ফেরদৌস আরার 'আমার সেরা'

প্রখ্যাত সংগীতশিল্পী ফেরদৌস আরার ‘আমার সেরা’ অডিও অ্যালবাম প্রকাশ করল ইমপ্রেস অডিওভিশন। ফেরদৌস আরার কণ্ঠে ৩৭টি বাছাই করা গানের তিনটি সিডি পাওয়া যাবে এক সুদৃশ্য মোড়কে। ‘জনম জনম গেল, পথহারা পাখি, শাওন রাতে যদি, আমি পুরব দেশের পূরনারী, পর জনমে দেখা হবে প্রিয়, শাওন আসিল ফিরে, শুকনো পাতার নূপুর পায়ে, প্রিয় এমন রাত’সহ জনপ্রিয় সব গান রয়েছে এ অ্যালবামে।
রমনা গার্ডেন রেস্তোরাঁয় ১০ অক্টোবর সন্ধ্যায় অ্যালবামটির প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাঁকজমকপূর্ণ এ প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন অধ্যাপক রফিকুল ইসলাম, সুধীন দাশ, শেখ সাদী খান, আবদুল মান্নান, সালাউদ্দিন আহমেদ, খালিদ হোসেন, খায়রুল আনাম শাকিল, নাশিদ কামাল, বিশ্বজিত্ ঘোষ, রেজাউদ্দিন স্টালিন প্রমুখ।
ইমপ্রেস অডিওভিশনের ব্যানারে ঈদুল আজহা উপলক্ষে অ্যালবামটি প্রকাশিত হয়েছে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের সৌজন্যে।