ফিরোজা বেগম স্বর্ণপদক নিলেন বন্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেজওয়ানা চৌধুরী বন্যাকে ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক পরিয়ে দিচ্ছেন আ আ ম স আরেফিন িসদ্দিক l ছবি: প্রথম আলো
রেজওয়ানা চৌধুরী বন্যাকে ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক পরিয়ে দিচ্ছেন আ আ ম স আরেফিন িসদ্দিক l ছবি: প্রথম আলো

‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’ লাভ করেছেন রবীন্দ্রসংগীত শিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারপারসন রেজওয়ানা চৌধুরী বন্যা। উপমহাদেশের স্বনামধন্য শিল্পী ফিরোজা বেগমের জন্মদিন আজ শুক্রবার। তাঁর স্মরণে এসিআই ফাউন্ডেশনের সহায়তায় গত বছর এ পদক প্রবর্তন করে ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড’।

গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল ফিরোজা বেগম স্বর্ণপদক ২০১৭ প্রদানের অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. কামাল উদ্দীনের সভাপতিত্বে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, ‘ফিরোজা বেগম শুধু নজরুলসংগীত নয়, তিনি আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করে গেছেন। ফিরোজা বেগম কবি নজরুল ইসলামের কাছ থেকে সরাসরি গানের তালিম নিয়েছিলেন।’ উপাচার্য ট্রাস্ট ফান্ডের দাতা এসিআই গ্রুপকে সংস্কৃতিতে অবদান রাখার জন্য ধন্যবাদ দেন।

পদক পাওয়ার প্রতিক্রিয়া জানাতে এসে বন্যা বলেন, ‘আমাকে স্বর্ণপদকের জন্য মনোনীত করায় জুরিবোর্ডের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাই। একজন শিল্পীর জন্য যেকোনো ধরনের পুরস্কার, স্বীকৃতি, সম্মান, সংবর্ধনা অনেক বড় পাওয়া। আজকের প্রাপ্তি বিশেষভাবে মর্যাদাপূর্ণ। কারণ যাঁর নামে এ পদক, ছোটবেলা থেকে আমি তাঁর গান শুনে বড় হয়েছি। নজরুলের গানকে তিনি সরলভাবে বাঙালির সামনে উপস্থাপন করেছেন।’

২০১৬ সালে সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় স্বর্ণপদক পাচ্ছেন ঢাবির সংগীত বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস। আগামী সমাবর্তনে তাঁকে অনষ্ঠানিকভাবে এ পদক দেওয়া হবে। অনুষ্ঠানের শেষে এই শিক্ষার্থী গেয়ে শোনান রবীন্দ্রসংগীত ‘কতবার ভেবেছিনু’ গানটি। বন্যা গেয়ে শোনান ‘আমার হিয়ার মাঝে’, ‘আনন্দধারা বহিছে ভুবনে’সহ কয়েকটি গান। অনুষ্ঠানের শুরুতে ফিরোজা বেগমের গাওয়া ‘আমি যার নূপুরের ছন্দ’ এবং বন্যার গাওয়া ‘নূপুর বেজে যায় রিনিঝিনি’ গানের সঙ্গে নাচ করেন ঢাবি নৃত্যকলা বিভাগের শিক্ষার্থীরা।

স্বাগত বক্তব্য দেন এসিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান এম আনিস-উদ-দৌলা। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন আবু মো. দেলোয়ার হোসেন, ধন্যবাদ জ্ঞাপন করেন সংগীত বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারপারসন টুম্পা সমাদ্দার।

সুধীন দাশ ও করুণাময় গোস্বামীকে স্মরণ করল ছায়ানট

সুধীন দাশ ও করুণাময় গোস্বামীকে নিয়ে গতকাল সন্ধ্যায় নিজস্ব মিলনায়তনে স্মরণানুষ্ঠানের আয়োজন করল ছায়ানট। ‘সমুখে শান্তি পারাবার’ সম্মেলক গান দিয়ে শুরু হয় অনুষ্ঠান। গানের মাঝে মাঝে চলে স্মৃতিচারণা।

সুধীন দাশকে নিয়ে শিল্পী খায়রুল আনাম শাকিল বলেন, ‘ছোটবেলায় সুধীনদার গান শুনেছি। যখন দু-একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি, তখন সাদা পাজামা-পাঞ্জাবি পরা সুধীনদাকে দেখতাম। ১৯৭৪ সালে বড়দের অনুষ্ঠানে বিটিভিতে অডিশন দিলাম। বড়দের সঙ্গে গান গাওয়ার সুযোগ এল। তখন সুধীনদা, মামা বেনু, সোহরাব ভাই ও অঞ্জলিদি আদি সুরে গাইতেন। তাঁদের কাছে গান শিখেছি। সুধীনদার নিজের একটি শিক্ষালয় ছিল “অগ্নিবীণা” নামে। আজ নজরুলসংগীতে যাঁরা প্রতিষ্ঠিত, তাঁরা সবাই সুধীন দাশের কাছে শিখেছেন।’

কালি ও কলম শিল্প ও সাহিত্যবিষয়ক পত্রিকার সম্পাদক আবুল হাসনাত বলেন, ‘করুণাময় গোস্বামী সংগীত নিয়ে প্রচুর গবেষণা করেছেন। ভারতীয় শাস্ত্রীয় সংগীত নিয়ে গবেষণা করেছিলেন তিনি। সেটার প্রমাণ মেলে তাঁর সংগীত কোষ-এ।

গান পরিবেশন করেন শিল্পী খায়রুল আনাম শাকিল, নাসিমা শাহীন, মহিউজ্জামান চৌধুরী ময়না ও তানিয়া মান্নান।