ফুটবল ক্লাব কিনছেন শাহরুখ
ক্রিকেটের পর এবার ফুটবলের পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসছেন বলিউডের অভিনেতা শাহরুখ খান। ভারতের অন্যতম পুরোনো ফুটবল ক্লাব ডেম্পো এসসির অর্ধেক মালিকানা কিনে নেওয়ার পরিকল্পনা করছেন শাহরুখ। আর এ জন্য তিনি ব্যয় করবেন অন্তত ৩০ কোটি রুপি।এ প্রসঙ্গে ক্লাবটির বর্তমান মালিক শ্রীনিবাস ডেম্পো বলেছেন, ‘আমাদের ক্লাবের ৫০ শতাংশ মালিকানা কিনে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন শাহরুখ। এ বিষয়ে তাঁর সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনাও হয়েছে।’ তিনি বলেন, ‘নিলামের মাধ্যমে ক্লাবের অর্ধেক মালিকানা বিক্রি হলেও এর নাম পরিবর্তন করা হবে না।’ এক খবরে এ তথ্য জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।উল্লেখ্য, ২০০৮ সালে ৩৫৭ কোটি রুপি খরচ করে কলকাতা নাইট রাইডার্স কিনেছিল শাহরুখের রেড চিলিস এন্টারটেইনমেন্ট। এবার ফুটবল ক্লাব কেনার নিলামেও অংশ নেবে রেড চিলিস। মজার ব্যাপার হলো শাহরুখের সঙ্গে এই নিলামযুদ্ধে অংশ নেবেন ভারতের প্রখ্যাত একজন ক্রিকেট খেলোয়াড়।