ফের যাত্রাপুরে যাত্রাগান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের যাত্রাপুরে ফের যাত্রাগান শুরু হয়েছে। এর আগে এই স্থানে একবার মৌসুমি যাত্রা হয়ে গেছে। এখন যা হচ্ছে তা অসময়ের যাত্রা। এ যাত্রা ‘আষাঢ়ে’ যাত্রানামে খ্যাত। যশোর জেলার মনিরামপুর থেকে সংগঠিত মোশাররফ হোসেন নয়নের আনন্দ অপেরা গানবাজনা করছে এখানে। মৌসুমি যাত্রাও ছিল আনন্দ অপেরার। আনন্দ সম্ভবত এখান থেকেই ছুটিতে যাবে। এ দলের জনপ্রিয় জুটি হচ্ছে যুথিকা-সেলিম রেজা।অন্যতম পালা: মানবী দেবী, জেল থেকে বলছি, দেবী সুলতানা, মমতাময়ী মা, মা বিক্রির মামলা, সাত পাকে বাঁধা ও মরমি বধূ। এখানে আনন্দের মা বিক্রির মামলা পালা দেখতে শত শত নারী-পুরুষের ভিড় জমে প্যান্ডেলে। দিনে এই বৃষ্টি এই রোদ। রাতে মেঘলা আকাশ। ঘুট ঘুটে অন্ধকার। প্যান্ডেলের বাইরে তাকালেই গা ছম ছম করে ওঠে। এমনই পরিবেশের মধ্যে লোক আসছে। সন্ধ্যা নামতেই লোক আসতে শুরু করে। টিকিট ছাড়া হয় ১০টায়। ততক্ষণে আসরে যন্ত্র এসে গেছে। হারমোনিয়ামের বদলে ক্যাসিও, ঢোল-তবলার জায়গায় প্যাড-ড্রাম, কঙ্গ-বঙ্গ—সব আধুনিক যন্ত্র বাদ্য শুরু হলো।নানা সুরের তালমাত্রার বাদ্যবাজনার পর মূল পালা শুরু হয় রাত ১২টায়। এর আগে গোটা পাঁচেক মেয়ে এসে বিভিন্ন মাত্রার নাচ দেখায়। তাতে অনেক দর্শককে ক্লান্ত ঠেকে। কিন্তু পালা শুরু হতেই সবাই সতেজ হয়ে ওঠে। এ পালার কাহিনির সঙ্গে উপস্থিত দর্শকদের বেশির ভাগই পরিচিত। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচার-অবিচারে দেশ ত্যাগ করে ভারতের শরণার্থী শিবিরে আশ্রয় নেয় হাজার হাজার বাঙালি। সেখানে এক নরখাদকের হিংস্র থাবার শিকার হন এ দেশেরই এক শিক্ষিত দম্পতি। নাটকীয় ঘাত-প্রতিঘাতে শেষ মুহূর্তে এসে দেশ স্বাধীন হয়, তাঁরাও মুক্তি পান। স্বরূপ উন্মোচিত হয় হিংস্র সাদ্দুলের। পালা শেষে দর্শক-শ্রোতা মুগ্ধ হয়ে ফিরে গেছে যে যার মতো। কেউ কেউ সাজঘরে এসে বাহ্বাও দিয়ে গেছে আনন্দের শিল্পীদের। মুক্তিযুদ্ধের আরও একটি পালা আছে আনন্দে।আনন্দের সামাজিক পালাও দর্শকপ্রিয় হচ্ছে। একক মালিকানাধীনে আনন্দ অপেরা প্রায় দেড় যুগ ধরে চালাচ্ছেন মোশাররফ হোসেন নয়ন। এ ছাড়া আরও একটি দল আছে তাঁর। যাত্রার তিনি জাত ব্যবসায়ী। রয়েছে রুচিশীল শিল্পবোধও। দর্শক রুচির বিষয়টি তিনি বোঝেন। ফলে দল হয় ব্যবসাসফল। এবারও আনন্দ আছে সবার ওপরে।