ফেরদৌসী মজুমদার ৫ প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোকিলারা। ঢাকার মঞ্চে আলোচিত একক নাটক। আবদুল্লাহ আল মামুনের রচনা ও নির্দেশনায় নাটকটির এ পর্যন্ত প্রায় ৭৮টি প্রদর্শনী শেষ হয়েছে। এ সময়ে এসে নাটকটি আবার নতুন করে মঞ্চে আনা হচ্ছে। নব্য নাট্যায়ন সুদীপ চক্রবর্তী। আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন নাটকটির একক অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। জনপ্রিয় এ নাটক মঞ্চে অনিয়মিত হয়ে যাওয়ার কারণ কী?অনিয়মিত বলা যাবে না। আশির দশকে নাটকটি মঞ্চে আসে। ওই সময় থেকেই দর্শকেরা নাটকটি মঞ্চে দেখছে। প্রায় সোয়া দুই ঘণ্টার নাটকটি তিনটি পর্বে মঞ্চে আসে। পুরো সময়টাই আমাকে মঞ্চে থাকতে হয়। ফলে মঞ্চে কাজটি করতে শারীরিকভাবে শ্রম দিতে হয়। কিন্তু মাঝখানে ২০০৬ সালের আগে আমি একটু অসুস্থ হয়ে যাই। ফলে কাজটি আর নিয়মিত করা হয়নি। কিন্তু প্রদর্শনী বন্ধ হয়নি। আমি ২০০৬ সালে ফান্ড গঠনের জন্য সিঙ্গাপুরে হুইল চেয়ারে বসে মঞ্চে নাটকটির একটা অংশ করেছি। তবে টানা প্রদর্শনী সম্ভব হয়নি। এ সময়ে নাটকটির দর্শক আগ্রহ কেমন??যেদিন মহিলা সমিতি ভেঙে ফেলা হলো, সেদিনও নাটকটির একটা ছোট অংশ অভিনয় করেছি। এর মধ্যে শিল্পকলার জাতীয় নাট্যশালায় একক নাটকের উৎসবে পুরো নাটকটিই মঞ্চায়ন হয়েছে। এসব প্রদর্শনীতে নাটকটির প্রতি নতুন প্রজন্মের নাট্যকর্মী, দর্শকের অনেক আগ্রহ দেখেছি। যারা এর আগে নাটকটি দেখার সুযোগ পায়নি, তাদের আগ্রহ অনেক বেশি। নাটকটি নিয়ে নতুন করে কাজ করার কারণ কী?মঞ্চে নাটকটির স্থায়িত্বকাল প্রায় সোয়া দুই ঘণ্টা। নাটকটি যে আঙ্গিকে মঞ্চে আছে ওই আঙ্গিকে এত সময় নিয়ে এখন আর কাজ করতে পারব না। আমার শারীরিক সমস্যার কারণে তা সম্ভব নয়। তাই নাটকের সেটটা একটু অন্য রকম করেই করা হচ্ছে। যাতে করে আমার শারীরিক সামর্থ্য অনুযায়ী মঞ্চে খুব সহজেই কাজটি করতে পারি। তবে আবদুল্লাহ আল মামুন যেভাবে মঞ্চে করেছেন, তা থেকে খুব একটা পরিবর্তন হবে না। কাজটি সুদীপ চক্রবর্তী কতটুকু পারবেন বলে মনে করেন?সুদীপের ওপর নির্ভর করা যায়। ওর কাজ ভালো। ওর নির্দেশিত লাল জমিন দেখেছি। আমাদের পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটিও সে নতুন করে মঞ্চে এনে দর্শকের প্রশংসা পেয়েছে। আমার কাছে মনে হয়েছে ওর মধ্যে একটা উদ্ভাবনী শক্তি আছে। ওর মঞ্চ পরিকল্পনা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। কাজে নতুনত্ব আছে। আর আমি তো বরাবরই তরুণদের কাজ ভালোবাসি, শ্রদ্ধা করি। আপনি নতুন করে মঞ্চায়িত ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকে বৃদ্ধার চরিত্রটি করছেন। কেমন লাগছে?গ্রামের বৃদ্ধার এই চরিত্রটি করতে আমার বেশ ভালো লাগছে। চরিত্রটি একসময় তামান্না করত। আমি করতাম মাতবরের মেয়ে চরিত্রটি। এখন এ চরিত্র করছে আমার মেয়ে ত্রপা। ত্রপা অনেক ভালো করছে। তবে বৃদ্ধা চরিত্রটি করার সময় মঞ্চে আনমনে আমার মাথায় মাতবরের মেয়ে চরিত্রটির সংলাপ ঘুরপাক খায়। হয়তো আরও কিছু প্রদর্শনী হয়ে গেলে এ সমস্যা থাকবে না।