ফিল্মফেয়ারে 'মিলখা'র জয়

তাঁকে বলা হতো ‘দ্য ফ্লাইং শিখ’। সেই মিলখা সিংয়ের জীবনের গল্প নিয়ে বানানো ছবি এবারের ফিল্মফেয়ারে সত্যিই উড়ল। সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেতার মতো তিনটি প্রধান বিভাগসহ মোট ছয়টি পুরস্কার জিতেছে ভাগ মিলখা ভাগ। এই ছবির জন্য সেরা পরিচালক হয়েছেন রাকেশ ওমপ্রকাশ মেহরা, সেরা অভিনেতা ফারহান আখতার। সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন দীপিকা পাড়ুকোন (রাম-লীলা)। এর আগে ওম শান্তি ওম-এ অভিনয় করে সেরা নবাগতার ফিল্মফেয়ার জিতেছিলেন দীপিকা।
পরশু শুক্রবার সন্ধ্যায় মুম্বাইয়ের যশ রাজ স্টুডিওতে জমকালো আয়োজনে হয়ে গেল ভারতের অস্কার নামে সুখ্যাত ফিল্মফেয়ারের ৫৯তম আসর। এবারের আসরটির উপস্থাপনা করেছেন রণবীর কাপুর ও প্রিয়াঙ্কা চোপড়া। বরাবরের মতোই নাচ-গান, হাসি-কান্নায় টইটম্বুর ছিল এবারের আয়োজনটি। এবারের অনুষ্ঠানের ভাবনা ছিল ‘ভবিষ্যতের বলিউড’। অনুষ্ঠানের শুরুতেই দেখা যায় সাংবাদিকের বেশে রণবীর ফিল্মফেয়ার অনুষ্ঠানে এসেছেন। আর এই আসরে অভিমান ভুলে আমির খান হাজির হয়েছেন আজীবন সম্মাননা নিতে।
এ আর রেহমান ও প্রীতমকে হারিয়ে এবার সেরা সুরকারের পুরস্কার জিতেছেন আশিকি টুর সুরকারত্রয়ী অঙ্কিত তিওয়ারি, মিথুন এবং জিৎ গাঙ্গুলি। সেরা গীতিকারের পুরস্কার জিতেছেন প্রসুন জোশি (ভাগ মিলখা ভাগ)। সেরা গায়ক অরজিৎ সি (তুম হি হো, আশিকি টু) এবং সেরা গায়িকা মোনালি ঠাকুর (সওয়ার লু, লুটেরা)। শংকর মহাদেবনের ছেলে সিদ্ধার্থ পেয়েছেন আরডি বর্মন (নবাগত সংগীতশিল্পী) পুরস্কার।
এবারের আজীবন সম্মাননা পেয়েছেন তনুজা। অমিতাভ বচ্চনের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি। এ সময় দর্শকসারি থেকে উচ্ছ্বাসে ফেটে পড়েন তনুজার দুই মেয়ে কাজল ও তানিশা।
তারকাবহুল এই অনুষ্ঠানে নেচেছেন সালমান খান, ক্যাটরিনা কাইফ, রণবীর সিং, শহীদ কাপুর ও মাধুরী দীক্ষিত।
পুরো অনুষ্ঠানটি আজ দেখা যাবে সনি টিভি চ্যানেলে। শুরু হবে রাত সাড়ে আটটায়। মুম্বাই মিরর।