ফেরদৌস ওয়াহিদ আইসিইউতে

ফেরদৌস ওয়াহিদছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। আজ শুক্রবার দুপুরে প্রথম আলোকে এমনটাই জানালেন সংগীতশিল্পীর আত্মীয় শিমুল।

ফেরদৌস ওয়াহিদের হাসপাতালে ভর্তি হওয়ার খবর ফেসবুকে প্রকাশ করেন তাঁর দীর্ঘদিনের বন্ধু ও সংগীতশিল্পী ফকির আলমগীর। নিজের ফেসবুক ওয়ালে তিনি লিখেছেন, ‘এ দেশে পপ গানের কিংবদন্তিতুল্য শিল্পী, আমার বন্ধু, চিরসবুজ তারুণ্যের প্রতীক ফেরদৌস ওয়াহিদ অসুস্থ অবস্থায় সিএমএইচে ভর্তি আছেন। তাঁর একান্ত সহকারীর সঙ্গে আমার কথা হয়েছে। প্রথম টেস্টে করোনা নেগেটিভ এসেছে। আরেকটি টেস্টের রেজাল্ট পাওয়ার অপেক্ষায়। সতীর্থ শিল্পী, ভক্ত–অনুরাগী, শুভাকাঙ্ক্ষী এবং দেশবাসীর কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া চাইছি।’

ফেরদৌস ওয়াহিদের শারীরিক অবস্থার খোঁজ নিতে তাঁর সন্তান গায়ক ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদকে ফোন করা হলে তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। পরে ফেরদৌস ওয়াহিদের সহকারী মোশাররফ বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় স্যারকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। এরপর আমাদের জানানো হয়েছে তিনি আইসিইউতে আছেন। এর বেশি কিছু আপাতত জানানো হয়নি। সবকিছুই তাঁর ছেলে হাবিব ওয়াহিদই করছেন।

মোশাররফ প্রথম আলোকে জানান, প্রায় এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন ফেরদৌস ওয়াহিদ। সপ্তাহখানেক আগে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাঁর কোভিড–১৯ পরীক্ষা করা হয়। সেই রিপোর্ট নেগেটিভ আসে। তবে জ্বর কমছে না। তাই চিকিৎসকের পরামর্শে বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পীকে হাসপাতালে নেওয়া হয়। কোভিড–১৯ পরীক্ষার জন্য স্যারের নমুনা নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতিবেদন পেলে জানা যাবে সমস্যা কী।

চার দশকের বেশি সময় ধরে গান করছেন সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় ও পরিচালক হিসেবেও কাজ করেছেন। চলচ্চিত্রে ফেরদৌস ওয়াহিদ প্রথম প্লেব্যাক করেন দেওয়ান নজরুল পরিচালিত ‘আসামী হাজির’ সিনেমায়। তাঁর আলোচিত প্লেব্যাকগুলো হচ্ছে— ‘ওগো তুমি যে আমার কত প্রিয়’, ‘আমি এক পাহারাদার’, ‘শোন ওরে ছোট্ট খোকা’, ‘আমি ঘর বাঁধিলাম’ ইত্যাদি। সিনেমার বাইরে তাঁর গাওয়া আলোচিত গান ‘মা মুনিয়া’, ‘আগে যদি জানতাম’, ‘এমন একটা মা দে না’।