ফুটবল ফুটবল জয়ধ্বনি
বিশ্বকাপ ফুটবল ২০১০-এর পর্দা উঠতে একটা রাত বাকি। তবে এ নিয়ে অনেক আগেই ফুটবলপ্রেমিকদের মধ্যে শুরু হয়ে গেছে উন্মাদনা। আমাদের দেশের প্রিয় তারকারাও সে উন্মাদনায় শামিল হয়েছেন। শোনা যাক এবারের বিশ্বকাপ নিয়ে তাঁদের ভাবনা ও পরিকল্পনার কথা।হুমায়ুন ফরীদির চোখে আজও একটি স্মৃতি ভেসে ওঠে। মাঝমাঠ থেকে বল নিয়ে ৫-৬জনকে কাটিয়ে গোল করলেন ম্যারাডোনা। ‘এমন গোলের দৃশ্য সারা দুনিয়ার মানুষ যে আর দেখেনি, তাতে কোনো সন্দেহ নেই।’ বলছিলেন আর্জেন্টিনার ভক্ত হুমায়ুন ফরীদি। ফুটবলপাগল এই ভক্ত কোনোবারই খেলা দেখা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেন না। খেলার সময় তাঁর বাসায় চলে আসেন বন্ধুরা। তারপর নিজেই রান্না করেন খিচুড়ি আর গোশত। খেলার শ্বাসরুদ্ধকর সময়গুলো কাটিয়ে দেন এভাবেই। একেকটি গোল হয়, আর চিৎকার করে উৎসব করেন। কিন্তু প্রিয় দল গোল খেলে খানিকটা মন খারাপ হয়ে যায়। প্রতিপক্ষ যদি ভালো খেলে, তবে সেটিও তিনি উপভোগ করেন। ‘একবার ইতালির রবার্তো ব্যাজিও পেনাল্টি থেকে গোল দিতে পারল না। আমার ভীষণ মন খারাপ হয়েছিল।’ বললেন তিনি।এবারের বিশ্বকাপ নিয়ে কী ভাবছেন ফরীদি?‘আর্জেন্টিনা এমনিতে বল পায়ে নিয়ে ভালো খেলে। কিন্তু লং শটে তারা খেলতে পারে না। তার পরও আমি আশাবাদী—এবার আর্জেন্টিনা ভালো খেলা উপহার দেবে।’একবার ক্যামেরুনের কাছে গোল খেল আর্জেন্টিনা। সেবার ভীষণ মন খারাপ হয়েছিল জাহিদ হাসানের। ‘আমি তো মেনেই নিতে পারছিলাম না। রাগে-দুঃখে সেদিন আসলে এক রকম কান্নাই আসছিল। এবারও আমি আর্জেন্টিনা নিয়ে অনেক আশাবাদী। আমার ঘরে আর্জেন্টিনার আরেক ভক্ত হচ্ছে মৌ। অবশ্য মেয়ে পুষ্পিতা যে কীভাবে ব্রাজিল দলের সমর্থক হলো, বুঝতে পারলাম না।’ বলছিলেন জাহিদ।বিশ্বকাপ ফুটবলের খেলা জাহিদ আগে দেখতেন বন্ধুদের নিয়ে। বেশ বড় আয়োজন থাকত। এখন চিত্রটা উল্টো। ঘরের মধ্যে দুই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল আর আর্জেন্টিনার সমর্থক রয়েছে। ফলে মাঠে লড়াইয়ের রেশটা ঘরেও জমে উঠবে। এরই মধ্যে দুই দেশের পতাকা সংগ্রহ করেছেন তাঁরা। জাহিদ বললেন, ‘আমি একটি দলের সমর্থক হলেও অন্য দলের খেলা উপভোগ করি। আসলে এই একটা উৎসবের জন্য চার বছর অপেক্ষা করতে হয়। ফলে উচ্ছ্বাসটা তো আমাদের বেশি থাকবেই।’পাওয়া গেল ব্রাজিল দলের এক অন্ধ ভক্তকে। তিনি মাহফুজ আহমেদ। নিজেই একসময় লুঙ্গি কাছা মেরে প্রচণ্ড বৃষ্টির মধ্যে জাম্বুরা ফলকে ফুটবল বানিয়ে কাদা মাটিতে ছোটাছুটি করতেন। এখন টিভি পর্দায় ব্রাজিল দলের খেলোয়াড়দের বল নিয়ে ছোটাছুটি করাটাকে উপভোগ করেন। মাহফুজের প্রথম চাওয়া হচ্ছে, তিনি কাকা, রবিনহোকে মেসি ও রোনালদোর সঙ্গে বলের লড়াই দেখতে চান। তিনি বলেছেন, আশা করেছিলাম, প্রিয় দলের সঙ্গে দ্রগবার একটা দেখার মতো লড়াই হবে। সেটি মনে হয় হচ্ছে না। মনে মনে প্রার্থনা করছি, যেন ফাইনালে মেসি আর কাকার একটা লড়াই হয়।কাজের অনেক ব্যস্ততা মাহফুজের। অথচ খেলা দেখার সময় তাঁকে বের করতে হবে। জানালেন, এরই মধ্যে তিনি পরিকল্পনা করেছেন, কবে কখন কীভাবে খেলাগুলো দেখবেন। কোন কোন খেলা দেখার সময় কাকে কাকে উপস্থিত রাখবেন। বন্ু্লদের এরই মধ্যে তিনি শিডিউলও বলে দিয়েছেন। এখন শুধু রেফারির বাঁশির শব্দ শোনার অপেক্ষায় আছেন তিনি।১৯৯০-এর বিশ্বকাপে প্রিয় দল আর্জেন্টিনার হেরে যাওয়াটা সহজে মেনে নিতে পারেননি ফেরদৌস। অঝোরে কেঁদেছিলেন। এই খেলা দেখার জন্য বড় ভাইয়ের কাছে আবদার করে দেশের বাইরে থেকে অনেক বড় একটি রঙিন টেলিভিশন আনিয়ে নিয়েছিলেন। চারপাশের মানুষ এসে ভিড় করত খেলা দেখতে। অথচ প্রিয় দল শেষ পর্যন্ত সফল হতে পারেনি, ফেরদৌসের মনে কতই না দুঃখ।তবে এবার দুঃখ নয়, এ যুগের ‘ম্যারাডোনা’ মেসির জন্য পাগল তিনি। এরই মধ্যে মেসির সব ছবি জোগাড় করে ফেলেছেন। মেয়ে নুজহাতকেও আর্জেন্টিনা দলের সমর্থক বানিয়েছেন। বললেন, ‘এবার খুব মজা হবে। আমার ভাইবোনেরা চলে এসেছেন। স্ত্রী তানিয়ার বোন, দুলাভাই সবাই আসছেন। একসঙ্গে বসে খেলা দেখব বলে ঠিক করেছি। আবার এর মধ্যে আমাকে চলে যেতে হবে কলকাতায়। সেখানে শুটিং হবে। পরিচালককে বলে রেখেছি, ভাই রাতের বেলা মাফ করবেন। বিশেষ করে আর্জেন্টিনার খেলার সময় কোনো শুটিং হবে না। প্রচণ্ড টেনশন থাকবে। উফ্, জানি না যে কী হবে।’ এতটাই উচ্ছ্বাস ফেরদৌসের। আর খেলা দেখার সময় যেন বৈদ্যুতিক গোলযোগ না হয় এ জন্য তিনি সরকারের কাছেও আকুল আবেদন জানিয়েছেন। বললেন, সে জন্যই আইপিএস ও জেনারেটরের ব্যবস্থা রেখেছেন বাড়িতে।ফুটবলে ব্রাজিলীয় শৈল্পিক খেলার সৌন্দর্য খুঁজে বেড়ান মোশাররফ করিম। জ্ঞান হওয়ার পর থেকে তিনি ব্রাজিলের খেলা দেখার জন্য উন্মুখ হয়ে থাকেন। বললেন, ‘এখন খানিকটা কষ্ট পাই, যখন দেখি প্রিয় দল ব্রাজিল মাঝেমধ্যেই সাম্বার ধারা থেকে বেরিয়ে আসে। ব্রাজিল তো ব্রাজিলই। আর এই খেলা দেখার জন্য একটা মাস ঘুম হারাম করতে কোনো কষ্টই হবে না আমার।’ ‘অনেক ব্যস্ততা। এত কিছুর পরও খেলা শুরু হলে শুটিং স্পটেই যেন খেলা দেখতে পারি, সে ব্যবস্থা করছি। আগে বন্ধু ইউসুফ হাসান অর্কের সঙ্গে খেলা দেখতাম। এবারও কিছু খেলা বন্ধুদের নিয়ে দেখব। এ ছাড়া কিছু খেলা দেখতে হবে বাসায়। কারণ ঘরের স্বরাষ্ট্রমন্ত্রীও খেলা দেখে। তাই উৎসবটা এবারও জমবে দারুণ।’ বলছিলেন মোশাররফ।অপি করিমের কাছে ফুটবল আকৃতির একটি ব্যাংক আছে। খেলা শুরু হলেই বাড়ির ছোট ছোট ছেলেমেয়ে থেকে শুরু করে মুরব্বিরা পর্যন্ত সবাই সবার সাধ্যমতো টাকা সেই ব্যাংকে রাখে। খেলার দিন ব্যাংক থেকে টাকাগুলো বের করে রাতের বেলার জন্য খাবারের আয়োজন করা হয়। বললেন, ‘আমি ব্রাজিলের সমর্থক। ফুটবল মানেই তো আমার কাছে মনে হয় ব্রাজিল দল। প্রিয় দল এবারও প্রত্যাশা পূরণ করবে, এটা আমার আশা। আর দিনের বেলা যদিও ইউনিভার্সিটিতে যেতে হবে এবং শুটিং থাকবে, খেলা তো আর থাকবে না; তাই চিন্তা করি যে একটা মাস না হয় কম ঘুমালাম, কিন্তু খেলা দেখা চাই-ই চাই। হা... হা... হা...’মৌসুমীর বাড়ির সব সদস্যই বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মেতে ওঠার অপেক্ষায় রয়েছেন। ছেলে ফারদিন ও মেয়ে ফাইজা এরই মধ্যে বাবা ওমর সানীকে নিয়ে ব্রাজিলের বিভিন্ন আকারের পতাকা দিয়ে ঘর ছেয়ে ফেলেছে। মৌসুমী বললেন, ‘চিন্তা একটাই, সকালবেলা ছেলেমেয়েদের স্কুল থাকে। রাত জেগে খেলা দেখার পরদিন যে কীভাবে সকালবেলা ঘুম থেকে তুলব, তা ভেবে পাচ্ছি না। অবশ্য ছেলে বলেছে, মা স্কুল থেকে এসেই ঘুম দেব। রাতে কম ঘুমালেও সমস্যা হবে না। আমারও একই কথা। চার বছরে একটা মাস একটু না হয় সমস্যা হলো, তাতে কী? আর আমার যে শুটিং আছে, সেখানে নির্মাতাদের বলেছি, খেলার সময়টুকু মাফ করতে হবে। প্রয়োজন হলে শুটিং জোনেই টিভি সেট আনাতে হবে। অন্যথায় ওই বেলার কাজটুকু পরদিন করব।’ বিশ্বকাপ ফুটবল নিয়ে সুখস্মৃতির কথা জানতে চাইলে মৌসুমী বললেন, ‘শেষ যেবার ব্রাজিল চ্যাম্পিয়ন হলো, সেবার শুরু থেকেই ব্রাজিল দলকে নিয়ে অনেকের সন্দেহ ছিল। কিন্তু সেই ব্রাজিল যখন জয়ী হলো, সেবার আমি চিৎকার করে জয়ধ্বনি করেছিলাম। আশপাশের মানুষও চমকে গিয়েছিল। আবার সে রকম এক সুখস্মৃতি পেতে চাই এবারও।’নোবেলের প্রতিদিন সকালবেলা অফিস করতে হয়। কিন্তু বিশ্বকাপ ফুটবল এলেই সব শিডিউল এলোমেলো করে ফেলেন তিনি। আগে অফিসে সব বন্ধু মিলে অফিসের ভেতরেই বড় পর্দা টানিয়ে খেলা দেখার ব্যবস্থা করতেন। কিন্তু এবার সবকিছু থেকে বঞ্চিত হবেন তিনি। কারণ খেলা শুরুর পর পরই তিনি চলে যাচ্ছেন আমেরিকায়। তাতে কী? সেখানে বসেই খেলা দেখার ব্যবস্থা দেশ থেকেই করে ফেলছেন। ‘পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, ব্রাজিলের কোনো খেলা আমি মিস করব না। এরই মধ্যে সেখানে কীভাবে খেলা দেখা যাবে, তার আয়োজন করে ফেলেছি। দিনের বেলা ঘুরব আর রাতের বেলা খেলা দেখব।’ বলছিলেন নোবেল।ফুটবল খেলা দেখাটাকে নোবেল খুব বেশি উপভোগ করলেও ব্রাজিল যতক্ষণ না প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দেয়, ততক্ষণই অস্থির থাকেন। ‘আর যদি একটা গোল ব্রাজিল খেয়ে ফেলে, তখন তো আমি আর স্থির থাকতে পারি না। প্রতিবারই মনে হয়, কখন গোল পরিশোধ করবে প্রিয় দল। দেখা যায়, আমার ইচ্ছাটাই বেশির ভাগ সময় পূরণ হয়েছে। এবারও আশা করছি, ব্রাজিল আমাকে হতাশ করবে না।’ বললেন নোবেল।আর্জেন্টিনা, আর্জেন্টিনা এবং আর্জেন্টিনা। এ দলটির দারুণ ভক্ত ইলিয়াস কাঞ্চন। ম্যারাডোনার কারণেই এই দলের অন্ধ ভক্ত হয়েছেন তিনি। জীবনে একটি দুঃখবোধ রয়েছে ইলিয়াস কাঞ্চনের। মাদাম তুসো জাদুঘরে সবার প্রতিকৃতি আছে, কিন্তু ম্যারাডোনার নেই। আর সুখস্মৃতি হচ্ছে ১৯৮৬ সালে প্রিয় দলের বিশ্বকাপ জয়। এমন জয়ের উন্মাদনায় এবারও মেতে উঠতে প্রস্তুত কাঞ্চন। ‘আগে ছেলেমেয়েরা থাকত, একসঙ্গে খেলা দেখতাম। কিন্তু ওরা এখন দেশের বাইরে, তাই একা একাই খেলা দেখতে হবে। অপেক্ষা করছি মেসির জাদুকরি খেলা দেখার জন্য।’ বললেন কাঞ্চন।বছর কয়েক আগেও সময় পেলেই বল নিয়ে মাঠে নেমে যেতেন পপগুরু আজম খান। এখন আর অতটা হয়ে ওঠে না। তবে ফুটবল ভালোবাসেন চরম। বিশ্বকাপ নিয়ে উন্মাদনাও প্রচুর। এবারের বিশ্বকাপের প্রতিটি খেলাই দেখবেন আজম খান। নিজে ব্রাজিল দলের সমর্থক। তবে অন্য কোনো দল ভালো ফুটবল খেললে তাদেরও সমর্থন দেন। বললেন, ‘আর্জেন্টিনার খেলাও ভালো লাগে আমার কাছে। পাশাপাশি অন্য যে দেশগুলো ভালো খেলে, তাদেরও সমর্থন দিই। খেলা দেখে ভালো লাগলে এটা আমি করি।’ রাত জাগার অভ্যেস নেই আজম খানের। বিশ্বকাপের খেলাগুলো একটু তাড়াতাড়ি শুরু হবে, এ কারণে বেশ আনন্দিত পপগুরু।কুমার বিশ্বজিৎ ব্রাজিলের সমর্থক। তবে বাসার সবাই আর্জেন্টিনার সমর্থক। স্ট্যান্ডার্ড ওয়ান পড়ুয়া তাঁর ছেলে নিবিড় আর্জেন্টিনার পাঁড় সমর্থক। ‘এবারের বিশ্বকাপে বাবা-ছেলের দ্বৈরথ হবে বলে মনে হচ্ছে।’ বললেন কুমার বিশ্বজিৎ। ‘এমনিতে নিবিড়ের প্রতি খুব অন্যায় করা হয়। আমি যখন বাসায় যাই, ও তখন ঘুমিয়ে পড়ে। আবার সকালে ঘুম থেকে উঠে দেখি নিবিড় স্কুলে চলে গেছে। তাই ঠিক করেছি, যত কাজই থাকুক না কেন, বিশ্বকাপের খেলাগুলো নিবিড়ের সঙ্গে একসঙ্গে দেখব।’ নিবিড় এর মধ্যেই পতাকা, জার্সি, ব্যান্ডানা কিনে বিশ্বকাপের জন্য পুরোপুরি তৈরি। ছেলের সঙ্গে পাল্লা দিতে কুমার বিশ্বজিৎও ব্রাজিলের জার্সি কিনেছেন। বসার ঘরে খেলার সময়সূচি টাঙিয়ে দিয়েছেন। বাসাজুড়ে সব মিলিয়ে বিশ্বকাপের হাওয়া বইছে।খেলা নিয়ে অনেক পাগলামি করেন শুভ্র দেব। ব্রাজিলের সমর্থক খেলাপাগল এই গায়ক। প্রিয় দলের অনেক বিশ্বকাপ ম্যাচ রেকর্ড করা আছে তাঁর কাছে। ‘বিশ্বকাপের আগে আগে ব্রাজিলের সেই রেকর্ড করা খেলাগুলো দেখছি। বন্ধুবান্ধবকে দেখাচ্ছি। এটা একটা নেশা আমার।’ বললেন শুভ্র দেব। ‘১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপ থেকে একটা ফুটবল কিনেছিলাম। খেলা দেখার সময় বলটা নিয়ে বসব।’ জানালেন, ব্রাজিলের প্রতিটি খেলা খুব মনোযোগ দিয়ে দেখবেন। ব্রাজিলের খেলার সময় কোনো কাজ রাখবেন না। এ ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ খেলাও দেখবেন খুব আগ্রহ নিয়ে। বিশ্বকাপ কে জিতবে জানতে চাইলে শুভ্রদেব বললেন, ‘দল তো আছে একটাই। ব্রাজিল।’