ফিল্ম কোম্পানির ম্যানেজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ফিল্ম কোম্পানির ম্যানেজার হয়ে আসছেন অভিনেতা শামস সুমন। আফসানা মিমির পরিচালনায় এটিএন বাংলার চলতি ধারাবাহিক ‘পৌষ ফাগুনের পালা’ নাটকের আগামী লটের শুটিংয়ে অংশ নিচ্ছেন তিনি। এবারের অংশ তৈরি হচ্ছে গত শতকের ষাটের দশকের সিনেমাশিল্প নিয়ে। আর এ অংশে শামস সুমনকে দেখা যাবে ফিল্মের ম্যানেজারের চরিত্রে অভিনয় করতে। এ ধরনের চরিত্রে অভিনয় প্রসঙ্গে শামস সুমন বলেন, ‘আমি এত দিন পর্যন্ত নাটকটি দেখে আসছিলাম। এর সার্বিক আয়োজন দেখে আমি বরাবরই মুগ্ধ হয়েছি। শেষে নাটকটিতে অভিনয় করতে যাচ্ছি জেনে ভালোও লাগছে।’সুমন আরও বলেন, ‘এখানে আমি ফিল্ম ম্যানেজারের ভূমিকায় অভিনয় করব। আমাকে অবশ্য অনেক প্রস্তুতিও নিতে হচ্ছে। আমার জানা মতে, এখন পর্যন্ত আমাদের টেলিভিশন নাটকে এ ধরনের সময়কে ধরে কোনো নাটক তৈরি হয়নি। তাই এটা নিয়ে বেশ খাটাখাটুনিও করতে হচ্ছে আমাকে। এজন্য অবশ্য আমি প্রবীণ অভিনেতা ফখরুল হাসান বৈরাগীর কাছ থেকেও প্রতিনিয়ত সহযোগিতা নিচ্ছি। এ ছাড়া আমি ওই সময়কার অফিস, কস্টিউম ও চলনবলন কেমন, তা আয়ত্ত করার চেষ্টা করছি। এজন্য আমি গজেন্দ্রকুমার মিত্রের উপন্যাসগুলোও পড়ছি। আসলে চরিত্রটিকে যথাযথভাবে ফুটিয়ে তোলার জন্য যা যা প্রযোজন, সবকিছুই করার চেষ্টা করছি। তা ছাড়া আমি যতটুকু জেনেছি, নাটকের এবারের অংশটুকুর জন্য মিমি ফিল্ম আর্কাইভ থেকেও সব ধরনের সহযোগিতা নিচ্ছেন। পৌষ ফাগুনের পালা নাটকের ৬০-এর দশকের সিনেমা অংশে আরও যোগ দেবেন তুষার খান ও নওশেবা। এ ছাড়া নাটকটিতে যাঁরা যারা অভিনয় করছেন, তাঁরাও থাকছেন।