ফেডারেশনের পথনাট্য উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবারের মতো এবারও ফেব্রুয়ারি মাসকে ধরে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন সাত দিনের পথনাট্য উত্সব আয়োজন হাতে নিয়েছে। ফেডারেশনের ঢাকা মহানগরের আয়োজনে শহীদ মিনারের পাদদেশে ১ ফেব্রুয়ারি থেকে এই উত্সব শুরু হবে, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে ফেডারেশন থেকে জানানো হয়েছে, ফেডারেশনের ঢাকা মহানগরের আয়োজনের সঙ্গে সঙ্গে ঢাকাসহ ঢাকার বাইরের ছয়টি বিভাগীয় শহরেও তিন দিন করে এই উত্সব হবে। সেই ক্ষেত্রে ২ ফেব্রুয়ারি থেকে ঢাকার বাইরের উত্সব শুরু হবে। বিভাগীয় শহরগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, সিলেট ও খুলনা। ফেডারেশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আক্তারুজ্জামান বলেন, ‘আমরা ইতিমধ্যে মহানগরের ফেডারেশনভুক্ত সব দলকেই নাটক নিয়ে উত্সবে যোগ দেওয়ার জন্য চিঠি দিয়েছি। প্রায় ৭০টি চিঠি ছাড়া হয়েছে। আমরা আশা করছি প্রতিবারের মতো এবারও প্রায় ৬০টি দল অংশ নেবে।’ তিনি আরও বলেন, উত্সবের উদ্বোধক, অতিথির বিষয়ে এখনো চূড়ান্ত হয়নি। কয়েক দিনের মধ্যেই বিষয়টি নিয়ে আলোচনা হবে। এদিকে ইচ্ছে করলে ঢাকার বাইরের দলও এই উত্সবে নাটক প্রদর্শন করতে পারবে বলে ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে। এবারও উত্সবে নতুন ও মুক্তিযুদ্ধের নাটককে প্রাধান্য দেওয়া হবে। ঝুনা চৌধুরী বলেন, ‘আমরা এবার নতুন ও মুক্তিযুদ্ধের নাটককে বেশি প্রাধান্য দিচ্ছি। এবং প্রতিটি চিঠিতেই বিষয়টি জানানো হয়েছে। যেসব দল কম কাজ করে তাদের নতুন নাটক নিয়ে উত্সবে যোগ দেওয়ার বিষয়ে চাপও দেওয়া হয়েছে।’জানা গেছে, উত্সবে আরণ্যক নাট্যদল, সুবচন নাট্য সংসদ, সময়, প্রাচ্যনাট, থিয়েটার আর্ট ইউনিট, ঢাকা পদাতিক, নাট্যকেন্দ্র, ভিশন থিয়েটার প্রভৃতি দল অংশ নেবে।