ফের শাহরুখ-ক্যাটরিনা

‘যব তক হ্যায় জান’ ছবির সাফল্যের পর মাঝে কিছুদিন নিশ্চুপই ছিলেন দুজন। সম্প্রতি আবারও জুটি বাঁধলেন বলিউডের তুমুল জনপ্রিয় দুই তারকা শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফ।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে ওয়ান ইন্ডিয়া জানিয়েছে, সম্প্রতি ‘রাইস’ ছবিতে শাহরুখের সঙ্গে জুটিতে অভিনয়ের জন্য ক্যাটরিনাকে প্রস্তাব দেওয়া হলে তিনি ইতিবাচক সাড়া দিয়েছেন।
ছবিটিতে ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খানের বিপরীতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয়ের প্রস্তাব পান ক্যাটরিনা। নির্মাতাদের সঙ্গে আলাপ-আলোচনা শেষে ছবিটিতে কাজ করার জন্য সম্মতি দেন তিনি। এর মাধ্যমে দ্বিতীয়বারের মতো শাহরুখ-ক্যাটরিনা জুটিকে বড় পর্দায় দেখার সুযোগ পেতে যাচ্ছেন দর্শকেরা।
শুরুর দিকে অবশ্য ছবিটির জন্য সোনম কাপুরকে নিতে চেয়েছিলেন নির্মাতারা। তবে শেষ পর্যন্ত শাহরুখের সঙ্গে অভিনয়ের সুযোগ পেলেন ‘বুম’ তারকা ক্যাটরিনা। বর্তমানে হূতিক রোশনের সঙ্গে ‘ব্যাং ব্যাং’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন এ তারকা অভিনেত্রী।