ফেরদৌস ও নিশোর উপস্থাপনায় গেম শো

নতুন কোনো ভাবনা ফেরদৌসকে আকৃষ্ট করতে পারলে তবেই নাকি তিনি উপস্থাপনা করতে সম্মত হন। আর সেই ধারাবাহিকতায় এবারও একটি অনুষ্ঠান উপস্থাপনা করলেন জনপ্রিয় এই নায়ক। প্রথম আলোর সঙ্গে আলাপে তেমনটাই জানালেন বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ফেরদৌস।

সম্প্রতি একটানা শুটিংয়ের মাধ্যমে অনুষ্ঠানটির উপস্থাপনার কাজটি শেষ করেন তিনি। এতে ফেরদৌসের সঙ্গে উপস্থাপক হিসেবে আরও ছিলেন ফারহানা নিশো। তিনি এই অনুষ্ঠানের গ্রন্থনা এবং পরিকল্পনাও করেছেন।
ফেরদৌসের উপস্থাপনায় নির্মিত এই অনুষ্ঠানের নাম ‘লাক বাই চান্স’। ফারহানা নিশো জানান, অভিনয়শিল্পী, গায়ক-গায়িকা, মডেল ও ক্রিকেটারদার নিয়ে ভিন্ন রকম একটা ভাবনা থেকে অনুষ্ঠানটি সাজানো হয়েছে। এই গেম শোর চারটি রাউন্ডের প্রতিটি রাউন্ডেই অংশগ্রহণকারীদের সবার জন্যই থাকছে আকর্ষণীয় সব উপহার। এ ছাড়া অনুষ্ঠানের শুরু এবং শেষে থাকছে দুটি বিশেষ পর্ব; যা এই মুহূর্তে চমক হিসেবেই রাখতে চাইছেন।
ফেরদৌস বলেন, ‘আমি আগেই বলেছি, ভিন্ন রকম কিছু না হলে উপস্থাপনা করি না। আমার কাজ হচ্ছে মন দিয়ে সিনেমায় অভিনয় করা। কিন্তু উপস্থাপনা যখন করি, সেটাও মন দিয়ে করি। এটুকু নিশ্চিত করে বলতে পারি, এটা খুবই মজার একটি অনুষ্ঠান। দেখলে সবাই বুঝতে পারবেন।’
একুশে টেলিভিশনে ঈদের সাত দিন পর্যন্ত দেখানো হবে এই গেম শো।