ফেরদৌসকে ঢাবির সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষকদের সঙ্গে ফেরদৌস
সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষকদের সঙ্গে ফেরদৌস

নিজের বিশ্ববিদ্যালয় থেকে এবার গুণীজন সংবর্ধনা পেলেন অভিনয়শিল্পী ফেরদৌস। পয়লা বৈশাখে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে উত্তরীয় পরিয়ে তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। সংবর্ধনা পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে ফেরদৌস বললেন, ‘এটা আমার জীবনের অন্যতম একটা ঘটনা। কারণ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ছিলাম। আর আ আ ম স আরেফিন সিদ্দিক আমার সরাসরি শিক্ষক। তাঁদের কাছ থেকে সংবর্ধনা নিতে গিয়ে তাই আবেগে আপ্লুত ছিলাম। একটি পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনা দেখে মুগ্ধ হয়েছি।’
গত বছর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে অনুষ্ঠানটির আয়োজন করে ব্যবসায় শিক্ষা অনুষদ। ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় গত বছর থেকে বিজয় দিবস, স্বাধীনতা দিসব ও পয়লা বৈশাখে গুণীজন সংবর্ধনার এ আয়োজন শুরু করেছে। যেখানে ব্যবসায় শিক্ষা অনুষদ আয়োজকের দায়িত্বে থাকে। পয়লা বৈশাখে মূলত সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়। এ বছর পেলেন অভিনেতা ফেরদৌস। এর আগে এ সংবর্ধনা পেয়েছেন অভিনেতা এ টি এম শামসুজ্জামান, হানিফ সংকেত ও জাহিদ হাসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শহীদ আকতার হোসেন, কোষাধ্যক্ষ মো. কামাল উদ্দিনসহ আরও অনেকে।