ফিরে এল ভূতনাথ

‘তাঁর বয়স ৭১ পেরিয়েছে, কিন্তু এনার্জি লেভেল এখনো ২২ বছরের তরুণের মতো’। অমিতাভ বচ্চন প্রসঙ্গে কথা বলতে গিয়ে এমন তথ্যই জানান সময়ের জনপ্রিয় র্যাপার ইয়ো ইয়ো হানি সিং। ছবিতে ‘পার্টি উইথ দ্য ভূতনাথ’ নামে একটি র্যাপ সংয়ে র্যাপার হানি সিংয়ের সঙ্গে নেচেছেন অমিতাভ।
ভূতনাথ রিটার্নস-এ থাকছে একাধিক চমক। অমিতাভ বলে কথা। তাই শুটিংয়ে তাঁকে ঘিরে এশিয়ার সবচেয়ে বড় বস্তি ‘ধারাভি’তে মানুষের উপচে পড়া ভিড় হবে—এ আশঙ্কায় ছবির প্রয়োজনে তৈরি করা হয় তেমনি একটি বস্তি! তবে এর আগে ধারাভিতে বচ্চনের মতো দেখতে একজনকে দিয়ে শুটিংয়ের কাজ করা হয় তিন দিন। ব্যাপারটি এত সতর্কতায় করা হয়েছে, ছবি দেখার সময় নাকি তা টেরই পাবে না দর্শক, বলেছেন নামকরা প্রডাকশন ডিজাইনার ওয়াসিক খান।
‘ম্যায় ভূত হু’ এমন ডায়ালগ বলে ২০০৮-এর ছবি ভূতনাথ-এর পিচ্চি বঙ্কুকে ভয় দেখানোর চেষ্টা করেছিলেন বলিউড শাহানশাহ অমিতাভ বচ্চন। পরে ওই পিচ্চির সঙ্গে ভূতনাথের দারুণ বন্ধুত্ব গড়ে ওঠে। এবার আবারও একই ডায়ালগ বলে ভয় দেখাতে আসছেন অমিতাভ। তবে এবার পিচ্চিটা গেছে পাল্টে। গত ছবিতে একটি বাড়ি পারিবারিক সম্পর্ক ছিল মূল বিষয়। আর ভারতের আসন্ন নির্বাচন সামনে রেখে এবার ছবির কাহিনি এগিয়েছে নির্বাচনী প্রচারণা নিয়ে।
ছবির প্রোমোতে যে পিচ্চির সঙ্গে অমিতাভের বন্ধুত্ব দেখা যাচ্ছে, তাকে আগের ছবির পিচ্চির চেয়েও এক কাঠি বেশি দুষ্টু মনে হচ্ছে। ‘আখরোট’ নামের এ চরিত্রে অভিনয় করেছে পার্থ ভালেরাও। মারাঠি এই শিশুশিল্পীর ছবি কিলা সম্প্রতি বার্লিন চলচ্চিত্র উৎসবে ক্রিস্টাল বিয়ার পুরস্কার পায়। আখরোট চরিত্রে তাকে মানাচ্ছেও ভালো। অমিতাভের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছে পার্থ। ভূতনাথ ছবিতে বঙ্কু চরিত্রে অভিনয় করা শিশুশিল্পী আমান সিদ্দিকী এ ছবিতে নেই। এ প্রসঙ্গে প্রশ্ন করায় অমিতাভের উত্তর ছিল ‘বঙ্কু তো এখন বড় হয়ে গেছে। এখন আমার চেয়েও হয়তো বেশি লম্বা সে। আমাদের দরকার ছিল ছোট্ট এক শিশু।’ আর নতুন শিশুশিল্পী পার্থের কথা বলতে গিয়ে অমিতাভ বলেছেন, ‘সে তো দারুণ অভিনেতা। আমাকে ভালোই চ্যালেঞ্জ দিয়েছে। ছবিতে সে-ই হিরো, আমি জিরো।’
ছবিতে অভিনয় করেছেন এ সময়ের প্রতিভাবান পরিচালক অনুরাগ কাশ্যপ! আছেন ভার্সেটাইল অভিনেতা বোমান ইরানি, জাতীয় পুরস্কার পাওয়া অভিনেত্রী উষা যাদব। এখানেই শেষ নয়। চমক হিসেবে থাকছেন এ সময়ের ক্রেজ রণবীর কাপুর। জানা গেছে, অতিথি চরিত্রে নিজের নাম ভূমিকাতেই থাকবেন তিনি। আর ভূতনাথ রিটার্নসকে আরও ওজনদার করতে আগের ছবির মতো এবারও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ভূতনাথ রিটার্নস নিয়ে তিনিও খুব আশাবাদী।
ভূত হয়েই নির্বাচনের প্রতিযোগিতায় অংশ নিয়ে স্থানীয় দুর্নীতিবাজ রাজনীতিবিদকে (বোমান ইরানি) শায়েস্তা করবেন অমিতাভ। বি আর ফিল্মস ও টি সিরিজের ভূষণ কুমার যৌথভাবে প্রযোজনা করেছেন ছবিটি। পরিচালনায় আছেন তরুণ পরিচালক নিতেশ তিওয়ারি। ১১ এপ্রিল মুক্তি পাবে ছবিটি। তাই প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন অমিতাভ ও শিশুশিল্পী পার্থ।
আহমেদ শরীফ
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া, গ্ল্যামশ্যাম ডট কম, বলিউড লাইফ ডট কম ও ইন্ডিয়ান এক্সপ্রেস ডট কম