ফু ফাইটার্সের গ্র্যামি জয়
কিছুদিন আগে অনুষ্ঠিত হয়ে গেল ৫৪তম বার্ষিক গ্র্যামি অ্যাওয়ার্ডসের অনুষ্ঠান। এবার পাঁচটি বিভাগে গ্র্যামি অ্যাওয়ার্ড জয় করে রক ব্যান্ড ফু ফাইটার্স সাড়া ফেলেছে। আমেরিকার এই রক ব্যান্ডটি যাত্রা শুরু করেছিল ১৯৯৪ সালে। ব্যান্ডটির জন্ম হয় একসময়ের রক ব্যান্ড নির্ভানার ড্রামার ডেভ গ্রোলের মাধ্যমে। তিনি একাই ফু ফাইটার্স নিয়ে এগিয়ে যান। তিনি ছিলেন দলের স্থায়ী সদস্য, বেজিস্ট হিসেবে দলে যোগ দেন নেইট মেন্ডেল এবং ড্রামার হিসেবে আসেন উইলিয়াম গোল্ডস্মিথ। প্যাট স্মিয়ারকেও গিটারিস্ট হিসেবে নেওয়া হলো। কিছুদিন চলার পর গোল্ডস্মিথ আর স্মিয়ার ছেড়ে দিলেন দল। তাঁদের বদলে ড্রামার হিসেবে যোগ দিলেন টেইলর হকিন্স ও গিটারিস্ট ফ্রাঞ্জ স্টাল। স্টালও বেশি দিন থাকতে পারেননি। ১৯৯৯ সাল আসার আগেই তাঁকে দল থেকে বের করে দেওয়া হয়। এরপর কিছুদিন তিন সদস্যের ব্যান্ড হিসেবেই টিকে ছিল ফু ফাইটার্স। লিড গিটারিস্ট হিসেবে দলে যোগ দেন ক্রিস শিফলেট, সেটাও ১৯৯৯ সালে। এর পর থেকে দলটিকে আর সদস্য বদল করতে হয়নি। এখন পর্যন্ত তারা সাতটি অ্যালবাম বের করেছে। অ্যালবামগুলো হলো ফু ফাইটার্স (১৯৯৫), দ্য কালার অ্যান্ড দ্য শেপ (১৯৯৭), দেয়ার ইজ নাথিং লেফট টু ল্যুজ (১৯৯৯), ওয়ান বাই ওয়ান (২০০২), ইন ইয়োর অনার (২০০৫), ইকোস, সাইলেন্স, পেশেন্স অ্যান্ড গ্রেস (২০০৭), ওয়েস্টিং লাইট (২০১১)।অ্যালবামগুলোর বেশির ভাগই সফল। ২০০০ সালে তারা প্রথমবারের মতো গ্র্যামি অ্যাওয়ার্ড জয় করেছিল ‘লার্ন টু ফ্লাই’ মিউজিক ভিডিওর সুবাদে। ২০১২ সালে ৫৪তম গ্র্যামি অ্যাওয়ার্ডে যে পাঁচটি বিভাগে তারা জয়লাভ করেছে তা হলো: ১. সেরা রক অ্যালবাম (ওয়েস্টিং লাইট), সেরা রক গান ‘ওয়াক’, সেরা রক পারফরম্যান্স ‘ওয়াক’, সেরা হার্ড রক/মেটাল পারফরম্যান্স ‘হোয়াইট লিমো’, সেরা লং ফর্ম মিউজিক ভিডিও ‘ফু ফাইটার্স’, ‘ব্যাক অ্যান্ড ফোর্থ’। ফু ফাইটার্স অল্টারনেটিভ রক, পোস্ট গ্র্যাঞ্জ ও হার্ড রক ধারার গান করে। তাদের গান ‘নির্ভানার’-এর অকালপ্রয়াত কার্ট কোবেইনের দ্বারা অনেকটা প্রভাবিত। ফু ফাইটার্সের বর্তমান সদস্য: ডেভ গ্রোল (ভোকাল ও গিটার, ১৯৯৪ সালে থেকে)নেইট মেন্ডেল (বেইজ গিটার, ১৯৯৫ সাল থেকে)টেইলর হকিংস (ড্রামস ও ব্যাকিং ভোকালস, ১৯৯৭ সাল থেকে)ক্রিস শিফলেট (লিড গিটার ও ব্যাকিং ভোকালস, ১৯৯৯ সাল থেকে)প্যাট স্মিয়ার (লিড ও রিদম গিটার, ১৯৯৫-১৯৯৭, ২০০৬ থেকে বর্তমান)রক সংগীতপ্রেমীদের ফু ফাইটার্সের এই নতুন অ্যালবামটি অবশ্যই শোনা উচিত।