ফেনী ও ময়মনসিংহে সাংস্কৃতিক মেলা
ফেনীতে গতকাল শুক্রবার থেকে তিন দিনব্যাপী দেশীয় সাংস্কৃতিক মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।গতকাল বিকেলে শহরের অধুনালুপ্ত শহীদ জহির রায়হান মিলনায়তন চত্বরে মেলা প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে শেষ হয়। এরপর শুরু হয় আলোচনা সভা। আলোচনা সভা শেষে মেলা প্রাঙ্গণে ফেনীর আঞ্চলিক গান, লালনগীতি ও বাউল গান পরিবেশন করে আর্য সাংস্কৃতিক কেন্দ্র, পূবালী সাংস্কৃতিক কেন্দ্র, উদয়ন সাংস্কৃতিক কেন্দ্র, নজরুল একাডেমীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা। ময়মনসিংহ অফিস জানায়, দেশজ সংস্কৃতি বিকাশে ময়মনসিংহে গতকাল শুক্রবার থেকে তিন দিনব্যাপী দেশজ সাংস্কৃতিক মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে শহরের টাউন হল মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন এ মেলার আয়োজন করে। জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গতকাল শুক্রবার সন্ধ্যায় তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। আলোচনা শেষে বাউল গান, কিসসা ও ভাটিয়ালি গান এবং নাটক কুমারখালীর চর পরিবেশন করে ঝিলিক নাট্যগোষ্ঠী।