ফের হাসপাতালে রাজ্জাক

শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ে ১৭ জুলাই বৃহস্পতিবার রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন চলচ্চিত্র অভিনেতা রাজ্জাক। তাঁকে আইসিইউতে রাখা হলেও, তাঁর শারীরিক অবস্থা উন্নতির পথে বলেই জানিয়েছেন তাঁর ছোট ছেলে সম্রাট। এর আগে গত মার্চ ও এপ্রিল মাসে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি এ অভিনেতা।
এ প্রসঙ্গে সম্রাট বলেন, ‘শ্বাসকষ্ট ও রক্তচাপ বেড়ে যাওয়ায় গত পরশু রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় বাবাকে। তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। এখন তাঁর শারীরিক অবস্থা কিছুটা ভালো। আশা করছি, আগামীকাল তাঁকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে।’
প্রসঙ্গত, অনেক দিন থেকেই নিউমোনিয়ায় ভুগছেন রাজ্জাক। গত মার্চ মাসের শেষের দিকে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে কয়েক দিন প্রয়োজনীয় চিকিত্সাসেবা নেওয়ার পর কিছুটা সুস্থ বোধ করলে গত ৩ এপ্রিল হাসপাতাল থেকে গুলশানের বাসায় নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু বাসায় ফেরার ২৪ ঘণ্টা পার না হতেই আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারও রাজ্জাককে দ্রুত স্কয়ার হাসপাতালে নিয়ে যান তাঁর পরিবারের সদস্যরা। সেখান থেকে পুরোপুরি সুস্থ হয়ে ৭ এপ্রিল বাসায় ফেরেন রাজ্জাক।