ফুটবল নিয়ে গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল-জ্বরে আক্রান্ত দেশ। তার প্রভাব পড়েছে শিল্পীদের ওপরও। খেলা দেখার পাশাপাশি ফুটবল নিয়ে গানও গেয়েছেন সংগীতশিল্পীরা। তিন শিল্পী ফকির আলমগীর, শুভ্র দেব, এস আই টুটুল ও মিলাকে নিয়ে এ আয়োজন। ‘লং ড্রাইভে আছি। নিউইয়র্ক থেকে মিশিগান যাচ্ছি গানের দল নিয়ে। সূর্য উঠছে ধীরে ধীরে। কী সুন্দর আলো! দারুণ লাগছে। এমন সুন্দর দৃশ্য দেখার সুযোগ সব সময় হয় না। সাধারণত এ সময়টা ঘুমিয়ে কাটাই।’ ফোন ধরেই ওপাশ থেকে উচ্ছ্বসিত কণ্ঠে কথাগুলো বললেন এস আই টুটুল। তিনি এখন যুক্তরাষ্ট্রে। সেখান থেকে ফিরে আসি বিশ্বকাপ ফুটবলে। জানতে চাই বিশ্বকাপ ফুটবল নিয়ে তাঁর সম্প্রতি করা গানটি সম্পর্কে। টুটুল বললেন, ‘একদিন বৈশাখী কর্তৃপক্ষ ফোনে আমাকে বলল, চারদিকে ফুটবল নিয়ে এত মাতামাতি। আমরা একটা গান করতে পারি কি না? আমি বললাম, অবশ্যই পারি। আমারও ইচ্ছে ছিল এ রকম একটা গান করার। কিন্তু সময়ের অভাবে করতে পারছিলাম না। এবার বৈশাখী কর্তৃপক্ষ আমাকে দিয়ে কাজটি একপ্রকার করিয়ে নিয়েছে বলা যায়। ব্যস, এভাবেই শুরু। পলাশের লেখা গানের কথাগুলো যখন আমার হাতে এসে পৌঁছাল, তার দিন তিনেক পরই আমার ফ্লাইট। তাড়াহুড়ো করে গানটি করেই যুক্তরাষ্ট্রে চলে এসেছি। এখন পর্যন্ত ভিডিওটাও দেখতে পারিনি, তবে দেশ থেকে প্রচুর সাড়া পাচ্ছি। ফেসবুকে অনেকে শুভেচ্ছা জানাচ্ছে। তানিয়াও বলল, অনেক ভালো হয়েছে।’সাক্ষাৎকার নেওয়ার সময় ঢাকায় থাকলেও এই লেখা যত দিনে ছাপা হচ্ছে, তত দিনে এস আই টুটুলের মতো মিলাও যুক্তরাষ্ট্রে। শো করতে যাওয়ার আগে শেষ মুহূর্তে কথা হলো তাঁর সঙ্গে। জানালেন তাঁর করা ফুটবলের গানটির পেছনের খবর। মিলা বললেন, ‘বাংলাদেশের মতো ফুটবলপাগল জাতি খুব কমই আছে। চারদিকে এত উন্মাদনা। অন্যান্য ভাষায় কত গান হচ্ছে। কেনানের গানটি ১৩টি ভাষায় রেকর্ড করা হয়েছে। আর ফুটবল নিয়ে কোনো বাংলা গান হবে না, তা কী করে হয়। আমার কাজিন রাশেদ ভাই বেশ উৎসাহ দিলেন। আমিও ভাবলাম, গানটা করাই উচিত। বিশ্বকাপের অফিশিয়াল অ্যান্থেমে শাকিরাকে দেখে ইচ্ছেটা আরও বেড়ে গেল।’ এর পরই উপলকে নিয়ে কাজ শুরু করেন মিলা। ‘অমি স্বাধীনতা আমি অরাধিতা/ আমি বিজয়ের গান/ এত কাছে আসা/ এত ভালোবাসা/ মাতাল খেলার শত প্রাণ’ গানের কথাগুলো লিখে ফেললেন উপল। ‘সন্ধ্যা আটটার সময় আমি আর উপল গানটি নিয়ে বসেছি। সুর ও সংগীতায়োজনের সব কাজ যখন শেষ, তখন বাজে সকাল নয়টা। নাশতা করে ফ্রেশ হয়ে ১০টার দিকে গানটির ভিডিও সুট করতে চলে গেছি। এমনই অল্প সময়ের মধ্যে গানটির জন্ম।’ বলছিলেন মিলা। তিনি আরও বলেন, ‘আমি নিজেও খেলাধুলা অনেক ভালোবাসি। দেশের সব ফুটবল-ভক্ত, বিশেষ করে আর্জেন্টিনার ভক্তদের জন্য এটা আমার একটা উপহার।’ মিলা জানালেন, কেনানের ওয়েভিং ফ্ল্যাগ গানটি অনেক উৎসাহ জুগিয়েছে এ গানটির পেছনে।টুটুল আর মিলা দুজনের গান হুট করে হলেও শুভ্র দেবের গানটি বেশ পরিকল্পিত। খেলাপ্রেমিক হিসেবে এমনিতেই বেশ সুনাম তাঁর। সে কারণেই হয়তো শহীদুল আজম ‘এক গোলে বিশ্ব কাঁপে/ থেমে যায় সব যুদ্ধ/ ফুটবল বাঁচার প্রেরণা/ জীবন করে শুদ্ধ’ লাইন চারটি লিখেই শোনালেন শুভ্র দেবকে। ‘লাইনগুলো আমারও বেশ পছন্দ হয়ে যায়। পরে গানটি পুরো লিখে দিলে নিজের মতো করে সুর করি। ফুটবলের ভেতর যে ধরিত্রীকরণের ব্যাপারটা আছে, সেটাকে তুলে আনার চেষ্টা আছে গানে। ফুটবলটা শুধু বিশ্বকাপের উন্মাদনা নয়। বাচ্চা, মহিলা, প্রতিবন্ধী সবার জন্যই ফুটবল।’ বলছিলেন শুভ্র দেব। তিনি আরও বলেন, ‘চারদিকে এত সমস্যা, এত হানাহানি। এর ভেতরও ফুটবল মাথা উঁচু করে দাঁড়ায়। গানে গানে ফুটবলের সেই মহিমাকেই তুলে ধরার চেষ্টা করেছি।’অন্যদিকে ফুটবল নিয়ে তৃতীয়বারের মতো গান করলেন শিল্পী ফকির আলমগীর। গত বিশ্বকাপে তিনি গেয়েছিলেন ‘জাদু জানে ফুটবল’। আর এবার গাইলেন আশিক মাহমুদের লেখা একটি গান ‘বিশ্বকাপ ফুটবল খেলা, অন্তরে অনুভবে দিচ্ছে দোলা, মেতেছে সবাই, বর্ণালী উৎসবে’। ফকির আলমগীর বলেন, যে তাগিদে আমি নিমতলী, সিডর, আইলা এবং সম্প্রতি মুসা ইব্রাহিমকে নিয়ে গান করেছি, বিশ্বকাপ ফুটবল নিয়ে ঠিক সেই তাগিদ থেকে গান করা।