যে এলেন?আকরাম: আমি মূলত বাংলাদেশে একটি গবেষণার কাজে এসেছি। আগামী বছর লন্ডনে আমার নাচ ও নাটকের একক প্রযোজনা দেশ মুক্তি পাবে। ‘দেশ’ কি বাংলাদেশ নিয়ে?আকরাম: অবশ্যই। এখানে মোট ছয়টি চরিত্র থাকবে। আমার মা এর মধ্যে একটি। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে বুকে-পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’ স্লোগান লিখে যে সাহসী তরুণটি প্রাণ দিয়েছিল, সেই নূর হোসেন আমাকে বেশ অনুপ্রাণিত করেছে। তাকে নিয়েও একটি চরিত্র থাকছে। দেশ নিয়ে কাজ করার জন্য আমার সঙ্গে বাংলাদেশে এসেছেন বিভিন্ন বিভাগে বিশ্বখ্যাত ১০ শিল্পী। এঁদের মধ্যে একজন টিম উইপ যিনি ভিজুয়াল ডিজাইনার হিসেবে অস্কার জিতেছেন। জোসলিন পুক ব্রিকলেন চলচ্চিত্রে সংগীত পরিচালনা করেছেন। বাকি সবাই নিজের কাজে সেরা। দেখেন বাংলাদেশের মানুষ কিন্তু ভীষণ রকম সৃজনশীল। আমি এবার বুড়িগঙ্গার তীরে গেলাম। সেখানে দেখলাম হাত দিয়ে লঞ্চ তৈরি করছে অনেকে। আর পশ্চিমারা কী করে? ওরা সব যন্ত্র দিয়ে বানায়। অথচ এখানে কতটা প্রতিভা, সৃজনশীলতা এবং শ্রম দেওয়ার মানসিকতা থাকলে কেবল হাত দিয়েই লঞ্চ বানিয়ে ফেলা সম্ভব? বাংলাদেশের নৃত্য নিয়ে আপনার মন্তব্য কী?আকরাম: এখানে কিন্তু ভালো নৃত্যশিল্পী আছে। কিন্তু সমস্যাও আছে। আমার দেখা শিবলী, নীপা ও মুনমুন কিন্তু অনেক ভালো নাচে। তাদের নাচ কিন্তু বেশ উঁচুমানের। তবে আমি যখনই আসি তখনই কেবল এঁদের কথা শুনি। কেন? কেন তা হবে? আর কেউ উঠে আসবে না কেন? যে দেশ লালন, রবীন্দ্রনাথের; যেখানে প্রকৃতি হচ্ছে কবিতার মতো, শিল্পের মতো, সেখানে শিল্পীর তো অভাব হওয়ার কথা নয়। তাহলে কেন নতুনরা আসছে না? আমাদের স্বকীয়তা কেন আমরা তুলে ধরতে পারি না? আমি বাংলাদেশের নাচ নিয়ে এখানকার শিল্পীদের সঙ্গে কথা বলতে চাই। আমি মনে করি, এখানে নাচ নিয়েও রাজনীতি চলছে। শুধু এই কারণে এখনো বাংলাদেশে নাচ নিয়ে আমার কিছু করা হয়নি। সামনে বিজয় দিবস। বাংলাদেশের মুক্তিযুদ্ধ আপনাকে কতটা তাড়িত করে?আকরাম: নানাভাবে বলা যায় এ কথা। যদি বলি একটুও না, তাও মিথ্যে হবে না। কারণ আমি সে সময় ছিলাম না। তবে আমার মা ছিলেন। যেখানে বঙ্গবন্ধু কথা বলেছেন, সেই পার্কে আমার মা ছিলেন। তিনি তাই গর্ব করেন। আমার চাচা মুক্তিযোদ্ধা ছিলেন। আমাদের পরিবারের সঙ্গে এই বিষয়টা জড়িয়ে রয়েছে। যেহেতু আমার মা, আমার পরিবার মুক্তিযুদ্ধের একটি অঙ্গ, সেহেতু আমিও এর একটি অঙ্গ হয়ে পড়েছি। একটা বিষয় কি জানেন, দেশের জন্য, ভাষার জন্য মানুষ প্রাণ দিয়েছে এমন কয়টি দেশ? এই দেশের সন্তান ভেবে ভালোলাগা বোধ কাজ করতে বাধ্য। আর তাই তো আমিও একদিন বাংলাদেশে আসব। ফিরে আসব স্থায়ীভাবে।