ফেডারেশনের চৈত্রসংক্রান্তি
১৩ এপ্রিল। সূর্য কেবল পূর্বাকাশে হেলে পড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) জড়ো হয়েছেন অসংখ্য নাট্যকর্মী। তাঁদের মধ্যে নারী নাট্যকর্মীর সংখ্যাই বেশি। সবার কণ্ঠে প্রতিবাদের ভাষা। মুহূর্তেই তাঁরা শুরু করলেন শোভাযাত্রা। এখানে দেখা গেল ফেরদৌসী মজুমদার, লাকী ইনাম, আফরোজা বানু, রোকেয়া রফিক বেবিসহ অসংখ্য নারী নাট্যকর্মীকে। তাঁদের পেছনে হেঁটে চলেছেন পুরুষ নাট্যকর্মীরা। এ বছর বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের উদ্যোগে চৈত্রসংক্রান্তি উদ্যাপন উপলক্ষে বর্ণিল অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি এই অনুষ্ঠানেরই অংশ। এবারের পুরো আয়োজনে ছিল নারী নাট্যকর্মীদের প্রাধান্য।এদিকে শোভাযাত্রাটি ততক্ষণে পৌঁছে গেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে। চৈত্রসংক্রান্তি অনুষ্ঠানের মূল আয়োজন এখানেই—জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে।এখানে দেখা মিলল অনুষ্ঠানের আহ্বায়ক শাহ আলম দুলালের। তিনি বলেন, ‘এক যুগ ধরে এই সংস্কৃতি আমরা চালু রেখেছি।’সূর্য তখন ডুবুডুবু। নাট্যকর্মীদের হাতে শত শত মশাল। এই মশাল প্রজ্বালন করে অতীতের সব গ্লানি ও দুঃখ-কষ্টকে বিদায় জানানোর অপেক্ষায় প্রহর গুনছেন সবাই। অবশেষে ঘনিয়ে এল সেই মাহেন্দ্রক্ষণ। প্রজ্বালিত হলো মশাল। আর সঙ্গে সঙ্গে শত কণ্ঠে শোনা গেল, ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে।/ এ জীবন পুণ্য করো...।’এর মধ্যে মিলনায়তনের ভেতরে মঙ্গলনৃত্য নিয়ে প্রস্তুত নৃত্যপটীয়সীরা। শুরু হলো নৃত্যের অপূর্ব বিভঙ্গ।নৃত্য শেষে মঞ্চে আসেন উপস্থাপক চন্দন রেজা। এ সময় বক্তব্য দেন বিশ্ব নাট্য সংস্থার সভাপতি রামেন্দু মজুমদার ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক ঝুনা চৌধুরী।ওদিকে ততক্ষণে মঞ্চ এসেছেন আবৃত্তিশিল্পী ও নাট্যকর্মীরা—রেজিনা লীনা, শিরীন ইসলাম, লায়লা আফরোজ ও সাবিরা মাহবুব।হঠাৎ মঞ্চজুড়ে অন্ধকার, মিলনায়তনে ধোঁয়াটে আবহ। ‘শুনিলে প্রাণ চমকে ওঠে দেখতে যেমন ভুজঙ্গনা, যেখানে সাঁইর বারামখানা...।’ বারামখানা নাটকের গান নিয়ে মঞ্চে এসেছেন থিয়েটার বেইলি রোডের সদস্যরা। এক্ষণে একে একে আরও নাটকের গান পরিবেশন করল সুবচন নাট্য সংসদ, নাগরিক নাট্যাঙ্গণ, অনসাম্বল ও নাট্যকেন্দ্র।অনুষ্ঠানের শেষ অংশে ছিল ওস্তাদ শাহাদাত হোসেন খানের সরোদ বাদন। দুই কন্যাকে পাশে নিয়ে তাঁর অপূর্ব বাদন দর্শকদের মন ছুঁয়ে গেল মুহূর্তেই। রাত বাড়তে বাড়তে ১১টা। চৈত্রসংক্রান্তি অনুষ্ঠানের শেষ। কিন্তু নাট্যকর্মীদের অনানুষ্ঠানিক আড্ডা কি শেষ হয়!