

খেলাটা ৯০ মিনিটের। আর এই ৯০ মিনিট জুড়েই যেন মিশে আছে ড্রামা, সাসপেন্স, রোমান্স আর অ্যাকশনের গল্প। ফুটবলের সঙ্গে আসলেই কিন্তু অনেকটা মিল হলিউড ছবির। গড়পড়তা হলিউড ছবির ব্যাপ্তিকালও তো ওই ৯০ মিনিট। অবশ্য কিছু কিছু হলিউড ছবি ফুটবলের মতোই অতিরিক্ত সময়ে চলে যায়। কিন্তু বলিউড ছবির অবস্থা দেখুন। ফুলটাইম, এক্সট্রা টাইম পেরিয়ে পেনাল্টি শ্যুট শেষ হলেও বলিউড ছবির শেষ দৃশ্য আসবে না। এ জন্যই বুঝি বিটাউনের সঙ্গে দোস্তি হয় না ফুটবলের। ক্রিকেট নিয়ে বলিউডের যেখানে হালি হালি ছবি, সেখানে ফুটবল নিয়ে বলিউড কটা ছবি করেছে বলুন? যদিও ২২ গজের খেলায় ভারতের অবস্থান যতটা ওপরে, ঠিক ততটাই নিচে ১২০ গজের এই খেলায়। তাই বলে ছবি বানাতে কী দোষ? আর তাই তো বলিউড আর ফুটবলকে একই মোহনায় মেশাতে বেশ কয়েক বছর ধরেই কাজ করে যাচ্ছেন বলিউডের এক জনপ্রিয় অভিনেতা। অভিনয় করেছেন ফুটবল খেলা নিয়ে নির্মিত এক বলিউড ছবিতেও। এবারের বিশ্বকাপ ফুটবল নিয়ে ভারতে প্রচার-প্রচারণা করার ভার এবার চেপেছে তাঁর কাঁধেই। ফুটবল-পাগল এই বলিউড তারকার নাম জন এব্রাহাম ।
হ্যাঁ, জনের সঙ্গে ফুটবলের দোস্তি সেই শৈশব থেকেই। সেই সময় ছিলেন ম্যারাডোনার দারুণ ভক্ত। সেই ম্যারাডোনার খেলা দেখেই শিখেছেন ফুটবল। ফুটবলার হবেন এমন ইচ্ছেও জেগেছিল একসময়। সেই ইচ্ছের খানিকটা পূরণ হয় ২০০৭ সালের ধান ধানা ধান গোল ছবিতে। ফুটবল খেলা নিয়ে তৈরি এই বলিউড ছবিতে একজন ফুটবল খেলোয়াড় হয়েই মাঠ কাঁপিয়েছিলেন জন এব্রাহাম। তবে শৈশবের সেই ফুটবলের ভূত জনকে এক মুহূর্তের জন্যও ছাড়েনি। ফুটবলার হিসেবে তাই আবারও বড় পর্দায় আসছেন জন। আর এবারের ছবির নাম ১৯১১। ১৯১১ সালে ব্রিটিশদের বিরুদ্ধে ১১ জন বাঙালি ফুটবলারের এনে দেওয়া আইএফএ শিল্ড জয় নিয়েই ছবি তৈরি করতে চলেছেন পরিচালক সুজিত সরকার। বিদেশি দলের বিরুদ্ধে কোনো ভারতীয় ফুটবল দলের এটিই ছিল প্রথম জয়। শিল্ড ফাইনালে ইস্ট ইয়র্কশায়ারকে ২-১ গোলে হারিয়ে মোহনবাগান আইএফএ জয়ী প্রথম এশীয় দলের শিরোপা অর্জন করে সেইবার। মোহনবাগানকে জয় এনে দেওয়া অধিনায়ক শিবদাস ভাদুড়ির ভূমিকাতেই দেখা যাবে জন এব্রাহামকে। ছবিটির প্রযোজনাও করছেন জন।
তবে আজ রাত থেকেই জন নামছেন নতুন মিশনে। ভারতে ব্রাজিল বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেয়েছে সনি সিক্স চ্যানেল। ফুটবলের প্রতি এত ভালোবাসা আছে বলেই এই চ্যানেলটি জনকেই বানিয়েছে তাদের বিশ্বকাপদূত। জনের মিশন হলো ক্রিকেটপাগল ভারতীয়দের মধ্যে ফুটবল জ্বরের জোয়ার ছড়িয়ে দেওয়া। সেই সঙ্গে বিশ্বকাপ সামনে রেখে দুটি নতুন শো প্রচার করবে ভারতীয় এই টিভি চ্যানেল। ‘ক্যাফে রিও’ আর ‘ফুটবল এক্সট্রা’ নামের এই নতুন শো দুটিতেও অতিথি হিসেবে থাকছেন জন। ‘ক্যাফে রিও’তে প্রতিদিনের ম্যাচ পর্যালোচনা করবেন জন। শোতে জনের সঙ্গে থাকবেন দুটি বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে অংশ নেওয়া ইংলিশ ফুটবলার পিটার ক্রাউচ। সঙ্গে আরও থাকছেন সাবেক পেশাদার খেলোয়াড় ও ম্যানেজার রবি ফাউলার। এ ছাড়া থাকবেন সাবেক ইংলিশ গোলকিপার পিটার শিলটন। ‘ক্যাফে রিও’ নিয়ে জন বলেন, ‘আমি পুরোপুরি প্রস্তুত। আমার রক্তেই মিশে আছে ফুটবল। ফুটবল খেলেই আমি বেড়ে উঠেছি। আর এবার আমি ভারতের মানুষের সঙ্গে মিলে এটা উপভোগ করব।’
বিশ্বকাপ ফুটবলের এই উন্মাদনায় জন তো প্রস্তুত। প্রস্তুতি হয়ে যান আপনিও। আজ থেকেই তো শুরু ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’।
সাজিদুল হক
এনডিটিভি নিউজ, ইন্ডিয়া টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস, উইকিপেডিয়া অবলম্বনে