ফেব্রুয়ারি নয়, আশা ভোঁসলে ঢাকায় আসছেন এপ্রিলে
ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আশা ভোঁসলের কনসার্ট হওয়ার কথা ছিল ১১ ফেব্রুয়ারি। কিন্তু আয়োজক প্রতিষ্ঠান মিরর মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান ভূঁইয়া গতকাল সোমবার জানান, কনসার্টটির তারিখ একটু পেছাতে হয়েছে। একই স্থানে কনসার্টটি অনুষ্ঠিত হবে আগামী ৮ এপ্রিল। শাহজাহান ভূঁইয়া বললেন, ‘ফেব্রুয়ারি মাসে বিশ্বকাপ ক্রিকেটসহ আরও কয়েকটি অনুষ্ঠান হবে। যেহেতু আশা ভোঁসলের এই কনসার্টটি অনেক বড় আয়োজন এবং গুরুত্বপূর্ণ, এ কারণে তারিখটি একটু পিছিয়েছি। কনসার্টে আশা ভোঁসলের সঙ্গে গান করতে আসছেন অমিত কুমার। প্রয়াত কিশোর কুমারের সঙ্গে আশা ভোঁসলের অসংখ্য দ্বৈত গান রয়েছে। সেসব গানে কণ্ঠ দেওয়ার জন্য তিনি কিশোর কুমারের ছেলে অমিত কুমারকে আমন্ত্রণ জানানোর পরামর্শ দেন।’ শাহজাহান ভূঁইয়া আরও বলেন, অনুষ্ঠানে আরও গান করবেন কুমার বিশ্বজিৎ ও সামিনা চৌধুরী। এরই মধ্যে এই দুই শিল্পীর সঙ্গেও আলোচনা চূড়ান্ত হয়েছে।