ফের বিচ্ছেদ রিয়ান্না-ক্রিস ব্রাউনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমা সংগীতের জনপ্রিয় দুই তারকা রিয়ান্না ও ক্রিস ব্রাউন ফের বিচ্ছেদের পথে হাঁটলেন। এ জুটির ভেঙে যাওয়া প্রেম জোড়া লেগেছিল গত জানুয়ারিতে। কিন্তু মাত্র চার মাসের মাথায় আবারও যে যার পথ বেছে নিলেন তাঁরা। সম্প্রতি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ক্রিস ব্রাউন। বয়সে এক বছরের বড় রিয়ান্নার সঙ্গে আবার বিচ্ছেদ প্রসঙ্গে ক্রিসের ভাষ্য, ‘রিয়ান্নার সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়াটাকে এ মুহূর্তে যুক্তিযুক্ত মনে করছি না। আমার বয়স অনেক কম। এখনই কাউকে বিয়ে করে থিতু হওয়া আমার পক্ষে সম্ভব নয়। যতটা সম্ভব “সেরা ক্রিস ব্রাউন” হতে হবে আমাকে।’ জানিয়েছে ‘ইঅনলাইন’। এদিকে, গতকাল ৫ মে ছিল ক্রিসের ২৪তম জন্মদিন। তিনি সাবেক প্রেমিকা ও মার্কিন মডেল ট্র্যানের সঙ্গে এবারের জন্মদিন উদযাপন করেছেন। রিয়ান্নার সঙ্গে পুনর্মিলনের আগে বছর খানেক প্রেম করেছিলেন ক্রিস এবং ট্র্যান। প্রসঙ্গত, চার বছর আগে গ্র্যামি পুরস্কার প্রদান অনুষ্ঠানের এক দিন আগে প্রেমিকা রিয়ান্নার গায়ে হাত তুলে ফেঁসে গিয়েছিলেন ক্রিস। তাঁর হামলায় আহত হয়ে হাসপাতালে যেতে হয়েছিল রিয়ান্নাকে। পরে ক্রিসের সঙ্গে সম্পর্ক ছিন্নের পাশাপাশি গৃহ-সন্ত্রাসের অভিযোগে মামলা করেন রিয়ান্না। তবে গত বছর এই জুটির পুনর্মিলনের আভাস পাওয়া যায়। চলতি বছরের জানুয়ারিতে রিয়ান্না নিশ্চিত করেন, আবার একে অপরের জীবনে ফিরে এসেছেন তাঁরা।