ফিল্মফেয়ারে সেরা বাংলা ছবি 'চাঁদের পাহাড়' আর অভিনয়শিল্পী ঋত্বিক ও কঙ্কণা
এবারই প্রথম বাংলা, অসমিয়া আর উড়িয়া ভাষার ছবির জন্য দেওয়া হলো ফিল্মফেয়ার পুরস্কার (পূর্ব)। বাংলা ছবির জন্য ২১টি বিভাগে দেওয়া হয় পুরস্কার। এবার সেরা ছবি হয়েছে চাঁদের পাহাড়, অভিনেতা ঋত্বিক চক্রবর্তী (শব্দ) আর অভিনেত্রী কঙ্কণা সেনশর্মা (গয়নার বাক্স)। আজীবন সম্মাননা পেয়েছেন জয়া বচ্চন।
‘ভিভেল ফিল্মফেয়ার পুরস্কার ২০১৩’ অনুষ্ঠান হয়ে গেল গত শনিবার সন্ধ্যায় কলকাতার সায়েন্স সিটি মিলনায়তনে। বাংলা, অসমিয়া আর উড়িয়া ভাষার ছবিকে পৃষ্ঠপোষকতা করার জন্য এই পুরস্কারের আয়োজন করে দ্য টাইমস গ্রুপ। এই পুরস্কার ঘিরে মিলনায়তনজুড়ে বাংলা, অসমিয়া আর উড়িয়া ভাষার ছবির জনপ্রিয় শিল্পী আর কলাকুশলীদের ভিড় জমে।
বাংলা ছবির বিভাগে সেরা পরিচালক হয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় (অলীক সুখ), সহ-অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত (মিসর রহস্য), সহ-অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জি (গয়নার বাক্স), সংগীত পরিচালক জিৎ গাঙ্গুলী (বস), গীতিকার অনিন্দ্য চ্যাটার্জি (‘রাত যায়’—অলীক সুখ), সংগীতশিল্পী অরিজিৎ সিং (‘মন মাঝি রে’—বস) ও অন্বেষা দত্ত গুপ্ত (‘সারা দিন আর সারা রাত’—রূপকথা নয়)।
উড়িয়া ও অসমিয়া ভাষার ছবির জন্য চারটি করে মোট আটটি বিভাগে পুরস্কার দেওয়া হয়।