ফু ফাইটার্সের 'আট' নিয়ে রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফু ফাইটার্স ব্যান্ডের সদস্যরা
ফু ফাইটার্স ব্যান্ডের সদস্যরা

রক ব্যান্ড ফু ফাইটার্সের অষ্টম অ্যালবামে প্রাধান্য পাচ্ছে ‘আট’। অ্যালবামটির আটটি গান ফু ফাইটার্স রেকর্ড করেছে আটটি ভিন্ন শহরে। আর সেই সেশনগুলো নিয়ে এইচবিও তৈরি করছে সনিক হাইওয়েজ নামে আট পর্বের প্রামাণ্যচিত্র। এর প্রচার শুরু হচ্ছে ১৭ অক্টোবর। শুধু তাই নয়, ব্যান্ডটি তাদের ভক্তদের জন্য আয়োজন করেছে এক ‘অনলাইন স্ক্যাভেঞ্জার হান্ট’-এর। এখানে ভক্তদের একটি পাজলের আটটি খণ্ড খুঁজে বের করতে হয়েছে। সেই আটটি খণ্ড জোড়া দেওয়ার পর ইংরেজি আট অক্ষরের একটি ছবি তৈরি হচ্ছে। সম্ভবত এটিই হতে যাচ্ছে অ্যালবামটির প্রচ্ছদের ছবি।
সর্বশেষ চমক হিসেবে ৮ আগস্ট (৮/৮) ব্যান্ডটি অনলাইনে ছেড়েছে আট সেকেন্ডের একটি অডিও ক্লিপ। এতে ব্যান্ডের ভোকাল ডেভ গ্রলকে শোনা যাচ্ছে ‘অল রাইজ’ গাইতে। কার্ট কোবেইনের মৃত্যুর পর তাঁর ব্যান্ড নির্ভানা ভেঙে যায়। এরপর ১৯৯৪ সালে নির্ভানা ব্যান্ডের ড্রামার ডেভ গ্রল শুরু করেন ফু ফাইটার্স। শুরুতে এটি ছিল তাঁর একক প্রজেক্ট। পরে বেজিস্ট নেইট মেন্ডেল, ড্রামার উইলিয়াম গোল্ডস্মিথ ও গিটারিস্ট প্যাট স্মিয়ারকে নিয়ে শুরু হয় ফু ফাইটার্সের পথচলা।
এই ব্যান্ডের আগের সাতটি অ্যালবামের মধ্যে চারটিই সেরা রক অ্যালবামের জন্য গ্র্যামি জিতেছে।
গ্রাঞ্জ রক বা সিয়াটল রক ধারার ব্যান্ড হিসেবে যাত্রা শুরু করা ফু ফাইটার্স ব্যান্ড অবশ্য সব সময় অনুপ্রেরণা খুঁজেছে রকের বিভিন্ন ধারার মাঝে। তাদের পঞ্চম অ্যালবাম ইন ইয়োর অনার-এর একটা অংশ ছিল সম্পূর্ণ অ্যাকুস্টিক আর ২০০৫ সালে অ্যাকুস্টিক সফরও করে তারা। তবে এই মুহূর্তে ব্যান্ডটির ভক্তদের পুরো মনোযোগ কেন্দ্রীভূত সেই রহস্যময় অষ্টম অ্যালবাম নিয়ে।