সরকারি অনুদানে তৈরি হচ্ছে মুক্তিযুদ্ধের ছবি গেরিলা। নির্মাণ করছেন নাসির উদ্দীন ইউসুফ। তিনিও একজন মুক্তিযোদ্ধা। গেরিলাকে ঘিরেই এ আড্ডা।তাহলে কথা শুরু হোক। কথা হোক গেরিলা ছবিটি নিয়ে। ছবির পরিচালক আছেন সামনে, আছেন মূল চরিত্রের তিন অভিনেতা-অভিনেত্রী, আছেন প্রযোজক। একটি টেবিলের চারধারে বসেছেন সবাই।গেরিলা ছবিটি মুক্তিযুদ্ধের ছবি। সরকারি অনুদানে তৈরি হচ্ছে। নির্মাণ করছেন একজন মুক্তিযোদ্ধা। আমরা যে নাসির উদ্দীন ইউসুফকে চিনি মঞ্চনাটকের খ্যাতিমান নির্দেশক হিসেবে, কিংবা সাংস্কৃতিক আন্দোলনের একজন পুরোধা ব্যক্তি হিসেবে, তাঁর সবচেয়ে বড় পরিচয় তিনি একজন দুঃসাহসী মুক্তিযোদ্ধা। তিনিই ছবিটি তৈরি করেছেন। তাঁর সঙ্গে কথা বলার আগে আমরা বরং সর্দার চরিত্রে অভিনয় করা এটিএম শামসুজ্জামানের সঙ্গে একটু কথা বলে নিই। তিনি কিছু বলতে চাইছেন। এটিএম শামসুজ্জামান বললেন, ‘আমার অভিনয় করা সাড়ে তিন শো ছবির কোনো পরিচালককে আমি বলিনি যে আমাকে ছবিতে নিন। বাচ্চু ভাই একমাত্র পরিচালক, যাঁকে আমি বলেছি আমাকে নিতে হবে।’ এটিএম ভাই, ছবিটি নিয়ে কিছু বলুন।‘ছবিটা করতে গিয়ে আমি বাচ্চু ভাইয়ের কাছ থেকে খসড়া স্ক্রিপ্ট পেলাম। এরপর পুরো স্ক্রিপ্ট দেখার সুযোগ পেলাম। প্রতিটি শট তিনি রীতিমতো এঁকে রেখেছেন। আমি দুঃখের সঙ্গে বলব, আজকাল যাঁরা ছবি পরিচালনা করেন, তাঁরা সিকোয়েন্সটা ধরিয়ে দিয়ে চিত্রগ্রাহকের ওপর নির্ভর করেন। কিন্তু এত দিন পর আমি একজন পরিচালক পেলাম, যিনি ক্যামেরাম্যানের ওপর নির্ভরশীল নন, বরং ক্যামেরাম্যান তাঁর ওপর নির্ভরশীল। কথা বলার সময় আমার কপাল কুঁচকে যায়। বেশ কয়েকবার উঠে এসে এইভাবে আমার কপালটা সোজা করে দিলেন। এত দিনের অভ্যাস কী করে ছাড়ি! বাচ্চু ভাই বলছেন, “আমার এই সংলাপে কপাল কোঁচকানোর দরকার নাই। সময় ও কালকে ধরা, এটাই ছবির প্রধান বৈশিষ্ট্য।” আমার পাঞ্জাবিগুলো ছিল, যেগুলো একটু লম্বা। সে সময় নাকি এত লম্বা পাঞ্জাবি ছিল না। আমি নির্দ্বিধায় বললাম, আপনার লোকদের ডেকে এটা যতটুকু ছোট করার, করে নিন।’ছবিটির প্রযোজক এষা ইউসুফ বললেন, ‘প্রথম দিন থেকেই মূল চরিত্রগুলোতে যাঁরা অভিনয় করেছেন, তাঁরা আমাদের সঙ্গে ছিলেন। আমরা কিন্তু জয়া আপাকে জয়া বলে ডাকিনি, ডেকেছি বিলকিস আপা নামে; শতাব্দী প্রথম দিন থেকেই মেজর, এটিএম স্যারকে তসলিম সর্দার বলেই ডেকেছি আমরা। ফলে চরিত্রের সঙ্গে তাঁরা দ্রুত মিশে যেতে পেরেছেন। আমরা শুটিংয়ের চার মাস একসঙ্গে ছিলাম। প্রতিদিন দেখা হচ্ছে, কথা হচ্ছে। একাত্তরের আবহ তৈরি করার জন্য সে সময়ের মতো রেলগাড়ি তৈরি করতে হয়েছে। সে সময় ব্যবহূত হতো, এ রকম অস্ত্র জোগাড় করতে হয়েছে। পার্বতীপুর রেলস্টেশনে শত শত মানুষ। ছবির স্বার্থে পুরো স্টেশন মনুষ্যহীন করতে হয়েছে। আমরা চেষ্টা করেছি, যেন একাত্তরের ছোঁয়া থাকে ছবিটি জুড়ে।’ আমরা দেখতে পাচ্ছি জয়া আহসান, যিনি ছবির মূল চরিত্র বিলকিসের ভূমিকায় অভিনয় করেছেন, তিনি হাসছেন। বোঝা যাচ্ছে, এ মুহূর্তে তাঁর মনেও ছবিটি নিয়ে কিছু স্মৃতি এসে ভর করেছে। জয়া, আপনি ঝেড়ে কাশুন।‘শুটিং মানেই যুদ্ধ, আর মুক্তিযুদ্ধ নিয়ে ছবি করা মানে তো মহাযুদ্ধ! কাজ করতে করতে বুঝেছি, এ ছবিতে অভিনয় করতে হলে কতটা গভীরতার প্রয়োজন হয়। একাত্তরে যে ধরনের কাপড় পরা হতো, তা পরলেই তো হলো না; চোখে, চেহারায় সেই সময়ের অভিব্যক্তি আনা খুবই জরুরি। বাচ্চু ভাই আমাদের একাত্তর-সংশ্লিষ্ট বই পড়তে দিয়েছেন, চলচ্চিত্র দেখতে দিয়েছেন; নিজে বুঝিয়েছেন। আমার যেমন ভ্রু বাড়তে দিতে হয়েছে, প্লাগ করার সুযোগ ছিল না। আসলে অভিনয়ের সময় আমি নিজেকে পুরোপুরি বাচ্চু ভাইয়ের ওপর সমর্পণ করে দিয়েছিলাম।’শতাব্দী যোগ করলেন, ‘কী যে বকাবকি করেছেন বাচ্চু ভাই! ঠিক অভিনয়টা বের করে আনার চেষ্টা করেছেন। আমরা সারা জীবন পাকিস্তানিদের ‘পাকি’ বলে গাল দিয়েছি। অথচ ছবিতে আমি পাকিস্তানি মেজর! এ রকম একটি চরিত্রকে ভালোবাসা—খুব কষ্ট হয়েছে। আর্মি মানেই শৃঙ্খলার জীবন। ধোপদুরস্ত। দীর্ঘদিন প্রশিক্ষণের ফলে পেটানো শরীর। আমাকে সেই মেজর বানাতে কর্নেল সাজ্জাদ প্রশিক্ষণ দিয়েছেন মাস খানেক। একসময় দেখলাম, ওজন চার কেজি কমে গেছে। রিভলবার ঝুলে থাকত খাঁকি পোশাকের এক পাশে। সেদিকটা নেমে পড়তে চাইত। বেল্ট ধরে ঠিক করে নিতাম। সে এক অভিজ্ঞতা বটে!’জয়া বললেন, ‘চা খাওয়া নিয়ে একটা ঘটনা ঘটল। কাপ পছন্দ হচ্ছে না। এখনকার সিরামিকের কাপ আনা হয়েছিল। একাত্তরে সে রকম কাপ ছিল না। কাপ দেখানো হয়েছে কয়েক সেকেন্ড হয়তো বা। সেই সময়কার কাপ জোগাড় করা হলো। বাচ্চু ভাই নিজেই ফোন করে অ্যারেঞ্জ করলেন। এ জন্য একটা শিফট নষ্ট হলো। তবু আপস করা হয়নি।’আমরা এবার ছবির পরিচালক নাসির উদ্দীন ইউসুফের সঙ্গে কথা বলি। একটু আগেই এই টেবিলেই সবজি, ইলিশ ভাজা আর দেশি কই মাছ খেয়ে এ মুহূর্তে তিনি পরিতৃপ্ত। কিন্তু মুক্তিযুদ্ধের ছবি করতে গিয়ে যে বাধাগুলি পেয়েছেন, সেগুলো যে তাঁকে পোড়াচ্ছে, সেই ছাপ পড়েছে তাঁর চেহারায়। তিনি বললেন, ‘এ দেশে এপিক ধরনের ভালো চলচ্চিত্র নির্মাণের পরিবেশ, অবকাঠামো কিছুই নেই। ঢাকা শহরে যদি আমি ক্যামেরা ওপেন করি, তাহলে এটাকে কি সত্তরের দশকের ঢাকা মনে হবে? ‘আমরা তন্নতন্ন করে ঢাকায় একাত্তরের ঢাকাকে খুঁজেছি। পরে পানাম নগরকে আমাদের মতো করে পুরান ঢাকা বানিয়ে শুটিং করতে হয়েছে। ধানমন্ডি শুট করতে গিয়ে আমরা চলে গেছি সাভারে। সেখানে লাইটপোস্ট, রাস্তা বানিয়ে তারপর শুটিং করেছি। পাকিস্তান আমলের আদলে ট্রেন সাজাতে হয়েছে। ১৯ লাখ ২০ হাজার টাকা দেয় সরকার অনুদান। খরচ হয় অনেক বেশি। ছবিটি দেখলেই বোঝা যাবে, খরচ হয়েছে। কিছু করার নেই।’হতাশার কথা থাকুক বাচ্চু ভাই। ছবির কথা বলুন। ‘মেঘকে ভেদ করে যে সূর্যের আলোটা আসে পৃথিবীতে, সেই আলোতে ছবিটি তৈরি করেছি। চেয়েছি প্রকৃতির সেই জায়গাটা ধরব, তার মধ্যে চরিত্রগুলোকে ধরব, সেই আলোতেই পোশাক যতটা উজ্জ্বল মনে হয়, ততটুকুই উজ্জ্বল দেখাবে।’কেমন ঢাকার দেখা মিলবে ছবিতে?‘১৯৭১ সালে জীবনে অস্বাভাবিকতার মধ্যে একধরনের স্বাভাবিকতা বিরাজ করছিল। অফিস-আদালত হয়েছে, বিয়ে হয়েছে। রোজার সময় মানুষ রোজা রেখেছে। ঈদের মোনাজাতে দোয়াটা করেছে মুক্তিযোদ্ধাদের জন্য। ‘কিন্তু কিছু দৃঢ়প্রতিজ্ঞ মানুষের দেশমুক্ত করার ব্রত ছিল। যাঁরা এখানে স্বাভাবিক জীবন যাপন করছিলেন, তাঁরা যদি স্বাভাবিক জীবন যাপন না করতেন, তাহলে শহরে অথবা জনপদে মুক্তিযোদ্ধাদের পক্ষে কোনো অপারেশন করা সম্ভব হতো না। ঢাকা শহরে যদি স্বাভাবিক একটা পরিবার না থাকে, তাহলে আমি লুকাব কোথায়?’ বাচ্চু ভাই, একটা সমস্যার কথা বলি। আপনি সরাসরি যুদ্ধের ময়দানে ছিলেন। আপনার পক্ষে কি নির্মোহ থেকে ছবি তৈরি করা সম্ভব? ‘চলচ্চিত্র নির্মাণে আধুনিক একটা কৌশল হচ্ছে নিজের গল্পটা সেলুলয়েডে অনুবাদ করে দেওয়া। ১৯৭১ নিয়ে সে রকম গল্প তো আমার অনেক আছে। প্রথমে ভেবেছিলাম, নিজের গল্পটাই বলব। কীভাবে যুদ্ধে গেছি, কী করেছি। কিন্তু দেখলাম, সেভাবে হয় না। তখন নিজেকে বাদ দিলাম। আমার বন্ধুদের, পাড়াপড়শিদের, ঢাকা শহরে বসবাসরত যে পরিবারগুলো ছিল, তাদের ভূমিকা নিয়ে কাজ করলাম। মুক্তিযোদ্ধা, হাবিবুল আলম (বীর প্রতীক), শাহাদত চৌধুরী, জুয়েল, বদি, রুমী, জাকিয়া আপা, আনজুম কুসুম, রেশমা আসমা, শাহীন আনাম, সুফিয়া কামাল, জাহানারা ইমাম—এ রকম কয়েকটি চরিত্র চলে এসেছে। এ রকম কয়েকটি চরিত্রের যোগে একটি চরিত্র তৈরি করেছি বিলকিস নামে। সৈয়দ শামসুল হকের নিষিদ্ধ লোবান-এ বিলকিস চরিত্রটি নেই। ওখানে গিয়ে আমাকে পৌঁছুতে হবে। ফলে আমাদের জার্নিটা শুরু হচ্ছে ঢাকা শহর থেকে। শতভাগ সত্য কাহিনি নিয়েই কাজ করেছি। মুক্তিযুদ্ধের কয়েকটি অপারেশনের কাহিনিকে কেন্দ্র করে ঢাকা শহরে পাকিস্তানি বাহিনির কিছু বর্বরতাকে ধরেছি। মুক্তিযোদ্ধাদের কাজগুলো সমন্বয় করছে একটি মেয়ে। মূলত তিনি ছিলেন জাকিয়া আপা, ছবিতে সেটা বিলকিস। এভাবেই ছবিতে আলতাফ মাহমুদ চলে আসেন। সত্যিকারের চরিত্রগুলোকে দাঁড় করাতে চলচ্চিত্রের দাবিতে একধরনের ফিকশনের আশ্রয় নিতে হয়েছে আমার। আগস্টের শেষ থেকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত আমার ছবির ব্যাপ্তি।‘একাত্তরে আমাদের দেশের মেয়েদের ভূমিকা কিন্তু উপন্যাস-গল্পে খুব পরিষ্কার নয়, চলচ্চিত্রে তো নয়ই। আমি বরং কাহিনিটা একটু বলি। ঢাকা শহরে মুক্তিযোদ্ধাদের অপারেশন। বিলকিস এই অপারেশনগুলোর সমন্বয় করত। একসময় আলতাফ মাহমুদ, সামাদ ধরা পড়ে। ২৯-৩০ আগস্টের সেই ট্র্যাজেডি এনেছি ছবিতে। পাকিস্তানি সেনাদের উপস্থিতিতে কীভাবে মুক্তিযোদ্ধারা অপারেশন করেছে, তা ধরার চেষ্টা করেছি। সাধারণ মানুষ কী করে স্বাভাবিক জীবনবযাত্রা অব্যাহত রেখেছে, তা ধরার চেষ্টা করেছি। রাজাকারদের ভূমিকা তুলে এনেছি। বিলকিসের স্বামী মার্চ থেকেই নিরুদ্দেশ; শাশুড়িকে নিয়ে থাকে; ব্যাংকে চাকরি করে। একসময় সে ট্রেনে করে ঢাকা ছেড়ে গ্রামের পথে রওনা দেয়। ট্রেনে যাওয়ার সময় ফ্ল্যাশব্যাকে বিলকিস তার শৈশব, কৈশোর, বিয়ের পর স্বামীর সঙ্গে প্রথম ট্রেনে ভ্রমণের দৃশ্য দেখতে পায়। এখানে পাকিস্তানি বাহিনীর নিয়ন্ত্রিত ট্রেন ও স্টেশন আমরা দেখতে পাব। সাধারণ মানুষ ও বিলকিসের সংগ্রামটা দেখতে পাব। বিলকিসের ভাই মুক্তিযোদ্ধা কমান্ডারকে দেখতে পাব। ওকে ধরে নিয়ে হত্যা করে বাজারে ফেলে রাখতে দেখব। এই জায়গাগুলো থেকেই আমরা ঢুকে পড়েছি নিষিদ্ধ লোবান-এর গল্পে। উপন্যাস আর ছবিটি একভাবে শেষ হচ্ছে না। আমি তাদের মুক্তিযোদ্ধা হিসেবেই দেখেছি। ধরা পড়লেও আত্মসমর্পণ করবে না।’ গেরিলা ছবির সঙ্গে যুক্ত মানুষগুলো তখন স্বপ্নের ভেলায় ভাসছেন। ছবিটির ক্যামেরায় আছেন ভারতের সমীরণ দত্ত। শব্দ প্রক্ষেপণে বিনোদ সুব্রামানিয়াম, সংগীত ও পোশাকে শিমূল ইউসুফ, অনিমেষ আইচ ছিলেন শিল্পনির্দেশনায়। নাজমুল হুদা প্রধান সহকারী পরিচালক। ছবির সম্পাদক সামীর আহমেদ। ছবিটি ডিসেম্বর নাগাদ মুক্তি পেতে পারে।