ফেব্রুয়ারিতে উনত্রিশতম জাতীয় কবিতা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় কবিতা পরিষদের আয়োজনে আগামী ১ ও ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে উনত্রিশতম জাতীয় কবিতা উৎসব। ভেন্যু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি চত্বর। ইতিমধ্যে এ উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আগামী উৎসবকে সামনে রেখে সম্প্রতি জাতীয় কবিতা পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে কবি হাবীবুল্লাহ সিরাজীর সভাপতিত্বে পরিষদের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় উৎসবকে সফল করার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে জাতীয় কবিতা পরিষদের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য কবি মুহাম্মদ সামাদকে আহ্বায়ক এবং পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক কবি তারিক সুজাতকে যুগ্ম আহ্বায়ক করে উৎসব পরিষদের কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত হয়।
সভায় ৩১ ডিসেম্বরের মধ্যে সারা দেশে কবিতা পরিষদের জেলা ও শাখাগুলোকে কবিতা উৎসব সম্পন্ন করে আগামী ১ ও ২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় কেন্দ্রীয় উৎসবে যোগদানের প্রস্তুতি নিতে অনুরোধ করা হয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিবছরের মতো এবারও উৎসবে বাংলাদেশের নবীন-প্রবীণ কবিসহ অন্যান্য দেশের কবিরা অংশ নেবেন। ইতিমধ্যে সুইজারল্যান্ড, ইংল্যান্ড, সুইডেন, অস্ট্রেলিয়া, ফিলিপাইন ও ভারতের কবিরা আগামী উৎসবে অংশগ্রহণের বিষয় চূড়ান্ত করেছেন।