ফিরে এসো তিন্নি

আলোচিত মডেল ও অভিনয়শিল্পী তিন্নির ফেসবুক অ্যাকাউন্টের ছবি ও সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে ব্যথিত হয়েছেন তাঁর দীর্ঘদিনের বন্ধু, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও কাছের মানুষরা। তাঁরা কেউই তাঁদের এই প্রিয় মানুষটির বর্তমান অবস্থাটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। সবার একটাই চাওয়া—ফিরে আসুন তিন্নি। সবকিছু ছাপিয়ে আবারও অভিনয় নিয়ে ব্যস্ত হয়ে উঠুন। তাঁর যে অসাধারণ অভিনয় ক্ষমতা, তা দিয়ে যেন আবারও সবার মন জয় করে নেন তিনি। ঘনিষ্ঠজনেরা আকুতি জানিয়ে বলেছেন, ফিরে এসো তিন্নি।
নাট্যনির্মাতা দীপঙ্কর দীপন তাঁর ফেসবুক অ্যাকাউন্টে তিন্নিকে নিয়ে লিখেছেন, ‘দিনাজপুরের সেতাবগঞ্জ এলাকায় ‘‘রুপার মুদ্রা’’ টেলিছবির শুটিং করছিলাম। টেলিছবিটিতে মানসিক ভারসাম্যহীন রেবু চরিত্রে অভিনয় করেন তিন্নি। টেলিছবিটির একটি দৃশ্য ছিল এমন—প্রচণ্ড ঠান্ডার এক রাতে স্টেশনের পাথরের বেঞ্চে এসে শুয়ে আছে তিন্নি। ভোরের ট্রেনে শহরে চলে যাবে। শুটিংয়ের সময় খুব ঠান্ডাও ছিল। সেই ঠান্ডায় পাথরের বেঞ্চে শুয়ে অনেকক্ষণ শট দেওয়ার পরে তিন্নি আমাকে বলেছিল, রেবু চরিত্রটি থেকে সে বের হতে পারছে না। রেবুর কষ্ট তিন্নিকেও খুব কষ্ট দিচ্ছিল।’
দীপন আরও লিখেছেন, ‘কাজটির জন্য তিন্নিসহ সবাই কষ্ট করেছে। যাতায়াতের ব্যবস্থা ভালো না থাকায় যাতায়াতেও কষ্ট হয়েছিল। তবুও মজা করতে করতে কাজ করে ফিরেছি। বাজেটের চেয়ে অনেক বেশি খরচ হয়ে গিয়েছিল। নাটকটি সম্পাদনা শেষ করার পর মিউজিক করতে দিয়েছিলাম আমার বন্ধু টিপুকে (ইবরার টিপু)। টিপু টেলিছবিটি দেখে বলেছিল, এই নাটক শুধু কি-বোর্ড দিয়ে হবে না, সারেঙ্গি, বেহালা, বাঁশি লাগবে। বাজেট তো ছিলই না, আমার হাতে টাকাও ছিল না। ডাবিং করতে এসে তিন্নি শুনেছিল সেসব। তিন্নি তখন তার নাটকের সম্মানী থেকে কিছু টাকা আমাকে দিয়ে অনুরোধ করেছিল আমি যেন কোনো কারণেই এই কাজে আপস না করি।’

দীপন এও বলেন, ‘সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে তিন্নির সম্পর্কে অনেক কথা পড়লাম, বর্তমান অবস্থা, কেন এই অবস্থা, কীভাবে সে পরিচালক-প্রযোজকদের আস্থা হারিয়েছে। সবই সত্যি। কিন্তু অভিনয়শিল্পী তিন্নির আরও কিছু অধ্যায় আছে, যেগুলোতে আঁকা আছে তিন্নির বিশাল মনের ছবি। একজন অসাধারণ সংবেদনশীল অভিনেত্রীর কথা। প্রোডাকশন বয়দের ভালোবেসে কাছে টেনে নেওয়ার গল্প। বিভিন্ন চরিত্র ধারণ করে তা সূক্ষ্মভাবে ফুটিয়ে তোলার ক্ষমতা। হইহুল্লোড় করে পুরো শুটিং ইউনিটকে মাতিয়ে রাখার গুণ। এই অধ্যায়গুলোকেই সামনে নিয়ে তিন্নি আবার ফিরে আসুক। আমরা-আমি অপেক্ষায় আছি তিন্নির; এক অসাধারণ অভিনেত্রীর, অসাধারণ মানুষের।’

অভিনয়শিল্পী শারমীন জোহা শশী লিখেছেন, ‘আমরা অপেক্ষায় আছি।’
নির্মাতা ও অভিনয়শিল্পী শাহেদ আলী সুজন লিখেছেন, ‘আমারও তিন্নির সঙ্গে অনেক ভালো কিছু অভিজ্ঞতা আছে।’
অভিনয়শিল্পী ইরেশ যাকের একরকম আক্ষেপের সুরে লিখেছেন, ‘তিন্নি অসম্ভব মেধাবী একজন অভিনয়শিল্পী। কিন্তু আমার কখনোই তাঁর সঙ্গে অভিনয় করার সুযোগ হলো না।’
জেনি লিখেছেন, ‘দিদি, আমরা এখনো তোমাকে অনেক ভালোবাসি। অনেক বেশি মিস করি তোমাকে। প্লিজ, আবার ফিরে আসো দিদি।’

নির্মাতা দীপঙ্কর দীপনের মতো একই অভিজ্ঞতা শাহনেওয়াজ কাকলীরও। তাঁরও একটি নাটকে নাকি কোনো ধরনের সম্মানী না নিয়েই কাজটি করে দিয়েছিলেন তিন্নি। শাহনেওয়াজ কাকলী বলেন, ‘২০০৬ সালে আমি প্রথম নাটক নির্মাণ করি। নাম “সাং উলিপুর”। প্রথম কাজ, তাও আবার ছোট্ট একটি চরিত্র। তাও ছিল যৌনকর্মীর। তিন্নি কিন্তু তখন দারুণ জনপ্রিয় অভিনয়শিল্পী। অথচ আমার নাটকটিতে সে কোনো ধরনের সম্মানী ছাড়াই কাজ করেছিল। নানাভাবে তাকে আমি সম্মানী দেওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু কোনোভাবেই পারিনি। শুধু তা-ই নয়, “সাং উলিপুর” নাটকটিকে তিন্নি তার অভিনয়জীবনের অন্যতম সেরা কাজ হিসেবে বিভিন্ন সাক্ষাত্কারেও বলেছে। এরকম একজন প্রতিভাবান অভিনয়শিল্পী এবং ভালো মনের মানুষ তিন্নিকে প্রতিনিয়তই মিস করছি। যেখানেই থাকো তিন্নি ফিরো আসো আমাদের মাঝে।’
নাট্যনির্মাতা রেদওয়ান রনি বলেন, ‘অদ্ভুত একটা মেয়ে, অসাধারণ বন্ধু। তিন্নির জন্য সত্যিই খুব কষ্ট লাগে। ফিরে আসুক তিন্নি। শুভকামনা থাকল।’

চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘ছোটপর্দায় তিন্নি হচ্ছে আমার দেখা সবচেয়ে বড় অভিনয়শিল্পী। সবচেয়ে মেধাবী অভিনয়শিল্পী। আর তাই তো তিন্নিকে নিয়ে চলতি বছর দুটি নাটক নির্মাণ করে ফেরানোর চেষ্টা করেছিলাম। তিন্নি যদি নিজের ভালোটা একটু হলেও বুঝত, তাহলে সবচেয়ে ব্যস্ত অভিনয়শিল্পী হিসেবে তার নামটাই সবার আগে চলে আসত। অন্যদের মতো আমারও তিন্নির জন্য খুব খারাপ লাগে এই ভেবে যে, তিন্নি নিজের ভালোটা নিজে নিতে পারল না। তিন্নির মতো অভিনয়শিল্পী সত্যিই বিরল। আল্লাহ তিন্নির মঙ্গল করুন। আমি আগের তিন্নিকে অনেক মিস করি।’
এ ছাড়া রওনক হাসান লিখেছেন, ‘তিন্নি, বন্ধু আমার। ফিরে আয়।’ আর গৌতম কৈরি লিখেছেন, ‘তিন্নি আবার ফিরে আসুক। এক অসাধারণ অভিনেত্রীর ও অসাধারণ মানুষের ফিরে আসার অপেক্ষায় আছি আমি ও আমরা।’