ফুয়াদের সংগীতায়োজনে চঞ্চলের গান
আবারও নতুন করে গানের মাঠে নামছেন অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী। বছর তিনেক আগে ‘মনপুরা’ ছবির গান গেয়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। এর পরপরই দর্শক-শ্রোতাদের আগ্রহে প্রকাশিত হয়েছিল চঞ্চলের প্রথম অ্যালবাম ‘পালকী’। যদিও প্রচারের অযত্ন-অবহেলায় ‘পালকী’ শ্রোতার কাছে সেভাবে পৌঁছতে পারেনি। তবে চঞ্চলের পালকীর গান যারা শুনেছেন, তাঁরা বেশ প্রশংসাই করেছিলেন। চঞ্চল চৌধুরীর এবারের অ্যালবামটির সব গানের সংগীতায়োজন করছেন বর্তমান সময়ের জনপ্রিয় সংগীতপরিচালক ফুয়াদ আল মুক্তাদির।প্রথম আলো ডটকমকে চঞ্চল বলেন, ‘আমি কিন্তু এরই মধ্যে ফুয়াদের সংগীতায়োজনে পুরোনো সেই দিনের কথা শিরোনামের রবীন্দ্রসংগীতে কণ্ঠ দিয়েছি। গানটি ইফতেখার ফাহমীর পরিচালনায় নির্মিত ‘আমাদের গল্প’ টেলিছবিতে ব্যবহার করা হয়েছে। গানটিতে কণ্ঠ দেওয়ার পরই জানতে পারলাম, কত বড় মাপের সংগীতপরিচালক ফুয়াদ। অসাধারণ মনে হয়েছে। ওই গানটিতে কণ্ঠ দেওয়ার পর ফুয়াদও আমার গায়কির প্রশংসা করেছিলেন।’চঞ্চল আরও বলেন, ‘শুধু প্রশংসাই নয়, রবীন্দ্রসংগীতটিতে কণ্ঠ দেওয়ার পর ফুয়াদ আমাকে নিয়ে পুরো একটি অ্যালবামের কাজ করার আগ্রহ প্রকাশ করেন। আমিও রাজি হয়েছিলাম।’জানা গেছে, ফুয়াদের সংগীতে চঞ্চল তাঁর এই নতুন অ্যালবামে কণ্ঠ দেবেন রবীন্দ্র-নজরুলসহ ১০টি ধারার পুরোনো জনপ্রিয় গানে। এরই মধ্যে শুরু হয়েছে গান বাছাই ও সংগীতায়োজনের কাজ।চঞ্চল বলেন, ‘রবীন্দ্রসংগীতটির পর ভূপেন হাজারিকার গঙ্গা আমার মা গানটির অসাধারণ সংগীতায়োজন করেছেন ফুয়াদ। আমি গানটির সংগীতায়োজনে মুগ্ধ। আশা করছি, অ্যালবামটি শেষ করে ফেলব।’এদিকে ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নেওয়া এবং বিশ্রামের জন্য পুরো এক মাস নাটকের কাজ থেকে নিজেকে দূরে রেখেছিলেন চঞ্চল চৌধুরী। অবশ্য তিনি নিজে থেকেই চেয়েছিলেন হাতে গোনা চার-পাঁচটি নাটকের শুটিং করতে। নাটকগুলোর উল্লেখযোগ্য নির্মাতারা হলেন গিয়াসউদ্দিন সেলিম, এজাজ মুন্না ও সাইফ চন্দন।