ফিরোজা বেগম যেন কাছেই ছিলেন

অনুষ্ঠানটিকে ‘ঘরোয়া’ বললে বেশি বলা হবে না। ছোট্ট পরিসরে আয়োজন। বাংলাদেশ নজরুলসংগীত শিল্পী পরিষদ প্রতি সপ্তাহে রাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডের একটি বাড়িতে আয়োজনটি করে থাকে। কিন্তু গতকালের আয়োজনটি নিয়মিত আয়োজনের অংশ হলেও ছিল ব্যতিক্রমী। এ দিন এই প্রয়াত কিংবদন্তি নজরুলসংগীতশিল্পী ফিরোজা বেগমকে স্মরণ করা হলো ভালোবাসায় সিক্ত হয়ে। পুরো অনুষ্ঠানে ফিরোজা বেগম যেন কাছেই ছিলেন। আয়োজনটির শিরোনাম ‘আমি চিরতরে দূরে চলে যাব...’।
মঞ্চ ছিল না, তবে শিল্পীরা যেখানটিতে বসেছিলেন, তার পেছনে কালো রঙের একটি ব্যানারে ছিল চিরচেনা স্মিত হাসির ফিরোজা বেগমের উপস্থিতি। গান করতে আসা শিল্পীরা বারবার স্মরণ করলেন তাঁকে। প্রিয় মানুষটি কারও কাছে ফিরোজা আপা, কারও কাছে ফিরোজা খালা। দর্শক সারিতে যাঁরা ছিলেন, তাঁদের বেশির ভাগই শিল্পী।
বৈঠকি ঢংয়ের অনুষ্ঠানে দর্শক-শিল্পী মুখোমুখি। সুজিত মোস্তফার ঘোষণার মধ্য দিয়ে শুরুতে এলেন ডালিয়া নওশীন, শোনালেন ‘গানগুলি মোর আহত পাখির’। তার আগে কিছুটা স্মৃতিচারণা। এ শিল্পীকেই অনুসরণ করলেন অন্যরাও। একটি গানের সঙ্গে কিছুটা স্মৃতিচারণা, কিছুটা মূল্যায়ন। দ্বিতীয় শিল্পী রেবেকা সুলতানা গাইলেন ‘গভীর নিশীথে ঘুম ভেঙ্গে যায়’। গাইলেন এ কে এম শাহাজান পাটোয়ারী, সুচরিতা রায়, শহীদ কবির, সেলিনা আফরোজ, আশীষ কুমার সরকার, আল্পনা রায়, ইয়াসমিন মুস্তারিসহ আরও অনেকে।