ফিরে আসুন, বুলবুল আহমেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সাবিনা ইয়াসমীন মানুষের দোয়ায় সুস্থ হয়ে ফিরে এসেছেন। তিনি আরও অনেক দিন বেঁচে থাকুন। আমার জন্যও দেশবাসী যদি একটু দোয়া করে, তাহলে হয়তো আমিও ভালো হয়ে যেতাম।’ সোমবার রাতে স্ত্রী ডেইজী আহমেদের কাছে কথাগুলো বলেছিলেন বুলবুল আহমেদ। স্বামীর সেই কথাগুলো এভাবেই জানালেন তিনি। বললেন, ‘মানুষটা কষ্ট পাচ্ছে। শরীরটা একেবারে ভেঙে গেছে। কী হবে আমরা কেউ জানি না।’ আর কিছু বলতে পারেননি ডেইজী আহমেদ।আশঙ্কাজনক অবস্থায় বুলবুল আহমেদকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে। মেয়ে ঐন্দ্রিলা আহমেদ জানান, তিনি ভাইকে দ্রুত অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে আসার জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন। জানালেন, ‘ভাইয়ার স্ত্রী কিছুদিন আগেই সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ছোট ছোট দুটো বাচ্চা রেখে কীভাবে যে ভাইয়া আসবেন, জানি না।’বাংলার দেবদাস খ্যাত চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেতা বুলবুল আহমেদ এখন মৃত্যুর সঙ্গে লড়ছেন। জানা গেছে, হঠাত্ করেই দুই দিন আগে তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। তারপর ফুসফুসে পানি আসায় তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। অবস্থার তেমন উন্নতি না হওয়ায় অন্য আরেকটি হাসপাতালে তাঁকে স্থানান্তর করা হয়।এখন তার কী অবস্থা? এমন প্রশ্নের উত্তরে স্ত্রী ডেইজী আহমেদ বললেন, ‘ভালো-মন্দ সবই আসলে ওপরওয়ালার হাতে। চিকিত্সকেরা তাঁকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছেন। বাকিটা এখন ভাগ্যের ব্যাপার।’বুলবুল আহমেদ সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসুন, এটা সবার প্রত্যাশা।