ফের আলিঙ্গন সালমান-শাহরুখের!

সালমান-শাহরুখ। বলিউডের যুযুধান দুই খান। মাঝে কিছুদিন একে অপরের ছায়াও মাড়াতেন না। একজন ডানে গেলে অন্যজন যেতেন বাঁয়ে। অবশ্য গত রমজান মাসে বলিউডের চিরপ্রতিদ্বন্দ্বী এ দুই খান পরস্পর আলিঙ্গনাবদ্ধ হয়ে দীর্ঘ পাঁচ বছরের বিবাদ মিটিয়েছিলেন। যদিও এর কিছুদিন পরই আবারও বিবাদের আগুনের ধোঁয়া উঠতে শুরু করেছিল, তবে সম্প্রতি ফের একে অপরকে আলিঙ্গন করে খবরের শিরোনাম হলেন বলিউডের এ দুই তারকা-অভিনেতা।
সম্প্রতি একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ‘করণ-অর্জুন’ তারকা শাহরুখ-সালমান। অনুষ্ঠানটির সঞ্চালক হিসেবে ছিলেন সালমান। পুরস্কার নিতে শাহরুখ মঞ্চে উঠলে তাঁর সঙ্গে বুকে বুক মেলান সালমান। এক খবরে এ তথ্য জানিয়েছে জিনিউজ।
এই সুযোগে শাহরুখকে দিয়ে ‘জয় হো’ ছবির প্রচারণার কাজটিও করিয়ে নিয়েছেন সালমান। তিনি শাহরুখকে ‘জয় হো’ বলার অনুরোধ করলে হাসিমুখেই তা করেন কিং খান। শুধু তা-ই নয়, সালমান-স্তুতিও শোনা যায় শাহরুখের মুখে।
সালমানকে উদ্দেশ করে শাহরুখ বলেন, ‘সালমানের উপস্থিতিতে এই পুরস্কার পাওয়ায় অনেক ভালো লাগছে। কারণ তার মতো চমত্কার একজন পেশাদার আনন্দদানকারী আমাদের চলচ্চিত্র শিল্প খুব কমই দেখেছে।’