আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের ছাত্রী। সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-ছাত্র নাট্যগোষ্ঠী ছিল। তখন আমার ভাই মুনীর চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ছিলেন। তাঁর উৎসাহেই সেই নাট্যগোষ্ঠীর হয়ে ১৯৬৩ সালে দণ্ড ও দণ্ডধর নাটকে অভিনয় করি। মুনীর চৌধুরীর লেখা এ নাটকটি নির্দেশনা দিয়েছিলেন বাংলা বিভাগের শিক্ষক রফিকুল ইসলাম। এটি পাবলিক লাইব্রেরি হলে মঞ্চস্থ হয়েছিল। আমি রফিক স্যারের বিপরীতে অভিনয় করি। নাটকটিতে মুনীর চৌধুরীও অভিনয় করেছিলেন। চোরের চরিত্র ছিল। পরে একই নাট্যগোষ্ঠী থেকে শওকত ওসমানের লেখা মুনীর চৌধুরীর নির্দেশনায় অভিনয় করেছিলাম ডাক্তার আবদুল্লাহর কারখানা নাটকে। এটি হয়েছিল ইকবাল হলে। সেই সময় আমার অভিনয়ের প্রতি একটু বেশি ঝোঁক ছিল। পরে ১৯৭২ সালের দিকে আবদুল্লাহ আল-মামুন, রামেন্দু মজুমদার, তবিবুল ইসলাম বাবুসহ অনেকে মিলে নাটকের দল থিয়েটার করেন। আমিও সঙ্গে ছিলাম। দল থেকে ১৯৭৪ সালে আবদুল্লাহ আল-মামুনের লেখা ও নির্দেশনায় সুবচন নির্বাসনে নাটকটি প্রথম মঞ্চে আসে। সেই নাটকটিতে অভিনয়ের মধ্য দিয়েই থিয়েটারে প্রথম অভিনয় করি।