
‘ওয়েস্টিং লাইট’, এই একটি গানের জন্য ২০১২ সালে পাঁচটি গ্র্যামি পুরস্কার পায় ফু ফাইটার্স। গানটি ছিল যুক্তরাষ্ট্রের এই রক ব্যান্ডের ওয়েস্টিং লাইট অ্যালবামে। এরপর একটু বিরতি। তখন ফু ফাইটার্সের অন্যতম সদস্য ডেভ গ্রোল এক সাক্ষাৎকারে তাঁদের আট নম্বর অ্যালবাম তৈরির পরিকল্পনার কথা জানান। তাঁর মতে, এটি এমন কিছু হবে, যা এখন পর্যন্ত কেউ করেনি।
হ্যাঁ, ডেভ গ্রোলের কথা অনেকটাই মিলে গেল। ফু ফাইটার্সের সদস্যরা নতুন অ্যালবামের কাজ শুরু করেন গত বছরের সেপ্টেম্বর মাসে। নির্দিষ্ট কোনো একটি স্টুডিওতে নয়, আটটি গানের রেকর্ডিং হয়েছে যুক্তরাষ্ট্রের আটটি শহরের আটটি ঐতিহাসিক স্টুডিওতে। শহরগুলো হলো অস্টিন, শিকাগো, লস অ্যাঞ্জেলেস, ন্যাশভিলে, নিউ অরলিন্স, নিউইয়র্ক, সিয়াটল ও ওয়াশিংটন ডিসি। এসব শহরের রকগানের প্রবাদপ্রতিম শিল্পীরা কাজ করেছেন স্টুডিওগুলোতে। প্রতিটি শহরে রয়েছে গান নিয়ে আলাদা ইতিহাস। এর প্রভাব পড়েছে প্রতিটি গানে। আর ফু ফাইটার্সের সদস্যদের পাশাপাশি গানগুলোতে অংশ নিয়েছেন ভিন্ন ভিন্ন শহরের স্বনামধন্য এবং গুণী শিল্পীরা। গান করার পাশাপাশি এই শিল্পীরা গান নিয়ে আড্ডা দিয়েছেন ফু ফাইটার্সের সদস্যদের সঙ্গে। পুরো ব্যাপারটি ভিডিওতে ধারণ করে এইচবিও। তৈরি হয় আট পর্বের একটি তথ্যচিত্র। এর প্রথমটি এইচবিওতে দেখানো হয় ১৭ অক্টোবর।
ফু ফাইটার্সের নতুন এই অ্যালবামের নাম সনিক হাইওয়েজ। অডিও অ্যালবাম আকারে তা বাজারে এসেছে গত ১০ নভেম্বর। এবারও এসেছে দারুণ সাফল্য। অ্যালবামের ‘সামথিং ফ্রম নাথিং’ গানটি বিলবোর্ড ম্যাগাজিনের রক এয়ারপ্লে, অলটারনেটিভ সংস ও মেইনস্ট্রিম রক সংস তালিকার শীর্ষে উঠে আসে।
ফু ফাইটার্সের শুরুটা হয়েছিল ১৯৯৪ সালে। এই ২০ বছরে ফু ফাইটার্স জিতেছে মোট ২০টি গ্র্যামি পুরস্কার। ফু ফাইটার্সের ডেভ গ্রোল একসময় ছিলেন গ্রাঞ্জ দল নির্ভানার ড্রামার। ১৯৯৪ সালে নির্ভানার গিটারিস্ট ও কণ্ঠশিল্পী কার্ট কোবেইনের আত্মহত্যার পর তিনি ফু ফাইটার্স নামে নতুন একটি ব্যান্ড গঠন করেন। শুরুতে তিনিই ছিলেন একমাত্র স্থায়ী সদস্য, আর অন্যরা ছিলেন অতিথি শিল্পী। এখন অবশ্য আর সেই পরিস্থিতি নেই। মাত্র ২০ বছরে তারা এগিয়ে গেছে অনেক দূর। ফু ফাইটার্স যে আরও এগিয়ে যাবে, তা আর বলার অপেক্ষা রাখে না।
মনোয়ারুল হক
বিলবোর্ড নিউজ, ফু ফাইটার্স, উইকিপিডিয়া অবলম্বনে