ফুটবলপাগল চার কিশোরের গল্প
ফুটবলপাগল চারজন কিশোর। তাদের মধ্যে একজন ফুটবল বেছে নিয়েছে জীবনের সমস্যাগুলো থেকে দূরে থাকতে, কেউ ফুটবল খেলে নতুন জীবনের আশ্বাসে আর কেউ ফুটবল খেলে শুধুই ফুটবলকে ভালোবেসে। এমনই চার কিশোরের ফুটবল খেলা এবং তাদের স্বপ্নের বাস্তব পরিণতির গল্প নিয়ে এবার ঈদের জন্য এয়ারটেলের টেলিছবি কিক অফ। লিখেছেন ইকবাল হোসাইন চৌধুরী। পরিচালনা করেছেন রেদওয়ান রনি। অভিনয় করেছেন পার্থ বড়ুয়া, শহীদুল আলম সাচ্চু, ইলোরা গওহর, মনিরা মিঠু, মীম, আফনান, অ্যালেন শুভ্র, মামুন, মার্টিন তঞ্চঙ্গা প্রমুখ। টেলিছবিটিতে থাকছে দুটি গান। গান দুটিতে কণ্ঠ দিচ্ছে ব্যান্ড ক্রিপটিক ফেইট ও চিরকুট। প্রযোজনা করছে ধ্বনি চিত্র। ঈদে টেলিছবিটি প্রচারিত হবে এনটিভিতে। জানা গেছে, টেলিছবিটির জন্য বড় অঙ্কের বাজেট ধরা হয়েছে। আর তাই আয়োজনটাও করা হয়েছে বড় আকারে। শুটিং হয়েছে ঢাকা, গাজীপুর স্টেডিয়াম, পূবাইল ও বান্দরবানে।