ফুল হয়ে ফুটবেন রোজি
ছিল শুঁয়োপোকা, হয়ে গেল প্রজাপতি! না, উপমা ঠিক জুতসই হলো না। প্রথম ছবি দিয়েই বাজিমাত করে দিয়েছেন ঠিকই, কিন্তু একেবারেই অচেনা আঁধার থেকে খ্যাতির ঝলমলে দুনিয়ায় পা রাখেননি রোজি হান্টিংটন-হোয়াইটলি। হুট করে লম্বা এক লাফই দিয়ে বসেছেন ২৪ বছর বয়সী এই ব্রিটিশ অভিনেত্রী-মডেল। রুপালি পর্দায় অভিষেকই হয়েছে ট্রান্সফরমারস সিরিজ দিয়ে। স্টিফেন স্পিলবার্গ ছবির প্রযোজক; মানেই নিশ্চিত সাফল্য। দুই সপ্তাহ গড়াতে না গড়াতেই ৪০০ মিলিয়ন ডলার ভরিয়েছে প্রযোজকের পকেটে।তবে রোজির (খটোমটো নাম-পদবির চেয়ে নিজের ডাক নামটাই ব্যবহার করতে তিনি নিজে পছন্দ করেন) জীবনের গল্পটা কিন্তু অনেকটা শুঁয়োপোকা থেকে প্রজাপতি হয়ে ওঠার মতোই। যেমনটা শুধু ঘটে হ্যান্স ক্রিশ্চান অ্যান্ডারসনের রূপকথায়। কুৎসিত হাঁসের ছানা হয়ে থেকেই যেন অপরূপ রাজকন্যা হয়ে উঠেছেন সোনার কাঠি-রুপার কাঠির ছোঁয়ার। যেন তাঁর রূপসৌন্দর্যকে ঘুম পাড়িয়ে রেখেছিল এক ডাইনি। একদমই বাড়িয়ে বলা নয়, স্কুলজীবনে রোজির নিচের চেহারা নিয়ে ভোগান্তির শেষ ছিল না। তার ওপর ছিল নামের শেষে দাঁতভাঙা এক বংশউপাধি—হান্টিংটন-হোয়াইটলি! অনর্গল বকবক করতেন বলে ‘মিস বিগ মাউথ’ উপাধিও পেয়েছিলেন। বেশ জনপ্রিয় হয়েছিল এই উপাধি। প্যাঁচাল পাড়েন বলেই নয়, বিগ মাউথ তাঁকে বলা যেত তাঁর ঠোঁটজোড়ার কারণেও। স্বাভাবিকের চেয়ে ঠোঁটজোড়া যে ছিল বেজায় পুরু।এ নিয়েও সহপাঠীদের কম ঠাট্টা-গুঁতো তাঁকে হজম করতে হয়নি। নিজের ঠোঁটজোড়া অস্ত্রোপচার করিয়ে সাইজমতো আনতে প্রতিদিন একটা টিনের বাক্সে টাকা জমাতেন শৈশবে। অথচ কী ভাগ্য দেখুন, পেশাদার মডেল হিসেবে তাঁর সেই ঠোঁটজোড়াই এখন বিবেচিত হচ্ছে সোনার খনি হিসেবে। এই ঠোঁটে যে আছে অন্য রকম এক আবেদন। ভোগ সাময়িকী ‘লিপ্পি গার্ল’ শিরোনামে একটা স্টোরিও করেছে তাঁর এই ঠোঁট নিয়ে।সহপাঠীদের পাল্টা জবাব দিতেই সেই ১৩ বছর বয়সে একটা সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়ে বাজিমাত করে দেন। আরেকটু বড় হলে নিজের শহর থেকে পালিয়ে লন্ডনে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন। বিভিন্ন মডেলিং সংস্থায় নিজের ছবিসমেত পাঠিয়ে দেন আবেদনপত্র। এভাবেই নজরে পড়ে যান প্রোফাইল মডেল ম্যানজমেন্টের। সময় ২০০৩, তাঁর বয়স যখন ১৬। ওই বয়সেই লেভির মডেল হন। সেই অর্থে মডেলিংয়ে খ্যাতি পেতে তাঁকে অপেক্ষা করতে হয়েছে ২০০৮ সাল পর্যন্ত। ওই বছরেই প্রথম ভোগ সাময়িকীতে জায়গা পান। তবে রোজির কেরিয়ারের সবচেয়ে বড় পরিবর্তনের বীজটা কিন্তু রোপিত হয়েছিল ২০০৬ সালেই।ওই বছরই আমেরিকার জনপ্রিয় অন্তর্বাস ও প্রসাধন নির্মাতা প্রতিষ্ঠান ভিক্টোরিয়াস সিক্রেটের মডেল হন। না, এখানে কাজ করে সেই অর্থে খ্যাতি পাননি। তবে পেয়েছিলেন মাইকেল বে নামের এক পরিচালকের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ। এই বে-ই পরে ট্রান্সফরমারস সিরিজের পরিচালক হিসেবে কাজ শুরু করেন। তৃতীয় সিরিজ থেকে শিয়া লাবিউফের প্রেমিকা হিসেবে মেগান ফক্স যখন আর অভিনয় করতে রাজি হলেন না, বের মাথায় বিকল্প হিসেবে আরও কয়েকজনের সঙ্গে রোজির কথাও ঘুরপাক খেল এবং শেষ পর্যন্ত ট্রান্সফরমারস: ডার্ক অব দ্য মুন ছবিতে লাবিউফের নতুন প্রেমিকা কার্লি স্পেনসারের চরিত্রে দেখা গেল রোজিকেই। হলিউডের দুনিয়ায় আকস্মিক অভিষেক হলো ২৪ বছর বয়সী নীলনয়নার।প্রথম ছবিতে তাঁর অভিনয় অবশ্য মন ভরায়নি সমালোচকদের। অবশ্য তাঁদের মন ভরানো আসলেই মুশকিল। আসল জায়গায় ঠিকই সফল, রোজি প্রথম ছবিতেই জায়গা করে নিয়েছেন দর্শকদের। এরই মধ্যে এমটিভি নেটওয়ার্কের ‘ব্রেকআউট স্টারস টু ওয়াচ ফর ইন ২০১১’-এর তালিকায় ঠাঁই করে নিয়েছেন। ২০১১ সিনেমাকন অ্যাওয়ার্ড-এ ‘ফিমেল স্টার অব টুমোরো’ পুরস্কারও জিতে নিয়েছেন।আগামীর তারকা তিনি হতে পারবেন কি না, সে তো সময়ই বলে দেবে। তবে এরই মধ্যে গুরুত্বপূর্ণ একটি বার্তা রোজি পৌঁছে দিয়েছেন নির্মাতাদের কাছে। শুধু তাঁকে আবেদনময়ী একটা নারী চরিত্র হিসেবে উপস্থাপন করালে চলবে না, রোজি প্রস্তুত যেকোনো চরিত্রে অভিনয় করতে। এমনকি সেটি ভীষণ নেতিবাচক হলেও আপত্তি নেই, কিন্তু তাতে থাকতে হবে অভিনয়ের সুযোগ।শুঁয়োপোকা থেকে প্রজাপতি হয়েছেন, এখন ডানা মেলে উড়ে যেতে চান রুপালি দুনিয়ার ঝলমলে জগতে। এখন হয়ে উঠতে চান সত্যিকারের অভিনয়শিল্পী। গোলাপ কুঁড়ি ‘রোজি’ পুরো ‘রোজ’ হয়ে ফুটতে চান, মেলে ধরতে চান নিজের সম্ভাবনার সব পাপড়ি। রাজীব হাসানসূত্র: ওয়েবসাইট