ফেরদৌস-তানিয়ার ‘তখন বসন্ত’
শুরু হয়েছে চিত্রনায়ক ফেরদৌস ও টিভি অভিনেত্রী তানিয়া আহমেদ অভিনীত ‘তখন বসন্ত’ চলচ্চিত্রের শুটিং। এফডিসি ও উত্তরার বিভিন্ন লোকেশনে ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন তাঁরা।মফস্বল থেকে ঢাকায় চাকরির সন্ধানে আসা এক মেয়ের জীবনের টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি। এর অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তানিয়া আহমেদ।ফেরদৌস বলেন, ‘একটি ভিন্নধর্মী গল্পের ছবি এটি। এখানে আমার চরিত্র খুবই মজার। আশা করি, দর্শকদের ভালো লাগবে।’তানিয়া বলেন, ‘পারিবারিক সমস্যার কারণে প্রায় আড়াই বছর ধরে আমি মিডিয়ার কাজ থেকে দূরে ছিলাম। চলচ্চিত্রে কাজ করার ব্যাপারটি হঠাত্ করেই। গল্পটি শোনার পর ভালো লেগেছে, তাই কাজটি করতে রাজি হয়েছি। শুটিংয়ের অভিজ্ঞতাও বেশ মজার।’পরিচালক বলেন, ‘আমার দীর্ঘদিনের পরিশ্রমের ফসল এই চলচ্চিত্র। আশা করছি, গতানুগতিক ধারার বাইরে কিছু একটা সৃষ্টি করতে পারব। আশা করছি, একটি ভালো ছবি উপহার দিতে পারব।’উল্লেখ্য, এ ছবির মাধ্যমে চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয় করছেন তানিয়া আহমেদ।ছবিতে গান থাকবে ছয়টি। এর মধ্যে চারটি একক ও দুটি দ্বৈত। এরই মধ্যে পার্থ মজুমদারের নিজস্ব স্টুডিও গ্যারেজে তিনটি গানের রেকর্ডিং শেষ হয়েছে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী, এস আই টুটুল ও মাহমুদুজ্জামান বাবু। এ ছাড়া অন্য গানগুলোতে কণ্ঠ দেবেন সামিনা চৌধুরী, বাপ্পা মজুমদার ও পারভেজ।তখন বসন্ত ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন অনুরূপ আইচ। পরিচালনা করছেন বিপ্লব হায়দার।