ফিল্মফেয়ার পুরস্কার পেলেন রণবীর-বিদ্যা
৫৮তম ফিল্মফেয়ার পুরস্কারের আসরে ২০১২ সালের সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রণবীর কাপুর এবং বিদ্যা বালান। গত বছর মুক্তি পাওয়া ‘বারফি’ ছবির নাম ভূমিকায় অভিনয় করেছিলেন রণবীর। শ্রবণ ও বাক প্রতিবন্ধী চরিত্রে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। পুরস্কার হাতে পাওয়ার পর অভিনব উপায়ে তাঁর আবেগ প্রকাশ করেন রণবীর। মাইকে কোনো কথা না বলে ‘বারফি’ চরিত্রের মতো ইশারাতে মনের ভাব প্রকাশ করেন তিনি। এক খবরে এমনটিই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।‘কাহানি’ ছবিতে অন্তঃসত্ত্বা নারী চরিত্রে দারুণ অভিনয় করে বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছিলেন বিদ্যা বালান। এবারে তার আনুষ্ঠানিক স্বীকৃতি মিলল ফিল্মফেয়ার সেরা অভিনেত্রীর পুরস্কার হাতে পেয়ে। অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘এই পুরস্কার কাহানি ছবির সঙ্গে সংশ্লিষ্ট সবার। শৈশবে টিভিতে ফিল্মফেয়ার পুরস্কারের অনুষ্ঠানটি দেখার জন্য অধীর অপেক্ষায় থাকতাম। আর আজ সেই পুরস্কার হাতে নিয়ে দাঁড়িয়ে আছি আমি। এর চেয়ে বড় পাওয়া আর কী হতে পারে!’ রণবীর এবং বিদ্যার হাতে পুরস্কার তুলে দেন এক সময়ের পর্দা কাঁপানো বলিউডের অভিনেত্রী রেখা। পুরস্কার পাওয়ার পর তাঁরা দুজনই রেখার পা ছুঁয়ে আশীর্বাদ নেন। ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার বিভাগে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ইরফান খান। ‘পান সিং তোমার’ ছবিতে সু-অভিনয়ের স্বীকৃতি হিসেবে তাঁকে এ পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া ‘গ্যাঙ্গস অব ওয়াসিপুর’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান রিচা চাদ্দা।