
শিল্পী এস এম সুলতান ফিরে এলেন। প্রয়াত হওয়ার দীর্ঘ ১৯ বছর পর দেশের চারুকলা আন্দোলনের এই অগ্রণী শিল্পীর একক শিল্পকর্ম প্রদর্শনী শুরু হলো গতকাল ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে। যে বছর তিনি ইহলোক ছেড়ে যান, ১৯৯৪ সালে, সেবারই তাঁর শেষ একক প্রদর্শনী হয়েছিল গ্যালারি টোন’-এ। তারপর বিভিন্ন যৌথ প্রদর্শনীতে তাঁর একটি-দুটি কাজ কখনো কখনো প্রদর্শিত হলেও একক প্রদর্শনী আর হয়নি। এই প্রদর্শনী আরও তাৎপর্যপূর্ণ এ কারণে যে, এই কাজগুলো আগে আর কোথাও প্রদর্শিত হয়নি। এই শিল্পকর্মগুলো ছিল সুলতানের বন্ধু অধ্যাপক আবুল কাশেম জোয়ারদারের সংগ্রহে। অনেকটা আকস্মিকভাবেই পাওয়া ৮৬টি কাজ নিয়ে ‘অদেখা সুষমা’ নামের এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সে কারণে উদ্বোধনী দিনে সুলতানের অদেখা কাজ দেখতে গ্যালারিতে ছিল প্রবীণ-নবীন শিল্পী ও কলারসিক দর্শকদের উপচে পড়া ভিড়।
সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাংসদ আসাদুজ্জামান নূর, সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, আনন্দপাঠের সভাপতি আনোয়ারুল আলম, শিল্প-সংগ্রাহক রোকেয়া কাদের ও শিল্প সমালোচক মঈনুদ্দীন খালেদ। সুলতানের বন্ধু ৯৬ বছর বয়সী অধ্যাপক আবুল কাশেম জোয়ারদারও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তবে তাঁর লিখিত বক্তব্য পাঠ করেন আমিনুল হক। স্বাগত বক্তব্য দেন বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী।
আলোচকেরা বলেন, সুলতানের এতগুলো অদেখা কাজের এই প্রদর্শনী দেশের শিল্পকলার ইতিহাসে একটি স্মরণীয় ঘটনা। এই শিল্পকর্মগুলো পাওয়ার ঘটনাকে তাঁরা সোনার খনি পাওয়া মতো বলেও মন্তব্য করেন।
আবুল কাশেম জোয়ারদার গত শতকের পঞ্চাশের দশকে যশোরের মাইকেল মধুসূদন দত্ত কলেজের শিক্ষক ছিলেন। তখন থেকেই সুলতানের সঙ্গে তাঁর গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। সুলতানের মৃত্যু পর্যন্ত তা অটুট ছিল। এই বন্ধুত্বের সুবাদে সুলতান অনেক শিল্পকর্মই তাঁকে উপহার দিয়েছিলেন। এর মধ্যে ছিল একটি অঙ্কনের খাতা। এই খাতায় ১৯৫১-৫২ সময়ে চারকোলের অঙ্কন ও জলরঙের কাজ করেছিলেন সুলতান। সেখান থেকে ৮৬টি কাজ নিয়ে এই প্রদর্শনী করা হয়েছে।
প্রদর্শনীর ছবিগুলোতে আছে কৃষক, বাউল, কলস নিয়ে পানি আনতে যাওয়া এবং নানা ধরনের গৃহকর্মে রত নারী, গরু-ছাগল, ফুল, লতাপাতা, প্রকৃতি—এসব। সুলতান তাঁর বলিষ্ঠ রেখায় অবয়বগুলো ফুটিয়ে তুলেছেন। প্রদর্শনী চলবে আগামী ১১ অক্টোবর দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত।