ফিল্মফেয়ারে সেরা দীপিকা, ফারহান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিল্মফেয়ার ম্যাগাজিনের প্রচ্ছদে দীপিকা ও ফারহান
ফিল্মফেয়ার ম্যাগাজিনের প্রচ্ছদে দীপিকা ও ফারহান

হিন্দি চলচ্চিত্রের অস্কার হিসেবে বিবেচিত হয় ফিল্মফেয়ার পুরস্কার। সেই ১৯৫৬ সাল থেকে হিন্দি চলচ্চিত্র ও কলাকুশলীদের কাজের স্বীকৃতি দিতে ফিল্মফেয়ার পুরস্কার দেওয়া হচ্ছে। এ বছর ৫৯তম ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন ‘রাম-লীলা’ তারকা দীপিকা পাড়ুকোন এবং ‘ভাগ মিলখা ভাগ’ তারকা ফারহান আখতার। আর আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন বলিউডের প্রখ্যাত অভিনেত্রী তনুজা। সেরা ছবির স্বীকৃতি পেয়েছে ‘ভাগ মিলখা ভাগ’।

২০১৩ সালে ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘গোলিও কি রাসলীলা: রাম-লীলা’র মতো একের পর এক বক্স অফিসে ঝড় তোলা ছবি উপহার দিয়ে বলিউডের অন্যতম সফল অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেন দীপিকা। এবার তার স্বীকৃতি পেতে শুরু করেছেন তিনি। সঞ্জয় লীলা বানশালী পরিচালিত ‘রাম-লীলা’ ছবিতে লীলা চরিত্রে অভিনয়ের স্বীকৃতি হিসেবে এ বছর ফিল্মফেয়ারের মতো ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি। ২০০৮ সালে ‘ওম শান্তি ওম’ ছবির জন্য সেরা নবাগত অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পেলেও এবারই প্রথম সেরা অভিনেত্রীর পুরস্কার ঘরে তুললেন তিনি। 
অন্যদিকে, ‘ভাগ মিলখা ভাগ’ ছবির নাম ভূমিকায় অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে সেরা অভিনেতার পুরস্কার ঝুলিতে ভরেছেন নির্মাতা ও অভিনেতা ফারহান আখতার। একই ছবির জন্য সেরা চলচ্চিত্র পরিচালকের পুরস্কার অর্জন করেছেন রাকেশ ওমপ্রকাশ মেহরা। ‘দ্য লাঞ্চবক্স’ ছবির জন্য সেরা নবাগত চলচ্চিত্র পরিচালকের পুরস্কার দেওয়া হয়েছে রিতেশ বাত্রাকে। এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

সেরা নবাগত অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন যথাক্রমে ধানুস (রাঞ্ঝা) এবং বাণী কাপুর (শুদ্ধ দেশি রোমান্স)। সেরা পার্শ্ব অভিনেতা ও অভিনেত্রী বিভাগে পুরস্কৃত হয়েছেন যথাক্রমে নওয়াজউদ্দিন সিদ্দিকী (দ্য লাঞ্চবক্স) এবং সুপ্রিয়া পাঠক (রাম-লীলা)।

‘কাই পো চে’ ছবির জন্য সেরা চিত্রনাট্যকার হিসেবে পুরস্কৃত হয়েছেন চেতন ভগত, অভিষেক কাপুর, সুপ্রতীক সেন এবং পুবালি চৌধুরী।

সমালোচক পুরস্কার বিভাগে সেরা ছবি নির্বাচিত হয়েছে ‘দ্য লাঞ্চবক্স’। আর সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন যথাক্রমে রাজকুমার রাও (শহীদ) এবং শিল্পা শুক্লা (বিএ পাস)। শাহরুখ খান ও দীপিকা অভিনীত ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির অভাবনীয় সাফল্যের কারণে সনি ট্রেন্ডসেটার অব দ্য ইয়ার পুরস্কারে ভূষিত করা হয়েছে ছবিটিকে।

‘লুটেরা’ ছবির ‘সাওয়ার লু’ গানে কণ্ঠ দিয়ে সেরা প্লেব্যাক গায়িকার পুরস্কার পেয়েছেন মোনালি ঠাকুর। আর ‘আশিকি ২’ ছবির ‘তুম হি হো’ গানের জন্য সেরা প্লেব্যাক গায়ক হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার ঝুলিতে ভরেছেন অরিজিত্ সিং। একই ছবির জন্য সেরা সংগীত পরিচালকের পুরস্কার পেয়েছেন জিত গাঙ্গুলী, মিথুন ও অঙ্কিত তিওয়ারি। ‘ভাগ মিলখা ভাগ’ ছবির ‘জিন্দা’ গানের কথা লিখে সেরা গীতিকারের পুরস্কার অর্জন করেছেন প্রসূন যোশি। এ ছাড়া আর ডি বর্মণ পুরস্কারে ভূষিত হয়েছেন সিদ্ধার্থ মহাদেবান।