ফের বাবার বইয়ের প্রচ্ছদশিল্পী বিপাশা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফের বাবা আবুল হায়াতের বইয়ের প্রচ্ছদ আঁকলেন মেয়ে বিপাশা হায়াত। এটি এবারের বইমেলায় প্রকাশিত হবে। শোধ নামের গল্পগ্রন্থটি প্রকাশ করছে প্রিয়মুখ প্রকাশনী। এটি আবুল হায়াতের ২১তম বই।
আবুল হায়াত বলেন, ‘ছাত্রাবস্থায় বিপাশা প্রথম আমার বইয়ের প্রচ্ছদ এঁকেছিল। তা ছাড়া আমিও শুরু থেকে চেয়েছি আমার বইয়ের প্রচ্ছদ যেন বিপাশাই আঁকে। শুরুতে এটা ছিল আমার শখ। আর এখন তা রীতিমতো চাওয়ায় পরিণত হয়েছে। তা ছাড়া বিপাশা তো এখন অনেক পরিণত শিল্পী।’
শোধ বই প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘যত দূর জানতে পেরেছি বইমেলায় প্রথম সপ্তাহে বাজারে আসবে শোধ। এতে ছোট-বড় পাঁচটি গল্প রয়েছে। আশা করছি, শোধ নামের বইটি পাঠকদের ভালো লাগবে।’
আবুল হায়াতের লেখা প্রথম উপন্যাস আপ্লুত মরু প্রকাশিত হয় ১৯৯১ সালে। গত বছর অনুষ্ঠিত বইমেলায় প্রকাশিত হয় তাঁর লেখা তিনটি বই।