ফের আলোচনায় নার্গিস ফাখরি-উদয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নার্গিস ফাখরি ও উদয় চোপড়া
নার্গিস ফাখরি ও উদয় চোপড়া

সদ্য মুক্তিপ্রাপ্ত ‘মাদ্রাজ ক্যাফে’ ছবি দেখতে একসঙ্গে প্রেক্ষাগৃহে হাজির হয়ে ফের খবরের শিরোনামে এলেন নার্গিস ফাখরি ও উদয় চোপড়া।

একসঙ্গে ছবিটি উপভোগ করলেও, হল থেকে বের হয়ে আলাদাভাবে যে যাঁর গাড়িতে চেপে সেখান থেকে চলে যান তাঁরা। ঝামেলা এড়াতে উদয়ের সিদ্ধান্তেই এমনটা করেছেন বলিউডের আলোচিত এ তারকা জুটি।

অনেক দিন থেকেই নার্গিস ও উদয়ের প্রেম নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে বলিউডে। লুকোচুরি না খেলে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়ে পরোক্ষভাবে নিজেদের প্রেমের সম্পর্কের জানানও দিয়েছিলেন তাঁরা। পরিবারের সদস্যদের সম্মতিতে এ জুটি বিয়ে করতে যাচ্ছে বলেও খবর চাউর হয়েছিল। কিন্তু গত জুনে হঠাত্ করেই নিজেকে একা দাবি করেন নার্গিস।

জন আব্রাহাম অভিনীত ও প্রযোজিত ‘মাদ্রাজ ক্যাফে’ ছবিটি মুক্তি পেয়েছে ২৩ আগস্ট শুক্রবার। ছবিটির কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেছেন নার্গিস। সম্প্রতি ছবিটির একটি প্রদর্শনী দেখতে উদয়ের সঙ্গে প্রেক্ষাগৃহে হাজির হন তিনি। এক খবরে এ তথ্য জানিয়েছে ‘মিড-ডে’।  

এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের ভাষ্য, ‘সন্ধ্যা ছয়টার শো দেখেছেন নার্গিস ও উদয়। বিশেষ বন্ধু পরিচয়ে নার্গিসের সঙ্গে হলের ভেতরের সাউন্ড স্টুডিওতে প্রবেশ করেন উদয়। দর্শক সারির পরিবর্তে সেখানে বসেই পুরো ছবিটি উপভোগ করেন তাঁরা। রাত নয়টার দিকে হল থেকে বের হয়ে তাঁরা যে যার পথে চলে যান।’  

২০১১ সালে ‘রকস্টার’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন মডেল নার্গিস ফাখরি। শুরুতে সহ-অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে তাঁর প্রেমের গুজব রটেছিল। পরে উদয়ের সঙ্গে নার্গিসের প্রেমের খবর প্রকাশ পায়। তাঁরা এক বছর চুটিয়ে প্রেম করেন। বিভিন্ন জায়গায় বহুবার তাঁদের একসঙ্গে দেখা গেছে।

চলতি বছরের মার্চে নার্গিস ফাখরির সঙ্গে প্রয়াত যশ চোপড়ার ছেলে উদয় চোপড়ার বিয়ের খবর চাউর হয়। ফিল্মফেয়ার ম্যাগাজিনে প্রকাশিত এক খবরে বলা হয়েছিল, নার্গিস-উদয়ের বিয়ে নিয়ে তাঁদের পরিবারের সদস্যরা বিস্তারিত আলোচনা করেছেন। কিন্তু মাত্র এক মাস পর উদয়ের সঙ্গে বিয়ের খবরকে গুজব বলে দাবি করেন নার্গিস। পরে নিজেকে একা বলেও দাবি করেন তিনি।

এ প্রসঙ্গে ৩৩ বছর বয়সী নার্গিসের ভাষ্য ছিল, ‘উদয় এবং আমাকে ঘিরে সবাই এ ধরনের কথা কেন বলছেন, তার কারণ সত্যিই আমার জানা নেই। স্পষ্ট করে বলতে চাই, আমি এখন সম্পূর্ণ একা। আমার সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত হয়ে আছে পেশাগত কাজের প্রতি। প্রেম-ভালোবাসার পেছনে ব্যয় করার মতো সময় আমার হাতে নেই। প্রচণ্ড ব্যস্ততার মধ্য দিয়ে আমার দিন কাটছে। এই ব্যস্ততাকে আমি দারুণ উপভোগ করছি।’