ফেব্রুয়ারিতে ঢাকা আর্ট সামিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় চিত্রশালা মিলনায়তনে ঢাকা আর্ট সামিটের সংবাদ সম্মেলনে (বাঁ থেকে) গাউসুল আলম, নাদিয়া সামদানি, লিয়াকত আলী, মনিরুজ্জামান l ছবি: প্রথম আলো
জাতীয় চিত্রশালা মিলনায়তনে ঢাকা আর্ট সামিটের সংবাদ সম্মেলনে (বাঁ থেকে) গাউসুল আলম, নাদিয়া সামদানি, লিয়াকত আলী, মনিরুজ্জামান l ছবি: প্রথম আলো

তৃতীয়বারের মতো ঢাকায় আয়োজন করা হবে দক্ষিণ এশীয় শিল্পকলাবিষয়ক সর্ববৃহৎ শিল্পকলার মঞ্চ ঢাকা আর্ট সামিট। গতকাল বৃহস্পতিবার শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালার মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই সামিটের তারিখ ঘোষণা করা হয়। জানানো হয়, ২০১৬ সালের ৫ থেকে ৮ ফেব্রুয়ারি সামদানি আর্ট ফাউন্ডেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী যৌথভাবে আয়োজন করবে ঢাকা আর্ট সামিটের তৃতীয় আয়োজন। তৃতীয় ঢাকা আর্ট সামিট একটি অবাণিজ্যিক (নন-কমার্শিয়াল প্ল্যাটফর্ম) মঞ্চ হিসেবে বাংলাদেশ এবং পৃথিবীর নানা প্রান্ত থেকে শিল্পী, কিউরেটর, জাদুঘর প্রতিনিধি, স্কলার এবং পরিদর্শকদের একত্র করবে।
গতকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ন্যাশনাল আর্ট গ্যালারি মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী, ঢাকা আর্ট সামিটের পরিচালক নাদিয়া সামদানি, ঢাকা আর্ট সামিটের সাংগঠনিক কমিটির সদস্য গাউসুল আলম ও বাংলাদেশি কনটেম্পরারি আর্ট এক্সিবিশন কিউরেটর মনিরুজ্জামান।
লিখিত বক্তব্যে নাদিয়া সামদানি বলেন, ঢাকা আর্ট সামিটের তৃতীয় সংস্করণে কিছু নতুন মাত্রা যোগ হবে। ‘রিওয়াইন্ড’ বিভাগে ১৯৮০ সালের আগের দক্ষিণ এশীয় শিল্পীদের শিল্পকর্ম প্রদর্শন করা হবে। এই বিভাগের উপদেষ্টা হিসেবে থাকবেন রুবিন মিউজিয়ামের বেথ সাইট্রোন, এশিয়া আর্ট আর্কাইভের সাবিহ আহমেদ, গুগেনহাইম মিউজিয়ামের আমারা আনটিলা। আরেকটি বিভাগে (ক্রিটিক্যাল রাইটিং) ২০ জন শিল্পবিষয়ক লেখক দক্ষিণ এশীয় শিল্পবিষয়ক পরীক্ষামূলক লেখা নিয়ে গবেষণা করবেন। সামিটের আরেকটি আকর্ষণ হলো, স্পিকার প্যানেলে বাংলাদেশসহ পৃথিবীর ১৫টি দেশের মোট ৩৫ জন স্পিকার তাঁদের অভিজ্ঞতা সামিটে আসা দর্শকদের কাছে ব্যক্ত করবেন।
অন্যবারের মতো এবারও সামদানি আর্ট অ্যাওয়ার্ড দেওয়া হবে। পুরস্কার হিসেবে একজন উদীয়মান বাংলাদেশি শিল্পী পাবেন লন্ডনের ডেলফিনা ফাউন্ডেশনে তিন মাসের আবাসিক কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ। আর্ট সামিটে আরও থাকছে বাংলাদেশি শিল্পীদের নিয়ে একটি প্রদর্শনী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পৃথিবীর উল্লেখযোগ্য জাদুঘরের প্রতিনিধি যেমন লন্ডনের টেট মডার্ন, প্যারিসের সেন্টার পমপিডু, নিউইয়র্কের গুগেনহাইম এবং শিল্পী নিখিল চোপড়াসহ আরও অনেকে তৃতীয় ঢাকা আর্ট সামিটের কিউরেটরিয়াল দলের সঙ্গে যুক্ত। সামদানি আর্ট অ্যাওয়ার্ড ২০১৬-এর বিচারকমণ্ডলীতে থাকবেন ডেলফিনা ফাউন্ডেশন, দ্য নিউ মিউজিয়াম, কুন্সঠাল জুরিখ এবং সেন্টার পমপিডুর মতো উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।