ফের জুটি বাঁধলেন অপি-সজল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন পর্যন্ত বেশ কয়েকটি নাটকে জুটি হিসেবে দেখা গেছে ছোটপর্দার জনপ্রিয় দুই তারকা অপি করিম ও সজলকে। সম্প্রতি আবারও জুটি বেঁধে অভিনয় করলেন তাঁরা। আসছে ঈদ উপলক্ষে নির্মিত ‘ভরসা থাকুক চোখের পাতায়’ নাটকে জুটি বেঁধেছেন অপি-সজল।
নাটকটিতে অভিনয়ের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে অপি বলেন, ‘নুজহাত আলভী আহমেদ এবং সজলের সঙ্গে আমি এর আগেও অনেক কাজ করেছি। তাঁরা অনেক ভালো কাজ করেন। এই নাটকটিতে কাজ করেও আমার ভালো লেগেছে।’
‘ভরসা থাকুক চোখের পাতায়’ নাটকের গল্পে দেখা যাবে, অপি পালক সন্তান। সজলের সঙ্গে তাঁর বিয়ে ঠিক হয়। অপি পালক সন্তান জানার পর বিয়ে ভেঙে দেন সজলের ফুফু। কিন্তু শেষ পর্যন্ত অপির কাছেই ফিরে আসেন সজল।
নির্মাতা সূত্রে জানা গেছে, নুজহাত আলভী আহমেদ পরিচালিত ‘ভরসা থাকুক চোখের পাতায়’ নাটকটি ঈদের দ্বিতীয় দিন বাংলাভিশন টিভি চ্যানেলে প্রচারিত হবে।