ফিরেছেন রাভিনা ট্যান্ডন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতি রাতে ঘুমুতে যাওয়ার আগে কিংবা সকালে ঘুম থেকে উঠে রাভিনার একটাই নেশা—টুইটারে চোখ বুলানো। ভক্তদের বার্তা, বিভিন্ন রকমের মন্তব্য রাভিনার মনকে নাকি নতুন করে উজ্জীবিত করে তোলে। দীর্ঘদিন গ্ল্যামারজগতের আলোর ঝলকানি থেকে দূরে ছিলেন রাভিনা। এবার বচ্চনরাই জোর করে তাঁকে আবারও ক্যামেরার সামনে দাঁড় করিয়েছেন। বুডঢা হোগা তেরা বাপ ছবিতে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছেন রাভিনা। ছবির প্রধান চরিত্রে বিগ বি অমিতাভ; তেমন কোনো নায়িকাও নেই। তাই ছবির বিক্রিবাট্টা বাড়ানোর জন্য পরিচালক ও সংগীতপরিচালক শেষ মুহূর্তে চন্ডীগড় দি ইস্টার নামে একটি ড্যান্স নম্বর ঢুকিয়ে দিয়েছেন। পত্রপত্রিকায় অবশ্য এ নিয়ে বিস্তর আলোচনা হয়ে গেছে—আইটেম গানে ফিরে এসেছেন রাভিনা। তবে রাভিনা স্বয়ং জোর প্রতিবাদ করে বলেন, ‘আমি তো সারা গায়ে কাপড় পরে গানটির শুটিং করেছি। এখনকার আইটেম গার্লদের গায়ে তো কাপড়ই দেখি না।’ রসিকতায় এখনো সবাইকে ছাড়িয়ে মিসেস ট্যান্ডন। তিনি বলেন, ‘বাচ্চারা একটু বড় হওয়ার পর থেকেই ভাবছি আবারও অভিনয় করব। তবে আমার কাছে কেন জানি ভৌতিক ছবির প্রস্তাব বেশি এসেছে। আরে বাবা, সবাই কি ভাবল যে আমি মরে গিয়ে ভূত হয়ে আবার অভিনয় করতে এসেছি? সমপ্রতি রাগিণী এমএমএস ছবিটির ট্রায়াল শোও গল্প-গুজব করে কাটিয়েছি। ছবি দেখিনি। আরে বাবা, বোঝেন না কেন, ভূতে আমার চরম ভয়!’সমসাময়িক শিল্পীদের অনেকের কাছেই এখনো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অধরা। কিন্তু রাভিনা ট্যান্ডন ১০ বছর আগে দামান ছবিতে অভিনয়ের জন্য এই লোভনীয় পুরস্কার ঘরে তুলেছেন। জনপ্রিয়তার মধ্যগগনে তাঁকে খুব একটা সুঅভিনেত্রীর সম্মান দিতেন না কেউই, তবে ‘র‌্যাভিশিং রাভিনা’ নাম নিয়ে গ্ল্যামারাস চরিত্রগুলো ঠিকই রাভিনার কাছেই আগে যেত। যেমন—দিল তো পাগল হ্যায়, কুচ কুচ হোতা হ্যায়, ডর। শাহরুখের বিপরীতে এই তিন ছবির পাশাপাশি ইংলিশ বাবু দেশি মেম-ও ফিরিয়ে দিয়েছিলেন রাভিনা। হিসাবের অঙ্কে ভুল ছিল তাঁর। অথবা এভাবেও বলা যায়—খানদের সঙ্গে রাভিনার ভাগ্য বরাবরই খারাপ। ২০ বছর আগে অভিনয়জীবনের প্রথম ছবি পাথর কি ফুল-এ ব্যর্থ হয়েছিলেন সালমান খানের বিপরীতে। আমির খান-সালমান খানের সঙ্গে আন্দাজ আপনা আপনা এ সময় ডিভিডি সার্কিটে তুমুল আলোড়িত হলেও ১৯৯৪ সালে বক্স অফিসে ভরাডুবি হয়েছিল ছবিটির। আমিরের সঙ্গে পরম্পরা, শাহরুখের সঙ্গে জামানা দিওয়ানা, ইয়ে লামহে জুদাই কে—রাভিনার সব ছবিই ফ্লপ। তুলনায় অক্ষয় কুমার (মোহরা, খিলাড়িও কা খিলাড়ি), সানি দেওল (জিদ্দি, সালাখে), অজয় (দিলওয়ালে), গোবিন্দর (দুলহে রাজা, আন্টি নন্বর ১, আনাড়ি নম্বর ১, বড় মিয়া ছোট মিয়া) সঙ্গে এমনকি বিকল্প ধারার ছবিতেও (শূল, দামান, আকস, সাত্তা) প্রথম ইনিংসের শেষ দিকে সফল ছিলেন রাভিনা। একটা সময় অজয় দেবগনকে নিয়ে কারিশমার সঙ্গে নিয়মিত বাগিবতণ্ডায় জড়িয়ে যেতেন। সেই অজয় এখন কাজলের। রাভিনা-কারিশমাও সুখের সংসার গড়েছেন। তাই পুরোনো বিবাদ ভুলে কারিশমাকেই প্রিয় বন্ধুর তালিকায় স্থান দিয়েছেন। রাভিনা বলেন, ‘লোলো (কারিশমা) আর চিচি (গোবিন্দ) ইন্ডাস্ট্রিতে আমার দুজন প্রিয় বন্ধু। লোলোর সঙ্গে বন্ধুত্বটা বেশি, কারণ আমাদের দুজনের মেয়েই একই স্কুলে একই ক্লাসে পড়ছে। ওরা নিজেরাও পরস্পরের বেস্ট ফ্রেন্ড। বাচ্চাদের স্কুলে দিয়ে এসে লোলো ও আমি প্রায়ই আড্ডায় বসে যাই। পুরোনো দিনের কথা মনে করি। নিজেদের ঝগড়াঝাটি নিয়ে হাসাহাসি করি। ৪০ পার করা রাভিনা জানান, অ্যালার্ট (সঞ্জয় দত্ত) এবং জুম নামের দুটি ছবি তাঁর হাতে আছে। একটি বাংলা ছবিতেও কাজ করার ব্যাপারে কথাবার্তা চলছে। তবে সংসার বাদ দিয়ে অভিনয় করতে চান না রাভিনা। সবার আগে সংসার, তারপর অন্যকিছু। রাভিনা বলেন, ‘আমার ছেলেমেয়ে এখনো আমার কোনো ছবি দেখেনি। বুডঢা হোগা তেরা বাপ-এর কথা অবশ্য ওদের কানে যাচ্ছে। মনে হচ্ছে, এবার আমার নিজের ঘরে আমার অভিনেত্রী হিসেবে অভিষেক হতে যাচ্ছে।’  রুম্মান রশীদ খান সূত্র: ওয়েবসাইট