ফেরদৌস ও নিপুণের ‘অন্তর্ধান’
গঙ্গাযাত্রা ছবিতে অভিনয় করেছিলেন ফেরদৌস ও পপি। সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ছবিটি এরই মধ্যে যথেষ্ট প্রশংসিত হয়েছে। এবার ডায়মন্ড তৈরি করছেন আরেকটি ছবি, নাম অন্তর্ধান। এই ছবিতে অভিনয় করছেন ফেরদৌস ও নিপুণ। ৫ মার্চ শুরু হচ্ছে ছবিটির শুটিং। ডায়মন্ড তাঁর নতুন ছবির ভাবনা প্রসঙ্গে বলেন, ‘একসময় পদ্মা ছিল প্রমত্তা। তখন পদ্মায় থইথই পানি ছিল, নৌকা ছিল, ব্যবসা হতো। এখন সেই পদ্মা মরে গেছে। পানির বদলে শুধু ধু-ধু বালুর চর। সেই সুখ-শান্তি আর নেই। এখন শুধু হাহাকার। এমনই গল্প নিয়ে আমার অন্তর্ধান ছবিটি।’ডায়মন্ড জানালেন, রাজশাহীর গোদাগাড়ী এলাকায় পদ্মার চরে টানা ২৫ দিন ছবিটির শুটিং হবে। ফেরদৌস বললেন, ‘অন্তর্ধান ছবিতে আমি মাঝির চরিত্রে অভিনয় করছি। নিপুণ আমার স্ত্রী। পদ্মা শুকিয়ে গেছে। এখন আর নৌকা চলে না। ফলে জীবন-জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। মাঝি সম্প্রদায়ের মানুষের জীবনের যে কষ্ট, তা ছবিতে তুলে ধরা হবে।’ ফেরদৌস আরও বলেন, ‘এর আগে একই পরিচালকের গঙ্গাযাত্রা ছবিতে অভিনয় করে অনেক প্রশংসা পেয়েছি। আশা করছি, এবারও একটি ভালো কাজ করতে পারব।’ ডায়মন্ড জানান, এ ছবিতে আরও অভিনয় করবেন তাঁর মেয়ে রায়না ও শহিদুল আলম সাচ্চু।