ফেডারেশন নিয়ে নাট্যকর্মীদের হতাশা
প্রা য় সাত বছর ধরে নাটক সরণির গাইড হাউস মিলনায়তন বন্ধ। সংস্কার করা হলেও মহিলা সমিতি মিলনায়তন নাটক মঞ্চায়নের শতভাগ উপযোগী নয়। এতে একেবারেই নাটক সরণিতে নাট্য আড্ডা শূন্যের কোঠায় চলে যাচ্ছে। এখানে কমে গেছে দর্শক। হতাশা নিয়েই কথাগুলো বললেন নাট্যকর্মী পারভেজ। তিনি বলেন, নাটকের একমাত্র সংগঠন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন গাইড হাউসটি আজ পর্যন্ত চালু করতে পারল না। যে উত্সাহ-উদ্দীপনা নিয়ে ফেডারেশনের নতুন কমিটি হলো, তারাও সেভাবে সক্রিয় নয়। এমন অনেক নাট্যকর্মীর সঙ্গে সুর মিলিয়ে খোদ ফেডারেশনের নতুন কমিটির অনেকেরই ফেডারেশন নিয়ে অভিযোগ করলেন। নতুন কমিটির বয়স প্রায় আট মাস পার হতে চলল। অথচ ফেডারেশনের আয়োজনে নাট্যাঙ্গন সেভাবে জেগে উঠতে পারছে না। অবশ্য এ জন্য অনেকেই ফেডারেশনের কিছু নেতাকে দায়ী করছেন। তাঁরা বলছেন, গত তিন মাসে মাত্র একটি সভা হয়েছে। তাও ১ ফেব্রুয়ারির নাট্যোত্সব ঘিরে। অথচ সভাটি আরও আগে হওয়ার কথা। শুধু তা-ই নয়, নতুন কমিটির সভাগুলো হচ্ছে খাপছাড়া। পুরো কমিটির ৮-১০ জন সদস্য ভালোভাবে সক্রিয়। দীর্ঘদিন পর সভা হলেও সব সদস্য সেখানে অংশ নিচ্ছেন না। অনেক নাট্যকর্মীর অভিযোগ, খোদ ফেডারেশনের প্রথম সারির নেতাদের কেউ কেউ নিজের কাজ নিয়ে বেশি ব্যস্ত থাকেন। প্রতি মাসেই নিজের কাজ নিয়ে দেশ-বিদেশ সফর করেন। ফলে ফেডারেশনের কাজের সমন্বয়হীনতাও চরমে। এ ব্যাপারে মহানগর সাংগঠনিক সম্পাদক আহাম্মদ গিয়াস বলেন, ‘ফেডারেশনের গতানুগতিক কাজের বাইরে আমরা এখনো ওইভাবে কাজ শুরু করতে পারছি না। সভাগুলোও ঠিকমতো যে হচ্ছে, ঠিক তাও নয়। তবে আমরা তো চেষ্টা করছি।’ নাট্যকর্মী, আলোক পরিকল্পক ঠান্ডু রায়হান বলেন, ‘ফেডারেশনের কার্যক্রম তো ভালোই চলছে। তবে লিয়াকত আলী এই সংগঠনের সভাপতি। তাঁকে আমি অনুরোধ করব, সাংস্কৃতিক অঙ্গনে তাঁর নিজের কাজের মধ্যে সবার আগে ফেডারেশনকে সময় দিতে।’তরুণ নাট্যজন মোহাম্মদ বারী বলেন, ‘ফেডারেশন দিবস, বিশেষ দিনের নাট্যোত্সবসহ আনুষ্ঠানিক কাজগুলো ফেডারেশন করছে। তবে এর বাইরে গিয়ে ফেডারেশন আমাদের নতুন কিছু দিতে পারছে না। থিয়েটার নিয়ে সৃজনশীল কাজের পরিকল্পনা, ইঙ্গিত বা সে ধরনের কোনো দিকনির্দেশনা এখনো নেই। নাট্যকর্মীরা যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে নতুন নেতৃত্ব নির্বাচন করেছেন, এর প্রতিফলন গত আট মাসে দেখা যায়নি। ফলে সংগঠনটি নিয়ে যে সমালোচনা হচ্ছে, তা থেকে মুক্তি পাচ্ছে না ফেডারেশন।’এ ব্যাপারে ফেডারেশনের সহকারি মহাসচিব আক্তারুজ্জামান বলেন, ‘ফেডারেশনের মূল চালিকাশক্তি হলো সভাপতি ও মহাসচিব। আমরা সহায়ক শক্তি। তাঁরা ফেডারেশনকে যেভাবে চালাবেন, সেভাবেই চলবে।’ নাম প্রকাশ না করার শর্তে ফেডারেশনের একজন নেতা বলেন, ‘আমাদের নেতারা শুধু দীর্ঘদিন ধরে পরিকল্পনাই করছেন। বাস্তবে তার কোনো প্রতিফলন নেই। আর বাস্তবায়ন হবেই বা কীভাবে? নিজের কাজ নিয়েই তো দেশ-বিদেশে কেউ কেউ ব্যস্ত সময় কাটাচ্ছেন। তিন মাসে আগেই আলোচনা হয়েছিল, সারা দেশে বিভাগীয় পর্যায়ে নাট্যকর্মী, নির্দেশনা, আলোক পরিকল্পনা, সেট, পাণ্ডুলিপি লেখার কর্মশালা শুরু হবে। এখনো তা আলোর মুখ দেখেনি। শুধু দু-একজন মানুষের ফেডারেশনের দিকে সঠিকভাবে নজর না দেওয়ার জন্য এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’ মহাসচিব জেনারেল ঝুনা চৌধুরী বলেন, ‘সত্যি কথা বলতে কি, আমরা এখনো পর্যন্ত গুছিয়ে উঠতে পারছি না। অনেক পরিকল্পনাই করা হয়েছে। কিন্তু অর্থের অভাবে সবকিছু আটকে গেছে।’এদিকে তিন মাস আগে দেশব্যাপী ফেডারেশনের নানা কর্মশালা শুরু করার ঘোষণা দিয়েছিলেন সভাপতি। তার খবর কী? এ প্রসঙ্গে জানতে চাইলে সভাপতি লিয়াকত আলী বলেন, দেশব্যাপী কর্মশালা চলছে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে মিলনায়তনসহ নানা সমস্যাও চিহ্নিত করে কেন্দ্রে জানানোর কাজও চলছে। তবে এ ব্যাপারে ফেডারেশনের খুলনা বিভাগীয় সভাপতিমণ্ডলীর সদস্য যশোর বিবর্তনের প্রধান সানোয়ার আলম বলেন, ‘স্থানীয় পর্যায়ে মিলনায়তনের সমস্যাসহ থিয়েটার নিয়ে যেকোনো সমস্যা চিহ্নিত করার তাগিদ কেন্দ্র থেকে দিলেও কোনো কর্মশালার কাজ আমাদের বিভাগে নেই। কর্মশালার কাজের ব্যাপারে এখনো তো আলাপই হয়নি। বিষয়টি তো আমরা জানি না। আর অন্য কোনো বিভাগে হচ্ছে কি না, তাও আমার জানা নেই। তবে ২৯ তারিখের সভায় আমরা কবে নাগাদ কর্মশালা করতে পারব, তা উপস্থাপন করব।’সব অভিযোগ খণ্ডন করে লিয়াকত আলী বলেন, ‘আমরা প্রথম থেকেই ফেডারেশন নিয়ে জোরালো কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে সব নতুন কাজ ভাগ করে দেওয়া হয়েছে। এ জন্য উপকমিটি গঠন করা হয়েছে। একেকজনকে উপকমিটির নেতৃত্ব দেওয়া হয়েছে। এখন তাঁরা যদি ঠিকমতো কাজ না করেন, তাহলে আমার কী করার আছে। এ ছাড়া দেশব্যাপী আমরা ব্যাপক কর্মশালা হাতে নিয়েছি। এর মধ্যে বিটিভিতে মঞ্চনাটক যাতে নিয়মিত হয়, সে ব্যাপারে আমরা বিটিভি কর্তৃপক্ষের সঙ্গে বসেছি, বাইরে থেকে দল আনার ব্যাপারে যে জটিলতা দিনের পর দিন ঘুরপাক খাচ্ছে, সে ব্যাপারেও আমরা সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। তবে গাইড হাউসটি নিয়ে এখনো আমরা সফল হতে পরিনি।’ কিন্তু নাট্যকর্মীরা যে অভিযোগ করছেন, সঠিক নেতৃত্বের অভাবে এটি উদ্ধার হচ্ছে না, এ বিষয়ে তিনি বলেন, ‘বিষয়টি ঠিক তা নয়। আমরা অনেকবারই গাইড হাউস কর্তৃপক্ষের কাছে গেছি। কিন্তু তারা এ ব্যাপারে সহযোগিতা করছে না।’ফেডারেশনের কাজ নিয়ে নাট্যজন রামেন্দু মজুমদার বলেন, শুধু দিবস উদ্যাপন করাটা ফেডারেশনের কাজ নয়। জাতীয় পথনাট্যোত্সব ও জাতীয় নাট্যোত্সব করতে হবে। এর বাইরেও থিয়েটারকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করা উচিত। তবে গত আট মাসে ফেডারেশনের নতুন কমিটি নতুন কিছুই দিতে পারেনি।