ফেঁসে যাচ্ছেন জাস্টিন বিবার!
২৭ মে ক্যালিফোর্নিয়ায় এক আলোকচিত্রীর গায়ে হাত তোলায় মামলা হয়েছে কানাডিয়ান পপগায়ক জাস্টিন বিবারের বিরুদ্ধে। সম্প্রতি মামলাটি স্থানান্তরিত হয়েছে লস অ্যাঞ্জেলেসের আদালতে। এ মুহূর্তে মামলাটির তদন্ত চলছে। দোষী প্রমাণিত হলে ছয় মাসের কারাদণ্ড পেতে পারেন ‘টিন সেনসেশন’খ্যাত ১৮ বছর বয়সী এ পপগায়ক। এরই মধ্যে মামলা দায়েরকারী ওই আলোকচিত্রীর সাক্ষাত্কার নিয়েছেন তদন্তকারী পুলিশ কর্মকর্তারা। শিগগিরই প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও বসবেন তাঁরা। এর পরপরই জাস্টিন বিবারের সাক্ষাত্কার নেওয়া হবে। সম্প্রতি এক খবরে এমন তথ্যই প্রকাশ করেছে এবিসি নিউজ। এদিকে সেদিনের ঘটনার দিন কয়েক আগেই বক্সিং চ্যাম্পিয়ন মাইক টাইসনের কাছে কয়েকটি কসরত শিখেছিলেন বিবার। টাইসনের কাছে বিবারের বক্সিং শেখার সেই ভিডিওটি ছড়িয়ে পড়েছে ইউটিউবে। প্রশিক্ষণ শুরুর আগ মুহূর্তে দুই ভুবনের এ দুই তারকা একসঙ্গে ছবিও তুলেছিলেন। পরে টাইসন সেই ছবিটি পোস্ট করেছেন ইন্টারনেটে। অবশ্য এটা ঠিক জানা যায়নি যে টাইসনের কাছে শেখা বক্সিংয়ের কসরতগুলি ওই আলোকচিত্রীর ওপর বিবার প্রয়োগ করেছেন কিনা। তবে আলোকচিত্রী দাবি করেছেন, সেদিন তাঁর মুখে আঘাত করেছেন বিবার। উল্লেখ্য, ২৭ মে ক্যালিফোর্নিয়ার এক বিপণিবিতানে প্রেমিকা সেলেনা গোমেজকে নিয়ে ছবি দেখতে গিয়েছিলেন বিবার। সেখান থেকে বের হওয়ার পর এক আলোকচিত্রী তাঁদের ছবি তোলার চেষ্টা করলে হঠাত্ই সেই আলোকচিত্রীর দিকে তেড়ে গিয়ে তাঁর গায়ে হাত তোলেন বিবার।