ফুলচোর ও তাঁর সহকারী
ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী—দুই বোন। ঈদের দিন এলেই আর তাঁদের ঘরে বেঁধে রাখা যায় না। নতুন জামা-জুতা পরে পাড়ার প্রতিটি বাসায় একবার হলেও ঢুঁ মারা চাই। পাশের বাড়ির আন্টির হাতের সেমাই, পায়েস না খেলেই নয়। ছোটবেলার সেই ঈদের দিনগুলো জীবনের শ্রেষ্ঠ সময় বলে মানেন এই দুই সংগীতশিল্পী।ছোটবেলায় ‘ফুলচোর’ নামে ফাহমিদা নবীর বিশেষ খ্যাতি ছিল। ঈদের দিন ভোরে সামিনা চৌধুরীকে সঙ্গে নিয়ে বের হতেন ফুল চুরি করতে। সে কথা মনে করে হাসতে হাসতে ফাহমিদা নবী বললেন, ‘আমরা তখন থাকতাম এলিফ্যান্ট রোডে। পাড়ায় আমাকে সবাই চিনত ফুলচোর হিসেবে। সোমা ছিল আমার চুরির প্রধান সহকারী।’ সামিনা চৌধুরী বললেন, ‘আমি নিচে দাঁড়িয়ে থাকতাম। আর নুমা (ফাহমিদা) ফুল চুরি করত। ভয় লাগত, আবার মজাও লাগত। ঈদের সারা দিন সেই ফুল পরে আমরা ঘুরতাম।’ ফাহমিদা নবী বলে উঠলেন, ‘মাঝেমধ্যে আমরা দিনাজপুরে নানাবাড়ি যেতাম। ওখানে খালাতো ভাইবোনদের সঙ্গে অনেক মজা হতো। সন্ধ্যাবেলায় ভাইবোনেরা মিলে আনন্দমেলা করতাম। কেউ আবৃত্তি করত, কেউ গান করত, কেউ অভিনয় করত, কেউ জাদু দেখাত—সব মিলিয়ে অনেক মজা হতো।’ সামিনা চৌধুরী তাঁর জামা-জুতা সব সময় লুকিয়ে রাখতেন, আর প্রতিদিন একবার করে লুকিয়ে লুকিয়ে দেখতেন। মাঝেমধ্যে দুই বোনকে একই ধরনের জামা দেওয়া হতো।‘একদিন জামা-জুতা দেখছি লুকিয়ে। ড্রয়িং রুমের জানালা খোলা ছিল। সবাই হঠাৎ আমার জামা-জুতা দেখে ফেলল। তখন আমার সেকি কান্না!’ সামিনা চৌধুরীর এ কথা শুনে ফাহমিদা নবী বললেন, ‘সোমার সেই কান্না দেখে আমার নিজেরই অনেক মায়া লাগত। তবে মজা হতো ঈদের সালামি নিয়ে। কে কত পেয়েছে, এ নিয়ে একটা নীরব প্রতিযোগিতা হতো। আমাদের দুই বোনে কিন্তু ভীষণ ভাব ছিল। ঈদের দিন সেটা আরও বেড়ে যেত।’ সামিনা চৌধুরী বললেন, ‘এমনিতে আমরা খুব ভালো বোন ছিলাম। ঝগড়াঝাঁটি একদমই হতো না। কেবল রাতে ঘুমাতে যাওয়ার সময় খুনসুটি হতো।’ খুনসুটিগুলো কী রকমের? ‘বিছানার কোন দিকে কে শোবে, এসব তুচ্ছ ব্যাপার নিয়ে। কিন্তু সেগুলোই মনে করলে এখন অনেক মজা লাগে।’ এখনো ঈদের দিন দুই বোন একসঙ্গে সময় কাটান। আর ফিরে যান ছোটবেলার সেই ঈদের দিনগুলোতে।