ফুলের জলসায় নীরব কেন কবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল ১১ জ্যৈষ্ঠ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। এ উপলক্ষে দেশ টিভি তৈরি করেছে গ্রামীণফোন নিবেদিত পরিবারের নজরুল নামের একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয় কবির কনিষ্ঠ পুত্রবধূ কল্যাণী কাজীকে। ছেলে কাজী অনির্বাণকে সঙ্গে নিয়ে কলকাতা থেকে ১৩ মে চার দিনের জন্য ঢাকায় আসেন তিনি। ১৫ মে বিকেলে নিউ বেইলি রোডে তাঁদের এক বন্ধুর বাসায় নজরুলকে নিয়ে পুরোনো সেই দিনগুলোর কথা স্মরণ করলেন কল্যাণী কাজী। সঙ্গে ছিলেন মেহেদী মাসুদকবির কনিষ্ঠ ছেলে কাজী অনিরুদ্ধের সঙ্গে আমার বিয়ে হয় ১৯৫২ সালে। বিয়ের পর আমি গেলাম কবিকে প্রণাম করতে। আমার সঙ্গে ছিলেন অনিরুদ্ধ। বাবা (কাজী নজরুল ইসলাম) আমার দিকে তাকিয়ে কী যেন জিজ্ঞেস করছিলেন। ব্যাপারটা বুঝতে পেরে আমাকে দেখিয়ে অনিরুদ্ধ বললেন, ‘বাবা, আমার বউ।’বাবা হেসে আমার দিকে তাকালেন। আশীর্বাদ করলেন।বিয়ের পর আমার সংসার শুরু হলো মানিকতলায়, ১৬ নম্বর রাজেন্দ্র লালা স্ট্রিটের বাসায়। চারতলা বাড়ি। নিচতলায় ছিল মহিষের খাটাল আর কুস্তির আখড়া। বাড়ির মালিক কুস্তি লড়তেন। তিনতলায় দুটি আর চারতলায় একটি ঘর নিয়ে ছিল কবি-পরিবারের সংসার। ওপরে কোনো জলের ব্যবস্থা ছিল না। বাবার প্রিয় পরিচারক কুশা একতলা থেকে জল এনে দিত।ওই বাড়িতেই আয়োজন করা হয়েছিল আমার বিয়ের অনুষ্ঠান। সেদিন অনেক গুণীজন এসেছিলেন।তিনতলার দুটি ঘরের মাঝখানে ছিল সিঁড়ি। বাবার আগেই অসুস্থ হন শাশুড়িমা প্রমীলা কাজী। কোমর থেকে পা পর্যন্ত পক্ষাঘাতে অবশ হয়ে গিয়েছিল তাঁর। আমরা সবাই তাঁকে ‘মামণি’ বলে ডাকতাম। তিনতলার একপাশে বড় ঘরে একটি নিচু চৌকিতে দরজার দিকে মাথা দিয়ে মামণি শুয়ে থাকতেন। সেই ঘরের মুখোমুখি অপেক্ষাকৃত ছোট ঘরে থাকতেন বাবা। সারা বাড়ি হেঁটে বেড়াতেন। কখনো জানালার গরাদে ধরে আকাশের দিকে তাকিয়ে থাকতেন, হাসতেন। কী যেন বলতে চাইতেন। মাঝেমধ্যে মামণি বলতেন, ‘ওদিকে যেয়ো না।’ এরপর বাবা কেমন যেন গুটিসুটি মেরে মামণির পাশে এসে চুপ করে বসে থাকতেন। রাতে বাবাকে নিয়ে আসা হতো মামণির ঘরে। আর আমরা থাকতাম সেই ছোট ঘরে।বাবা যখন রেগে যেতেন, তখন কাগজ কুটিকুটি করে ছিঁড়তেন। আর যখন মন ভালো থাকত, তখন কাগজ ভাঁজ করে এনে বালিশের নিচে রাখতেন।হাঁটার সময় যা সামনে পেতেন, সবই এনে বালিশের নিচে রেখে দেওয়ার অভ্যাস ছিল তাঁর। একদিন মামণি হঠাৎ চিৎকার করে উঠলেন, ‘আগুন! আগুন!’ ছুটে গিয়ে দেখি, বালিশ আর বিছানায় আগুন লেগেছে। আগুনের মধ্যে বাবা চুপ করে বসে আছেন। পরে জানা গেল, অনিরুদ্ধ সিগারেট ফেলার সময় নেভাতে ভুলে গিয়েছিলেন। বাবা সিগারেটের সেই জ্বলন্ত অবশিষ্ট অংশ বালিশের নিচে রেখেছিলেন। ভাগ্য ভালো, সেদিন তাঁর কোনো ক্ষতি হয়নি।বাসায় অতিথি এলে বাবা চুপ করে বসে থাকতেন। তাঁর দিকে কেউ বেশি সময় তাকিয়ে থাকলে কিংবা চশমা পরে বা ছাতা হাতে কেউ এলে তিনি কেন যেন চিৎকার করে উঠতেন।মামণি কিন্তু শুয়ে শুয়েই সংসারের সব কাজের দিকে লক্ষ রাখতেন। অদ্ভুত প্রক্রিয়ায় সবজি কাটতেন। একেবারে ছোট শিশুর মতো বাবাকে খাবার খাইয়ে দিতেন; এমনকি চৌকির সামনে স্টোভ আনিয়ে শরীরের ওপরের অংশ তুলে রান্নাও করতেন।বাবার জন্মদিনে সারা বাড়ি সকাল থেকেই থাকত উৎসবের আমেজ। বাবা নিজেও খুশি হতেন। সকালে গোসলের পর তাঁকে পরানো হতো গরদের পাঞ্জাবি। কপালে চন্দনের টিপ। সারা দিন অনেক লোক আসতেন। অনেক শিল্পী আসতেন, বাবাকে গান শোনাতেন। জ্যৈষ্ঠ মাস। কী গরম! তার পরও বাবাকে একনজর দেখার জন্য, তাঁকে শুভেচ্ছা জানানোর জন্য লোকজন ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতেন। বাসার সামনে থেকে সেই লাইন চলে যেত অনেক দূর। বাড়ির বাচ্চারা দাদুর গলা থেকে মালা খুলে পাশে রাখত। বাবাও খুব আনন্দ পেতেন তাতে।আমার ভাশুর কাজী সব্যসাচীর বিয়ে হয়েছিল আমার বিয়ের অনেক পরে। বাবা আর মামণিকে নিয়ে আমরা চলে এলাম পাইকপাড়ায়, ৪৬ নম্বর টালা পার্কের বাসায়। ভাশুর তাঁর পরিবার নিয়ে উঠলেন ক্রিস্টোফার রোডের বাড়িতে। ১৯৬২ সালে মামণির মৃত্যুর পর বাবাকে আমার ভাশুর তাঁর বাসায় নিয়ে যান। যাওয়ার দিন বাবা ঘর থেকে কিছুতেই রের হতে চাইছিলেন না। বারবার মায়ের খালি বিছানার দিকে আঙুল তুলে জানতে চাইছিলেন, মা কোথায়। অনিরুদ্ধ গিয়ে বললেন, ‘বাবা, চলো, আমরা বেড়াতে যাব।’ বেড়াতে যাওয়ার কথা শুনলে বাবা খুব খুশি হতেন। বাংলাদেশে আসার আগ পর্যন্ত তিনি ক্রিস্টোফার রোডের ওই বাসায়ই ছিলেন।বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলকাতা আসেন। তখন রাজভবন থেকে আমাদের জানানো হয়, বঙ্গবন্ধু কবির দুই ছেলের সঙ্গে কথা বলবেন। সেদিন স্বামী ও ভাশুরের সঙ্গে আমিও গিয়েছিলাম রাজভবনে। বঙ্গবন্ধু বললেন, ‘কবির জন্মদিনটা এবার বাংলাদেশেই উদ্যাপন করব।’ তিনি আমাদের একুশে ফেব্রুয়ারির আগেই ঢাকায় আসার জন্য বললেন, কবি কোথায় কীভাবে থাকবেন, তা দেখার জন্য।১৯৭২ সালে একুশে ফেব্রুয়ারির দুই দিন আগেই আমরা ঢাকায় আসি। সেটাই ছিল আমার প্রথম বাংলাদেশে আসা। কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা আর প্রকৌশলী ধানমন্ডির কবি ভবনে আমাদের নিয়ে যান। এরপর কবিকে নিয়ে ২৪ মে আমরা ঢাকায় আসি। ঢাকা বিমানবন্দরে সেদিন বিমান থেকে আমরা কবিকে নিয়ে নামতে পারছিলাম না। হাজার হাজার মানুষ বিমানকে ঘিরে রেখেছিল। কবিকে কাছ থেকে একনজর দেখতে, তাঁকে শুভেচ্ছা জানাতে এসেছিল সবাই। বাংলাদেশের মানুষের এই অভ্যর্থনায় সেদিন মুগ্ধ হয়েছিলাম। বাবাকে একুশে পদক ও বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়; দেওয়া হয় জাতীয় কবির সম্মান। আমাদেরও সরকার থেকে সপরিবারে বাংলাদেশে চলে আসার জন্য বলা হয়েছিল। আমি পারিনি। আমার ছেলেমেয়েরা কলকাতায় পড়াশোনা করত। ভেবেছিলাম, এতে ওদের পড়াশোনা ব্যাঘাত ঘটবে। তাই চলে গিয়েছিলাম। এরপর আরও একবার এসেছিলাম। ১৯৭৪ সালে, আমার স্বামী কাজী অনিরুদ্ধর মৃত্যুর পর। ওই সময় বাবাকে শ্রদ্ধা জানিয়ে চলে যাই।বাবার মৃত্যুর খবর শোনার পর আমি আর আমার ভাশুর কলকাতা থেকে ঢাকা আসি; কিন্তু বাবাকে শেষ দেখা দেখতে পারিনি। আমরা আসার কিছুক্ষণ আগেই তাঁকে সমাহিত করা হয়।বাবার মৃত্যুর পর আরও কয়েকবার অল্প সময়ের জন্য ঢাকায় এসেছি। প্রয়োজনীয় কিছু কাজ সেরে চলে গেছি। এবার এসেছি, সঙ্গে আছে বড় ছেলে কাজী অনির্বাণ। তাকে সঙ্গে নিয়ে সকালে বাবার কবরটা দেখতে গিয়েছি। বাবাকে এ দেশের মানুষ কতটা ভালোবাসে, তা আমরা বুঝি। তাঁকে এ দেশ অনেক সম্মান করে, তা অনুভব করতে পারি। বাবাকে নিয়ে এত আনন্দ আর উৎসব দেখে মনে মনে গেয়ে উঠি, ‘ফুলের জলসায় নীরব কেন কবি।’